মুহাম্মাদ মুস্তফা জামান
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১১:৪৮ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ইসলামে বৃক্ষরোপণ অত্যন্ত সওয়াবপূর্ণ ও বরকতময় একটি কাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গাছ রোপণ করেছেন, সাহাবায়ে কেরাম (রা.)-কে গাছ লাগাতে ও বাগান করতে উৎসাহিত করেছেন এবং ব্যক্তিগত ও সামাজিক বনায়নের প্রতি উদ্বুদ্ধ করেছেন। হাদিসে ফলদ বৃক্ষরোপণের বিশেষ উৎসাহ প্রদান করা হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করবে, আল্লাহ তায়ালা সেই বৃক্ষের ফলের সমপরিমাণ তাকে প্রতিদান দান করবেন।’ (মুসনাদে আহমাদ)
শুধু একটি দুনিয়াবি কাজ নয়; বরং এটি পরিবেশবান্ধব এক মহান ইবাদত এবং সদকায়ে জারিয়ার অন্যতম মাধ্যম। কুরআন ও হাদিসের আলোকে পরিবেশের ভারসাম্য রক্ষা, মানবকল্যাণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিবেশ রক্ষা ও মানবিক দায়িত্ব
আল্লাহ তায়ালা পৃথিবীতে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য গাছপালা সৃষ্টি করেছেন। ইসলামে উপযোগী স্থানে বৃক্ষরোপণকে উৎসাহিত করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তিনি তোমাদের জন্য বৃষ্টি দ্বারা শস্য, জয়তুন, খেজুরগাছ, আঙুর এবং সব ধরনের ফলফলাদি উৎপন্ন করেন।’Ñ (সূরা আন-নাহল : ১১)
এমনকি যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুপক্ষের বৃক্ষনিধন ও ফসল ধ্বংস করতে নিষেধ করেছেন। এটি ইসলামের পরিবেশবান্ধব নীতির এক অনন্য দৃষ্টান্ত।
অনন্য হাদিসের নির্দেশ
বৃক্ষরোপণের গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘যদি কিয়ামত সংঘটিত হওয়ার উপক্রম হয় এবং তোমাদের কারও হাতে একটি খেজুরগাছের চারা থাকে, তবে সে যদি তা রোপণ করতে সক্ষম হয়, তাহলে যেন তা রোপণ করে।’Ñ (মুসনাদে আহমাদ)
এই হাদিসের শিক্ষা হলোÑ যেকোনো পরিস্থিতিতেই সাধ্যমতো কল্যাণকর কাজ করে যেতে হবে; ফলাফলের চিন্তা করে সৎকর্ম থেকে বিরত থাকা উচিত নয়।
বৃক্ষরোপণের ফজিলত ও অশেষ সওয়াব
ইসলামে বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়াহ হিসেবে গণ্য করা হয়েছে। রোপণকারীর মৃত্যুর পরও যত দিন সেই গাছ মানুষ ও অন্যান্য প্রাণীর উপকারে আসে, তত দিন তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকে।
জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মুসলিম যদি একটি বৃক্ষ রোপণ করে, অতঃপর তা থেকে যা কিছু খাওয়া হয়, তা তার জন্য সদকা। যা চুরি হয়, তাও তার জন্য সদকা। কোনো পশু তা থেকে খেলে, তাও সদকা। কোনো পাখি খেলে, তাও সদকা। এমনকি কেউ যদি তা থেকে কিছু নিয়ে যায়, সেটিও তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।’Ñ (সহিহ মুসলিম)
গাছের ছায়ায় পথচারী বিশ্রাম নেয়, পশুপাখি আশ্রয় ও খাদ্য পায়, পরিবেশ বিশুদ্ধ হয় এবং মানুষ অক্সিজেন লাভ করে। এসব উপকারের প্রতিদান আল্লাহ তায়ালা বৃক্ষরোপণকারীর আমলনামায় অব্যাহতভাবে লিখে দেন।
এ ছাড়া কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘সাত আসমান, পৃথিবী এবং এতে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করে। এমন কোনো বস্তু নেই, যা তাঁর সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করে না; কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পার না। নিশ্চয়ই তিনি পরম সহনশীল, পরম ক্ষমাশীল।’Ñ (সূরা আল-ইসরা/বনি ইসরাঈল : ৪৪)
গাছপালাও আল্লাহ তায়ালার তাসবিহ পাঠ করে। তাই আল্লাহর সৃষ্টি হিসেবে এগুলোর যত্ন নেওয়া ও সংরক্ষণ করা একজন মুমিনের দায়িত্ব। অন্যদিকে ইব্রাহিম (আ.) নিরাপদ সমাজ ও খাদ্যনিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ‘হে আমার রব! এই নগরীকে নিরাপদ করুন এবং এর অধিবাসীদের ফলমূল দ্বারা রিজিক দান করুন।’Ñ (সূরা আল-বাকারা : ১২৬)
এই দোয়া আমাদের শিক্ষা দেয় যে, একটি সমৃদ্ধ ও সুস্থ সমাজ গঠনে ফলদ বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তাই প্রতিটি পরিবারকে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, রাস্তার পাশ এবং খালি জায়গায় ফলদ ও বনজ বৃক্ষ রোপণে এগিয়ে আসা উচিত। এর মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদে পুষ্টিকর ফল, নির্মল পরিবেশ, প্রয়োজনীয় অক্সিজেন, কাঠ, জ্বালানি এবং আর্থিক নিরাপত্তা লাভ করতে পারি।
পরিশেষে বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণের কাজ নয়; এটি মানবকল্যাণ, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের জন্য স্থায়ী সওয়াবের এক মহৎ আমল।
আসুন, আমরা সবাই বেশি বেশি বৃক্ষরোপণ করি, পরিবেশ রক্ষা করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করার এবং এ মহৎ কাজে অংশগ্রহণ করার তওফিক দান করুন।
লেখক: মুহাম্মাদ মুস্তফা জামান (ইমাম ও খতিব, বনানী মসজিদ)