× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানির জ্বলুনি

সম্পাদকীয়

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১২:৩৩ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১২:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তীব্র গ্যাস সংকটে গৃহিণীদের রন্ধনকার্য, শিল্পকারখানার উৎপাদন এবং যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গত দুসপ্তাহ ধরে। কক্সবাজারের মহেষখালীস্থ একটি এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় এই পরিস্থিতির উদ্ভব। ফলে রাজধানীসহ সারা দেশে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। গ্যাস নামের এই প্রাকৃতিক জ্বালানিটি বর্তমানে জীবনযাপনের অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে।

গ্যাসের পর্যাপ্ত সরবরাহ ছাড়া নিরবচ্ছিন্ন দৈনন্দিন জীবন এখন কল্পনাই করা যায় না। মাটির চুলায় কাঠ দিয়ে রান্নার যুগ শেষ হয়েছে অনেক আগে। এরপর কয়লার চুলা ও কেরসিনের স্টোভের ওপর নির্ভরশীল ছিল মানুষ। সত্তর দশক থেকে শুরু হয় প্রাকৃতিক গ্যাস ব্যবহারে রান্নার কাজ। শুরুতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি নামের সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানটি রাজধানীর গৃহবাসীদের গ্যাস সরবরাহ শুরু করে। পরবর্তী সময়ে জালালাবাদ গ্যাস কোম্পানিও যুক্ত হয় এ সেক্টরে। ধীরে ধীরে গ্যাসের সরবরাহ রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রামসহ বড় বড় শহরে ছড়িয়ে দেওয়া হয়। পাইপলাইনে সরবরাহকৃত গ্যাস এখন শুধু ঘরকন্নার কাজেই ব্যবহৃত হয় না, দেশের শিল্পোৎপাদন ও পরিবহন সেক্টরে অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে। যার ফলে গ্যাস এখন আমাদের প্রাত্যহিক জীবনে অপরিহার্য উপাদান হিসেবে স্বীকৃত। সময়ে সময়ে সৃষ্ট গ্যাস সংকটে জনজীবন ও দেশের শিল্প-বাণিজ্য বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়। 

গতকাল প্রতিদিনের বাংলাদেশ ‘জ্বালানি জালাবে আরও’ শীর্ষক বিশেষ প্রতিবেদনে সাম্প্রতিক গ্যাস সংকটের তীব্রতা ও এর অবশ্যম্ভাবী বিরূপ প্রতিক্রিয়ার কথা তুলে ধরা হয়েছে। এতে তীব্র গ্যাস সংকটে বাসাবাড়িতে রান্নাবান্না বন্ধ হওয়া থেকে

শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। গ্যাস সংকটের কারণে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, মিরপুর, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বাসাবো, মগবাজারসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে চুলা জ্বলছে না। বাসিন্দারা রেস্তোরাঁ থেকে খাবার কিনে এনে খেতে বাধ্য হচ্ছে। অন্যদিকে গ্যাসের অপর্যাপ্ত সরবরাহে ব্যাহত হচ্ছে শিল্পোৎপাদন। বিশেষ করে, রপ্তানিমুখী শিল্পে এর প্রতিক্রিয়া হচ্ছে মারাত্মক। গ্যাসের অভাবে উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য শিপমেন্ট অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকলে রপ্তানি খাত ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে বলে সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তারা প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন। 

আধুনিক জীবনযাত্রার দুটি প্রধান উপাদান বিদ্যুৎ ও গ্যাস। একটি আবার আরেকটির সঙ্গে সম্পৃক্ত। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস অন্যতম উপাদান। বর্তমান গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। ফলে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় পরিবহন সেক্টরেও নেতিবাচক প্রভাব পড়ছে। আমাদের দেশে গ্যাস ও বিদ্যুৎ খাতে সমস্যা-সংকট নতুন কোনো ঘটনা নয়। ইতঃপূর্বেও এ দুই সেক্টরে নানাবিধ সংকটের উদ্ভব হয়েছে। সময়ের ব্যবধানে তার সমাধানও হয়েছে। তবে এবারের সংকট এতটাই তীব্র যে, স্বয়ং প্রধানমন্ত্রীকে তা সামাল দিতে বন্ধুরাষ্ট্রের সহযোগিতা চাইতে হয়েছে। খবরে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে এলএনজি সরবরাহের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমের কাছে চিঠি দিয়েছেন এবং ফোনে কথা বলেছেন। নিশ্চয়তা না দিলেও মালয় প্রধানমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

এদিকে বর্তমান গ্যাস সংকট উত্তরণে সরকার নিচ্ছে নানামুখী উদ্যোগ। এলএনজি আমদানি বৃদ্ধি, দরপত্র প্রক্রিয়ার সময় কমানো এবং নতুন ভাসমান টার্মিনাল নির্মাণ রয়েছে এ তালিকায়। আমদানি-সংক্রান্ত পদক্ষেপ বাস্তবায়ন দ্রুত সম্পন্ন করা সম্ভব হলেও নতুন টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ ব্যাপার। সরকারের নানামুখী উদ্যোগের পরেও সংকট নিরসনে সময় আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারেÑ এমনটাই বলেছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এক্সিলরেটে এনার্জির পরিকল্পনা অনুযায়ী কাজ হলে আগামী সপ্তাহ নাগাদ বিকল হওয়া টার্মিনালটি আংশিক চালু করা সম্ভব হতে পারে। অপরদিকে তিতাস গ্যাস কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্রাহকদের স্বল্প চাপের তীব্র ভোগান্তি পোহাতে হবে। 

সরকারি নানা উদ্যোগ, প্রতিমন্ত্রীর বক্তব্য ও তিতাসের বিবৃতি থেকে এটা অনুমান করা যায়, চলমান গ্যাস সংকটের সহসা সুরাহার কোনো সম্ভাবনা নেই। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে তেল ও পণ্য পরিবহনের প্রধান দুটি নৌরুট পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের বাব-এল মান্দের প্রণালী বন্ধ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে ওই পথ অঞ্চল থেকে জ্বালনি আনা অনিশ্চিত হয়ে পড়েছে। এমতাবস্থায় মালয়েশিয়া যদি সহযোগিতার হাত না বাড়ায়, তাহলে এ সংকট তীব্র থেকে তীব্রতর হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। রাষ্ট্রীয় যেকোনো কার্যক্রম সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমন্বিত পরিকল্পনা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের দূরদৃষ্টির সঙ্গে সম্পৃক্ত। এগুলোর সমন্বয় ঘটলে সাফল্য যেমন পাওয়া যায়, তেমনি হঠাৎ উদ্ভূত সংকটও সফলভাবে মোকাবিলা করা যায়। এ কথা ঠিক যে, বিগত লীগ সরকারের সাড়ে পনেরো বছরের সীমাহীন লুটপাট ও অব্যবস্থাপনা রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে দুর্দশাগ্রস্ত করে রেখে গেছে। তবে পূর্ববর্তীদের সে দোষত্রুটির কথা বলে নিজেদের দায় এড়ানো যাবে না। বরং অতীতের অব্যবস্থাপনার দৃষ্টান্তকে সামনে রেখে, সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠাই হবে যৌক্তিক। 

কর্তৃপক্ষ জনগণকে অধিকতর ভোগান্তি পোহানোর পূর্বাভাস দিয়েই তাদের দায়িত্ব শেষ করতে পারে না। বরং সে ভোগান্তির সময়সীমাকে ছোট করে আনার কাজেই তাদের মনোযোগী হওয়া দরকার। জনগণ অবশ্যই ধৈর্য ধরবে, তবে তা অনন্ত সময়ের জন্য নয়। তাদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে না যায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি। ## 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা