× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আশার আলো

সম্পাদকীয়

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১১:২৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার চেন্নাহ-এ এক অনুষ্ঠানে এই তথ্যটি প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সংবাদ মাধ্যম ‘দ্য স্টার’ এ খবর প্রকাশ করেছে। এই বিপুলসংখ্যক রোহিঙ্গার ফেরত নেওয়ার সংবাদটি নতুন করে আশার আলো জাগিয়েছে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে সংবাদটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।

উল্লেখ্য, জাতিগত নিধন ও দমন-পীড়নের শিকার হয়ে নানা সময়ে মিয়ানমার থেকে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দেওয়া হলেও এই জনগোষ্ঠী বাংলাদেশের পরিবেশ, প্রতিবেশ, অর্থনীতিসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের দীর্ঘস্থায়ী উপস্থিতি একটি জটিল ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রসঙ্গত, রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী। তারা দীর্ঘদিন ধরে বৈষম্য, নির্যাতন এবং রাষ্ট্রহীনতার শিকার। যে কারণে নিরাপত্তা ও আশ্রয়ের সন্ধানে জীবনঝুঁকি নিয়ে বাংলাদেশ ছাড়াও সমুদ্রপথে বিভিন্ন দেশে পাড়ি জমায়। ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যাপক দমন-পীড়নের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। মানবিক দৃষ্টিকোণ থেকে তখন বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দেয়। বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। 

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ নানামুখী পদক্ষেপ নিয়ে আসছে। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করে। এ ছাড়া নানা সময়ে চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনার পাশাপাশি জাতিসংঘ, আসিয়ান, ওআইসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনাসহ আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি জোরালোভাবে তুলে ধরে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ একাধিকবার রোহিঙ্গাদের তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে এবং প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করে। মিয়ানমার এসবের কোনোটারই গুরুত্ব দেয়নি বরং প্রতিশ্রুতি ভঙ্গ করে আসছে। 

সেই থেকে এই বিপুলসংখ্যক রোহিঙ্গার ভার বহন করে আসছে বাংলাদেশ। এদিকে কক্সবাজার ও ভাসানচরের আশ্রয়শিবিরগুলোতে দীর্ঘদিন ধরে বসবাসের ফলে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত নানা চাপ সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণের জীবিকা, বনভূমি, আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতির ওপরও এর প্রভাব পড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা ক্রমেই কমে আসছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এ অবস্থায় মিয়ানমারের প্রত্যাবাসনের আগ্রহের খবর নিঃসন্দেহে আশাব্যঞ্জক।

তবে অতীত অভিজ্ঞতা আমাদের সতর্ক থাকতে শেখায়। ২০১৮ ও ২০১৯ সালে প্রত্যাবাসনের একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। কারণ রোহিঙ্গাদের প্রধান উদ্বেগ ছিল তাদের নিরাপত্তা, নাগরিকত্বের স্বীকৃতি এবং মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া। বাস্তবতা হলো, রাখাইন রাজ্যে এখনও স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি হয়নি। তাই কেবল সংখ্যা ঘোষণা করলেই প্রত্যাবাসন সফল হবেÑ এমনটি ভাবার সুযোগ নেই।

আমরা মনে করি, প্রত্যাবাসন অবশ্যই হতে হবে স্বেচ্ছাসেবী, নিরাপদ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় তদারকি, প্রত্যাবাসিতদের নিরাপত্তার নিশ্চয়তা, বসতভিটা ও সম্পত্তির অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিকত্বের প্রশ্নে সুস্পষ্ট অঙ্গীকার ছাড়া এই প্রক্রিয়া টেকসই হবে না। অন্যথায় প্রত্যাবাসিত রোহিঙ্গারা আবারও নির্যাতন ও বাস্তুচ্যুতির ঝুঁকিতে পড়তে পারে, যা সংকটকে আরও গভীর করবে। এ ক্ষেত্রে আঞ্চলিক কূটনীতির গুরুত্ব অনস্বীকার্য। সেই দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়ার মতো প্রভাবশালী মুসলিমপ্রধান রাষ্ট্রের সক্রিয় ভূমিকা ইতিবাচক বার্তা বহন করে। একই সঙ্গে আসিয়ান, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি, যাতে মিয়ানমার তার প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে বাধ্য হয়। 

এ কথা সত্য, বাংলাদেশ বহু বছর ধরে রোহিঙ্গাদের আশ্রয়-সেবা দিয়ে মানবিক দায়িত্ব পালন করে আসছে। কিন্তু এই দায়িত্ব অনির্দিষ্টকাল বহন করা কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের ওপর চাপ কমাতে কার্যকর সহযোগিতা বৃদ্ধি করা এবং প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাস্তবসম্মত ও টেকসই করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। এবার মিয়ানমারের তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার সম্ভাব্য সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ইতিবাচক সূচনা। তবে এই সিদ্ধান্তের কার্যকারিতা নির্ভর করবে এর বাস্তবায়নের ওপর। আমরা মনে করি, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তখনই সম্ভব হবে, যখন প্রত্যেক রোহিঙ্গা নিরাপত্তা, নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার সুযোগ পাবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা