নূরুদ্দীন দরজী
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১২:৪৩ পিএম
নূরুদ্দীন দরজী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি গ্ৰাম্য বাড়ি। ঘরে নবজাতককে নিয়ে বসে আছেন এক প্রসূতি মা। বাড়িতে তখন কেউ নেই। হঠাৎ ওই ঘরে ঢুকে পড়ে এক বাঘ। মা কিংকর্ত্যবিমূঢ়! এই বুঝি খেয়ে ফেলে তার সাত রাজার ধনকে। কোনো উপায় ছিল না, কাউকে ডেকে আনাও সম্ভব নয়। আঁতুড়ঘরের উষ্ণতার জন্য আগুনে শেঁকা দেওয়া ছিল একটি জ্বলন্ত কুড়াল। সাহস করে প্রসূতি মা সেই কুড়াল লাগিয়ে দেন বাঘের শরীরে। আর যায় কোথায়! তীব্র আর্তনাদে গোঙাতে গোঙাতে ঘর থেকে বেরিয়ে যায় শার্দূলপ্রবর।
কিছুক্ষণের মধ্যেই উঠানে পড়ে মারা যায়। ওই বাঘের মৃত্যুকে কেন্দ্র করে গ্ৰামের নাম হয়ে যায় বাঘমারা। এলাকার শ্রদ্ধেয় শিক্ষক ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামলের লেখা বই ‘না-না-ন রঙের গল্প’ থেকে জানা যায় দেড়-দুইশ বছর আগের এ ঘটনা। তখন বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই কমবেশি বাঘের বসবাস ও চলাচল ছিল। সব সময় দেখা না গেলেও মাঝেমধ্যে এমন ঘটনা ঘটত। এখন থেকে মাত্র একশ বছর আগেও আমাদের দেশের সব এলাকায় প্রচুর বাঘ ছিল। রাতে বাঘের গর্জন শুনে ভয়ে অনেকের ঘুম উধাও হয়ে যেত।
বাংলাদেশ ধানের দেশ, গানের দেশ, নদীর দেশ, মাছের দেশ, আবার বাঘেরও দেশ। পৃথিবীতে এখন মাত্র ১৪-১৫টি দেশে বাঘ দেখা যায়, যার একটি বাংলাদেশ। অন্য দেশগুলো হচ্ছেÑ রাশিয়া, চীন, ভুটান, ভারত, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কম্বোডিয়া। বাঘেরা এখন আর আগের মতো অবাধে বিচরণ করতে পারে না। প্রত্যেক দেশেই একটি নির্দিষ্ট এলাকায় এখন এদের বসবাস। বাংলাদেশে বাঘ থাকে সুন্দরবনে। এ বাঘের নাম ‘রয়েল বেঙ্গল টাইগার’। এমন সুন্দর ও রোমাঞ্চকর নাম পৃথিবীর আর কোনো বাঘের নেই। এসব বাঘের দৈহিক গড়ন ও হেলেদুলে চলনে আভিজাত্যের ছাপ স্পষ্ট। অনেকটা রাজকীয় ভাব। অর্থাৎ সুন্দরবনের বাঘের রাজকীয় গড়ন, অমিত শক্তি ও দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এরা ‘রয়েল বেঙ্গল টাইগার’ উপাধি পেয়েছে। যখন ব্রিটিশদের শোষণ-শাসনে নিষ্পেষিত ছিলাম আমরা, তখনও এ বাঘের হালচাল ছিল অন্য রকম, রাজকীয়। ব্রিটিশরা তা বুঝতে পেরেই হয়তো নাম দিয়েছিল রয়েল বেঙ্গল টাইগার। ১৮৭৫ সালের কথা। একবার রাজপুত্র ওয়েলস ভারত ভ্রমণে এসে সুন্দরবনে বাঘ শিকারে যান। বাঘ দেখে তার দারুণ পছন্দ হয়। খুশি হয়ে নাম দেন ‘রয়েল বেঙ্গল টাইগার’। আবার গভর্নর জেনারেল লর্ড রিচার্ড ওয়েলেসলি ভারতবর্ষে খুব হিংস্র আচরণ করতে করতে গর্বিত হয়ে নিজেই নিজের নাম দিয়েছিলেন ‘বেঙ্গল টাইগার’। যদিও ওয়েলেসলি খুব বেশিদিন ভারতে থাকতে পারেননি।
রয়েল বেঙ্গল টাইগার দৈর্ঘ্যে গড়ে ১০ ফুট, বুক-পিঠের পরিমাপ ৩ ফুট এবং উচ্চতা সাড়ে তিন ফুট হয়ে থাকে। এরা এক লাফে প্রায় ৩০ ফুট অতিক্রম করতে পারে, প্রতি ঘণ্টায় দৌড়াতে পারে ৬৫ কিলোমিটার। লাফ দিয়ে ১৬ ফুট উঁচুতে উঠতে পারে। প্রতিটি কামড়ের শক্তি প্রায় ১ হাজার ৫০ পিএসআই। এরা অনেক বড় মহিষ ও গণ্ডারের মতো প্রাণী চিবিয়ে গুঁড়ো করে ফেলতে পারে। গড় ওজন ২৭০ কেজি। এদের ওজনের চেয়ে কিছু বেশি বা ৩০০ কেজি হয়ে থাকে সাইবেরিয়ান বাঘ। কিন্তু ওজন বেশি হলেও সাইবেরিয়া শীতপ্রধান দেশ হওয়ায় ওখানকার বাঘের শরীর প্রচুর লোমে ঢাকা থাকে।
সাইবেরিয়ান বাঘকে এক নম্বর ধরা হলেও সার্বিক বিবেচনায় রয়েল বেঙ্গলের সমকক্ষই ওরা। সুন্দরবন অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গেও আছে। কিন্তু পরিমাণে কম। বাংলাদেশে সুন্দরবনের আয়তন প্রায় সাড়ে ছয় হাজার বর্গকিলোমিটার, যেখানে ভারতের মাত্র সোয়া চার হাজার বর্গকিলোমিটার। অর্থাৎ বাংলাদেশে ৬৬ শতাংশ, আর ভারতে ৩৪ শতাংশ। হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা দুই দেশের সুন্দরবন অঞ্চল বিভক্ত রয়েছে। আগে সারা বাংলায় বিচরণকারী বাঘেরা এখন থাকে শুধু সুন্দরবনে। ৪০-৫০ বছর আগে গাজীপুর, সিলেট, চট্টগ্ৰাম, রংপুর, যশোর, বরিশাল অঞ্চলে থাকলেও এখন আর নেই। বর্তমানে সুন্দরবনের সন্নিকটে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বাঘ আছে বলা যায়।
পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন, যাদের সাহসিকতা, শক্তিমত্তা, শৌর্য-বীর্যের কারণে বাঘের সঙ্গে তুলনা করা হয়। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ এ কে ফজলুল হক দেশ ও জাতির পক্ষে তার সাহসী অবস্থানের কারণে উপাধি পেয়েছেন ‘শের-ই-বাংলা’, অর্থাৎ বাংলার বাঘ। এদেশের মানুষের মুক্তি ও অধিকার আদায়ের জন্য ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তিনি বাঘের মতোই লড়েছেন। ভারতে আছেন ‘শের-ই মহীশূর’ টিপু সুলতান, টাইগার মুনসুর আলী পতৌদী। অধুনা বাংলাদেশের ক্রিকেটাররাও টাইগার হিসেবে অভিহিত হয়ে থাকে।
আমাদের দেশের অনেক বস্তু, স্থান, গ্ৰাম এমনকি মানুষের নামও বাঘ বা বাঘের প্রতীক হয়ে আছে। মুন্সীগঞ্জে একজন সাহসী শিক্ষকের নাম শহীদুল্লাহ বাঘ। একই জেলার শ্রীনগর উপজেলায় একটি ইউনিয়নের নামে ‘বাঘড়া’। তা ছাড়া দেশজুড়ে রয়েছে বাঘা ও বাঘাইছড়ি, বাঘাবাড়ি, বাঘাডাঙ্গা, বাঘমোড়, বাঘপাড়া, বাঘডোবা ইত্যাদি। প্রবাদ-প্রবচনের বিষয়বস্তু হিসেবেও ব্যবহৃত হয় বাঘ। সাহসী-বলশালীদের বলা হয় ‘বাঘের বাচ্চা’, আবার ‘বাঘে ছুঁলে আঠারো ঘা’, ‘বাঘে মোষে এক ঘাটে পানি খাওয়া’, ‘যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়’ ইত্যাদি বহুল প্রচলিত প্রবাদ।
বাংলাদেশের ইকোসিস্টেমে অর্থাৎ জীববৈচিত্র্যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘের মতো প্রাণীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাঘেরা বনকে রক্ষা করে। বাঘের ভয়ে শিকারি ও কাঠচোররা বনের গভীরে গিয়ে নির্বিচারে কাঠ চুরি করতে পারে না। প্রকৃতির এ অবদানকে অস্বীকার করে কিংবা পরিত্যাগ করে মানুষ বাঁচতে পারবে না। পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন ফরেস্ট বিলুপ্ত হয়ে গেলে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলবে। অথচ এমন একান্ত দরকারী বন্যপ্রাণী ও বনাঞ্চল মানুষ কারণে অকারণে ধ্বংস করে চলেছে।
প্রতিটি সৃষ্টিই নিজস্ব নিয়মে চলে। এদের প্রতি বিরূপ আচরণ করলে প্রকৃতি প্রতিশোধ নেয়। এ জন্য শ্রেষ্ঠ প্রাণী মানুষই দায়ী। কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বন উজাড় হচ্ছে, পশুপাখি শিকার করার খবর অহরহ পত্রপত্রিকায় আসছে। ইতোমধ্যে দেশ থেকে হারিয়ে গেছে গণ্ডারসহ অনেক প্রাণী। চোরা শিকারিরা বিভিন্ন কৌশলে শিকার করে। তারা অত্যন্ত নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করে। লোহার ফাঁদ পেতে, ফাঁস তৈরি করে, বিষটোপ দিয়ে, বিদ্যুতের জাল ব্যবহার করে, বিষাক্ত তীর ছুড়ে, প্রাণীদের খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে ও গুলি করে তারা পশু শিকার করে থাকে। অত্যন্ত দুঃখজনক যে, গত জানুয়ারিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে চোরা শিকারির ফাঁদে এক বাঘিনী আটকা পড়ে। বন বিভাগ কৌশলে সেই আহত বাঘিনীকে উদ্ধার করে দীর্ঘ ছয় মাস চিকিৎসা দিয়ে সুস্থ করে আবার বনে ছেড়ে দিয়েছে। সম্প্রতি সার্কাসে ব্যবহার করা এক হাতি অবহেলার শিকার হয়ে মারাত্মক অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। প্রধানমন্ত্রীর নির্দেশে ‘বাদশা বাহাদুর’ নামে হাতিটি ঢাকার চিড়িয়াখানায় এনে চিকিৎসা দেওয়া হয়েছে। এমন বহুবিধ ঘটনা ঘটছে দেশের এখানে-সেখানে প্রতিনিয়ত।
‘প্যান্টোনিক্স টাইগার রান’-এর মতো আয়োজনের মাধ্যমে মানুষকে এ বিষয়ে সচেতন করে তুলতে প্রশংসনীয় ভূমিকা রাখছে মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে। ‘বাঘ বাঁচান, সুন্দরবন বাঁচান’ স্লোগান নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই যৌথভাবে বাঘ ও সুন্দরবন বাঁচাতে এ মহৎ কাজটি করে আসছে। ‘রয়েল বেঙ্গল টাইগার’-এর দেশের মানুষ হয়ে, তাদের নিয়ে গর্ব করে যদি আমরা বাঘ ও সুন্দরবনকে রক্ষা করতে না পারিÑ এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। দেশের মানুষকে, বিশেষ করে যারা এগুলোর সঙ্গে জড়িত, তাদের বুঝতে হবে পশুপাখিরা আল্লাহর অপার সৃষ্টি, প্রকৃতির অংশ। মহান সৃষ্টিকর্তা তাঁর পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রাণী সৃষ্টি করেছেন। এদের ক্ষতি মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। এরা না থাকলে মানুষ বাঁচতে পারবে না। সব বন্যপ্রাণীর সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। আজ ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবসে তাই আমাদের প্রত্যয় হওয়া উচিত বাঘকে রক্ষার।
লেখক :নূরুদ্দীন দরজী (কলামিস্ট ও সাবেক শিক্ষা অফিসার)