প্রেক্ষাপট
শিমলা পাল
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১২:৫১ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বিভিন্ন সেতুর রেলিংয়ে ঝুলে বিপজ্জনক সেলফি নেওয়া, চলন্ত ট্রেনের ছাদে টিকটক ড্যান্স, কিংবা ঢাকার ব্যস্ত মোড়ে ক্যামেরার সামনে কোনো সাধারণ পথচারীকে আকস্মিক হেনস্থা করে সস্তা ‘প্র্যাংক ভিডিও’ বানানো দৃশ্যগুলো এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমাদের যাপিত জীবনের চেনা বাস্তবতারই অংশ। একটি লাইক বা কয়েকটি ভিউয়ের সামাজিক মূল্য ঠিক কতটুকু?
এর উত্তর খুঁজতে গিয়ে যদি আমাদের ঘরের সন্তানটি পারিবারিক শিক্ষা ভুলে রাস্তায় সস্তা কৌতুক করে, কিংবা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক স্টান্ট করে, তবে বুঝতে হবে সমাজ এক গভীর সংকটে নিমজ্জিত। প্রযুক্তির অবারিত স্বাধীনতায় বর্তমান তরুণ প্রজন্মের একটা বড় অংশ মেতে উঠেছে রিলস, শর্টস আর টিকটকের এক অদ্ভুত জাদুনগরে। তবে এই কৃত্রিম নগরের মূল চালিকাশক্তি কোনো সুস্থ সৃজনশীলতা নয়, বরং তা হলো ‘লাইক’ আর ‘ভিউ’। তাৎক্ষণিক সস্তা জনপ্রিয়তার এই অন্ধমোহ আজ তরুণ সমাজকে এমন এক অদৃশ্য দাসত্বের শৃঙ্খলে বাঁধছে, যেখানে প্রথম বলি হচ্ছে আমাদের পারিবারিক ঐতিহ্য এবং চিরকালীন নৈতিক মূল্যবোধ।
ভার্চুয়াল দুনিয়ার এই কৃত্রিম হাততালি এখন তরুণদের মগজে মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সাম্প্রতিক তথ্য-উপাত্ত ও দেশীয় সমীক্ষাগুলো বিশ্লেষণ করলে এর এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। বিভিন্ন ডিজিটাল গবেষণা ও টেলিকম খাতের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের দৈনিক গড় স্ক্রিন টাইম চার থেকে ছয় ঘণ্টা ছাড়িয়ে গেছে, যার সিংহভাগ সময়ই ব্যয় হচ্ছে সস্তা বিনোদনের অ্যালগরিদমিক স্ক্রলিংয়ে। আরও উদ্বেগের বিষয় হলো, অপরাধ বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে পাড়া-মহল্লায় গড়ে ওঠা ‘কিশোর গ্যাং’ কালচারের অন্যতম প্রধান মানসিক জ্বালানি হিসেবে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই কথিত ‘ভাইরাল’ হওয়ার প্রতিযোগিতা। এলাকায় নিজের নেতিবাচক আধিপত্য বা সস্তা হিরোইজম প্রকাশের জন্য কুরুচিপূর্ণ ভিডিও বা মারামারির ক্লিপ টিকটকে ছড়িয়ে দেওয়া এখন একশ্রেণির তরুণের কাছে নিত্যদিনের ফ্যাশনে পরিণত হয়েছে।
এই অবক্ষয়ের সবচেয়ে কুৎসিত দিক হলোÑ যা অনৈতিক, যা কুরুচিপূর্ণ এবং যা সস্তা, তা-ই ডিজিটাল বাজারে দ্রুত ছড়াচ্ছে। কোনো তরুণ যখন মাথার ঘাম পায়ে ফেলে কোনো তথ্যপূর্ণ বা রুচিশীল কনটেন্ট তৈরি করে, তখন ডিজিটাল অ্যালগরিদম অনেক সময় তাকে অবজ্ঞা করে। অথচ কোনো পারিবারিক ঝগড়া, পরনিন্দা, সস্তা কৌতুক কিংবা নীতিবিবর্জিত অঙ্গভঙ্গির ভিডিওর ভিউ ও শেয়ারের কাউন্টার ছাড়িয়ে যাচ্ছে লাখের কোটা। এই ‘ভিউ-বাণিজ্য’ আমাদের সন্তানদের অবচেতনে এই মারাত্মক ধারণার বীজ বুনে দিচ্ছে যে সমাজে সমাদৃত হতে হলে মেধা, পরিশ্রম কিংবা নৈতিকতার কোনো প্রয়োজন নেই; সস্তা উপায়ে যেকোনো মূল্যে ভাইরাল হওয়াই সফলতার একমাত্র চাবিকাঠি। এর ফলে পারস্পরিক শ্রদ্ধা, গুরুজনদের প্রতি ভক্তি এবং শুদ্ধ সংস্কৃতির মতো মৌলিক মানবিক গুণগুলো সমাজ থেকে কর্পূরের মতো উবে যাচ্ছে।
এই চোরাবালির শেষ কোথায়? এই মানসিকতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক ধরনের চরম মনস্তাত্ত্বিক শূন্যতার দিকে ঠেলে দিচ্ছে। মনোবিজ্ঞানীরা একে বলছেন ‘ডোপামিন অ্যাডিকশন’। যখন একটি ভিডিও আশানুরূপ লাইক বা কমেন্ট পায় না, তখন অনেক তরুণ তীব্র বিষণ্নতা ও হীনম্মন্যতায় ভুগছে, যা তাদের ঠেলে দিচ্ছে আত্মহননের মতো আত্মঘাতী পথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন বৈশ্বিক প্রতিবেদনও সতর্ক করে যে, অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি তরুণদের মাঝে আত্মহত্যার প্রবণতা ও মানসিক অবসাদ বহুগুণ বাড়িয়ে দেয়। বাংলাদেশেও কয়েক সেকেন্ডের একটা ভিডিওর ভিউ পাওয়ার জন্য নিজের অমূল্য জীবনকে চলন্ত ট্রেনের নিচে বা বহুতল ভবনের ছাদ থেকে সঁপে দিতে আজ সন্তানদের বুক কাঁপছে না। এটি আর কেবল বিনোদনের মাধ্যম নেই, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধ্বংসের এক সূক্ষ্ম মারণাস্ত্র হয়ে দাঁড়িয়েছে।
এই আসন্ন সামাজিক মহামারি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সমন্বিত ও বাস্তবমুখী সামাজিক জাগরণ প্রয়োজন। শুধু রাষ্ট্র বা আইনের ওপর দায় না চাপিয়ে সবার আগে পরিবারকে দায়িত্ব নিতে হবে। সন্তান ইন্টারনেটে কী দেখছে, কাকে অনুকরণ করছে এবং নিজে কী কনটেন্ট তৈরি করছে, সে বিষয়ে বাবা-মায়ের সচেতন ডিজিটাল নজরদারি এখন সময়ের দাবি। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেবল জিপিএ-৫ পাওয়ার অন্ধ ইঁদুর-দৌড় বন্ধ করে কারিকুলামে সাইবার সচেতনতা, নেট-এথিকস বা ইন্টারনেট ব্যবহারের নৈতিকতা এবং মানবিক গুণাবলির প্রাতিষ্ঠানিক পাঠ অন্তর্ভুক্ত করা জরুরি।
পাশাপাশি প্রতিটি পাড়া-মহল্লায় হারিয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করতে হবে। তরুণদের ভার্চুয়াল স্ক্রিন থেকে মাঠের ঘাস, বইয়ের পাতা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চায় ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রীয় ও সামাজিক যৌথ উদ্যোগের কোনো বিকল্প নেই। মূলধারার গণমাধ্যম এবং সমাজকে সম্মিলিতভাবে সুস্থ ও শিক্ষণীয় কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করতে হবে, যাতে তরুণরা বুঝতে পারে যে সস্তামি নয়, বরং মেধার কদরই সমাজে চিরস্থায়ী। স্মার্টফোনের চারকোণা স্ক্রিনের মোহ থেকে মুক্ত হয়ে আমাদের সন্তানরা আবার মাটির গন্ধ নিক, মানুষের পাশে দাঁড়াতে শিখুক এবং শুদ্ধ সৃজনশীলতার আলোয় আলোকিত হোক। তবেই টিকবে আমাদের সমাজ, সুরক্ষিত হবে আমাদের ভবিষ্যৎ নৈতিকতার মজবুত ভিত্তি।
লেখক: শিমলা পাল (আইন বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় )