× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণ মওকুফ: একটি কৃষিবান্ধব সিদ্ধান্ত

মো. মোয়াজ্জেম হোসেন বাদল

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১২:৩৮ পিএম

মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতির প্রাণ কৃষি খাত। যুগ যুগ ধরে নানা সংকট, প্রাকৃতিক দুর্যোগ, বাজার অস্থিরতা কিংবা বৈশ্বিক অর্থনৈতিক চাপÑ সবকিছুতেই দেশের কৃষক তার শ্রম, ঘাম ও মেধা দিয়ে খাদ্য নিরাপত্তার ভিতকে শক্ত রেখেছেন। আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার যে দীর্ঘ পথচলা, তার প্রতিটি অধ্যায়ে কৃষকের অবদান অনস্বীকার্য। আজ যখন বিশ্বজুড়ে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সংকট খাদ্যনিরাপত্তাকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাচ্ছে, তখনও কৃষকের শক্তি ও প্রচেষ্টা এই সংকটকে মোকাবিলা করছে।

কৃষক শুধু উৎপাদকই নন; তারা এদেশের অস্তিত্বের অন্যতম ভিত্তি। পরিতাপের বিষয়, সেই কৃষকই বছরের পর বছর সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে জীবন কাটায়। কখনও বন্যা, কখনও খরা, কখনও ঘূর্ণিঝড়, কখনও বাজার অস্থিরতাÑ প্রকৃতি ও অর্থনীতির দ্বিমুখী আঘাত সবচেয়ে আগে এসে পড়ে তাদের কাঁধে। তারা ঋণ নিয়ে বীজ কেনেন, সার কেনেন, সেচ দেন, শ্রমিকের মজুরি পরিশোধ করেন। কিন্তু মৌসুম শেষে যদি ফসল নষ্ট হয় কিংবা ন্যায্যমূল্য না মেলে, তখন সেই ঋণই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় বোঝা। একসময় ঋণের বোঝায় জর্জরিত হয়ে দিশাহারা হয়ে পড়েন। ফলে কৃষিঋণ পরিশোধ অনেকের পক্ষেই অসম্ভব হয়ে পড়ে। 

এমন বাস্তবতাকে সামনে রেখে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর কৃষি খাতে ১০ হাজার টাকা পর্যন্ত ‘কৃষিঋণ’ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। তারই অংশ হিসেবে গত ৫ মাসে ৭ লাখের বেশি কৃষকের কৃষিঋণ মওকুফ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি। বলা হয়েছে, সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে এসব ঋণ মওকুফ করা হয়েছে। গত কয়েক মাসে তথ্য যাচাই-বাছাই ও হিসাব সমন্বয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী কৃষকদের এই মওকুফ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। শুধু তাই নয়, সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত হয়েছিল।  

এ কথা সত্য, দীর্ঘদিনের অনাদায়ী ক্ষুদ্র ঋণের কারণে অনেক কৃষক নতুন করে ঋণ গ্রহণের সুযোগ হারাচ্ছিলেন। নানাবিধ কারণে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া এসব কৃষককে আবারও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। সরকারের নির্দেশনায় দেশের ৪৮টি জেলার ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষকের মোট ৬০৪ কোটি ৮১ লাখ টাকা ঋণ মওকুফ করেছে কৃষি ব্যাংক। উল্লেখ্য, দেশে মোট বিতরণ করা কৃষিঋণের প্রায় ৬৩ শতাংশই এককভাবে প্রদান করে ব্যাংকটি। সেই হিসাবে সরকারঘোষিত মোট মওকুফ করা ঋণের প্রায় ৩৯ শতাংশই এককভাবে বাস্তবায়ন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এখানে উল্লেখ করা প্রয়োজন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার ১৯৯১-১৯৯৬ মেয়াদেও পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ-আসল মওকুফের কার্যক্রম শুরু করেছিল। এবার সেই ধারাবাহিকতায় আবারও ঋণ মওকুফ করা হলো। গত বুধবার প্রতিদিনের বাংলাদেশসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়েছে।

কৃষকের মুখে হাসি ফিরিয়ে দেওয়া মানে কেবল একটি পরিবারকে স্বস্তি দেওয়া নয়; এর অর্থ পুরো গ্রামকে সচল রাখা। কারণ কৃষকের হাতে অর্থ ফিরলে গ্রামের হাটে ক্রেতা বাড়ে, ছোট দোকানদারের বিক্রি বাড়ে, স্থানীয় পরিবহন সচল হয়, শ্রমিকের কাজ বাড়ে। আর কৃষকের সমৃদ্ধি কখনও একক ঘটনা নয়; এটি একটি সামাজিক ও অর্থনৈতিক বলয়কে পুনর্জীবিত করে। সেই প্রেক্ষিতে বলা যায়, ক্ষমতাগ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যে কৃষি ব্যাংকের এই ঋণ মওকুফের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি যুগান্তকারী ও কৃষিবান্ধব উদ্যোগ। এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি কৃষকের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা, সহমর্মিতা এবং ভবিষ্যতের কৃষিকে আরও শক্তিশালী করার সুদূরপ্রসারী পদক্ষেপ।

ঋণ অনেক সময় একজন কৃষকের কাছে অর্থনৈতিক সমস্যার চেয়েও বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। কৃষক যখন দিনরাত পরিশ্রম করেও ঋণ শোধ করতে পারেননা, তখন তিনি শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও ভেঙে পড়েন। অনেকেই নতুন করে কৃষিকাজে বিনিয়োগের সাহস ও উৎসাহ হারিয়ে ফেলেন। ফলে উৎপাদন কমে যায়, কর্মসংস্থান সংকুচিত হয় এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। এই প্রেক্ষাপটে সরকারের এবারকার ঋণ মওকুফের সিদ্ধান্ত কৃষকের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। 

কৃষকদের ঋণ মওকুফের উদ্যোগকে শুধু একটি আর্থিক সিদ্ধান্ত হিসেবে দেখলে এর সামাজিক ও মানবিক গুরুত্বকে ছোট করে দেখা হবে। বাংলাদেশের কৃষি খাতে বহু বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজারে ন্যায্যমূল্যের অভাব এবং ঋণ পরিশোধে অক্ষমতার কারণে অনেক কৃষক ঋণখেলাপি হয়ে পড়েছেন। অতীতে ঋণ পরিশোধ করতে না পারায় অনেক কৃষক আইনি জটিলতায় পড়েছেন, কেউ কারাভোগ করেছেন, আবার চরম হতাশা ও আর্থিক সংকটে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। এসব ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য গভীর বেদনার। এই প্রেক্ষাপটে ঋণ মওকুফের সিদ্ধান্তকে কৃষকদের জন্য নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে বিবেচনা করা যায়। দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্তি পেলে কৃষকরা আবার উৎপাদনে মনোযোগ দিতে পারবেন, নতুন করে পথচলার সাহস পাবেন এবং পুনরায় ঋণগ্রহণের সুযোগও বাড়বে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির গতিশীলতা এবং খাদ্য নিরাপত্তা জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হবে।


বাংলাদেশের ইতিহাস বলে, কৃষি খাত যখন শক্তিশালী থাকে তখন দেশের অর্থনীতিও শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়। বিশ্বের উন্নত ও কৃষিনির্ভর বহু দেশও কৃষকদের সুরক্ষায় ভর্তুকি, স্বল্প সুদে ঋণ, ঋণ পুনঃতফসিল কিংবা বিশেষ পরিস্থিতিতে ঋণ মওকুফের মতো নীতি গ্রহণ করে থাকে। কারণ কৃষি শুধু একটি ব্যবসা নয়; এটি জাতীয় নিরাপত্তারও অংশ। খাদ্য উৎপাদন ব্যাহত হলে পুরো রাষ্ট্রব্যবস্থাই সংকটে পড়তে পারে। তাই সময় এসেছে কৃষিকে নতুন দৃষ্টিতে দেখার। কৃষককে কেবল সহানুভূতির নয়, সম্মানের আসনে বসানোর। যে হাত আমাদের অন্ন জোগায়, সেই হাত যেন কখনও অসহায় না হয়Ñ এই অঙ্গীকারই হওয়া উচিত রাষ্ট্র ও সমাজের। বাংলাদেশও আজ সেই বাস্তবতাকে উপলব্ধি করে কৃষিবান্ধব নীতির দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। কৃষকের পাশে দাঁড়ানো মানে দেশের ভবিষ্যতের পাশে দাঁড়ানো। তাই এই সিদ্ধান্তকে আরও কার্যকর করতে কিছু বিষয়ে সমান গুরুত্ব দেওয়া জরুরি।

প্রথমত, কৃষিঋণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকৃত কৃষকরাই যেন ঋণের সুবিধা পান এবং কোনো অসাধু চক্র যাতে এই সুযোগের অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। দ্বিতীয়ত, ঋণ মওকুফের পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে। উন্নতমানের বীজ, সারের সহজলভ্যতা, আধুনিক কৃষিযন্ত্র, সেচ সুবিধা এবং কৃষিপ্রযুক্তির সম্প্রসারণ কৃষকের উৎপাদনশীলতা বাড়াবে। তৃতীয়ত, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক যদি উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পান, তাহলে ঋণমুক্ত হয়েও দীর্ঘমেয়াদে তিনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন না। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণাগার বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। চতুর্থত, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন। বন্যা, খরা, লবণাক্ততা কিংবা ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসন এবং সহজ আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। পঞ্চমত, ডিজিটাল কৃষিব্যবস্থাও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকের মোবাইল ফোনেই যদি আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাইয়ের তথ্য, বাজারদর এবং কৃষি পরামর্শ পৌঁছে যায়, তাহলে উৎপাদন আরও বাড়বে এবং ঝুঁকি কমবে।

ভুলে গেলে চলবে না, দেশের কৃষক কখনও রাষ্ট্রের কাছে বিলাসিতা চায়নি। তারা চান সম্মান, ন্যায্যমূল্য এবং প্রয়োজনে রাষ্ট্রের সহায়তা। এই ঋণ মওকুফের সিদ্ধান্ত সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবে বিবেচিত হতে পারে। তবে এই ঋণ মওকুফ যেন এককালীন সহায়তায় সীমাবদ্ধ না থাকে। ভবিষ্যতে একই পরিস্থিতি এড়াতে কৃষিঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সহজ শর্তে ঋণ প্রদান, ন্যায্যমূল্য নিশ্চিত করা, ফসলের বীমা চালু বা সম্প্রসারণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কার্যকর সহায়তা ব্যবস্থা গড়ে তোলা দরকার। পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিকভাবে শনাক্ত করে এই সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে নীতির অপব্যবহার না হয়।

মনে রাখতে হবে, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে। তাই কৃষকের মুখে হাসি ফোটানোর প্রতিটি উদ্যোগ জাতীয় উন্নয়নেরই অংশ। কৃষিঋণ মওকুফের এই পদক্ষেপ সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবেÑ যদি এর সুফল প্রকৃত কৃষকের কাছে পৌঁছে এবং কৃষি খাতের দীর্ঘমেয়াদি সংস্কারের সঙ্গে এটি সমন্বিতভাবে এগিয়ে নেওয়া যায়।

বাংলাদেশের প্রতিটি ফসলের মাঠ, প্রতিটি সবজিক্ষেত, প্রতিটি মাছের ঘের, প্রতিটি গবাদিপশু ও হাঁসমুরগির খামার এবং কৃষকের সম্মিলিত শ্রমই আমাদের জাতীয় শক্তির প্রতীক। সেই শক্তিকে সম্মান জানিয়ে কৃষকের পাশে দাঁড়ানো একটি মানবিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রনৈতিক দায়িত্ব। কৃষিবান্ধব এই উদ্যোগের জন্য সরকারকে অভিনন্দন জানাই। একই সঙ্গে প্রত্যাশা করবোÑ এই উদ্যোগ যেন একটি বৃহত্তর কৃষি সংস্কারের সূচনা হয়, যেখানে কৃষক হবেন উন্নয়নের কেন্দ্রবিন্দু এবং বাংলাদেশের অগ্রযাত্রা হবে আরও সমৃদ্ধ, আরও টেকসই এবং আরও আত্মনির্ভর।

 

লেখক: মো. মোয়াজ্জেম হোসেন বাদল (কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা)


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা