× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুতুড়ে বিদ্যুৎ বিলের কেচ্ছা

সম্পাদকীয়

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১২:২২ পিএম

বিদ্যুতের ব্যবহার আগের মতো থাকলেও মাসিক বিল উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এ নিয়ে সাধারণ গ্রাহকের মধ্যে অসন্তোষ, উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। ছবি: সংগৃহীত

বিদ্যুতের ব্যবহার আগের মতো থাকলেও মাসিক বিল উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এ নিয়ে সাধারণ গ্রাহকের মধ্যে অসন্তোষ, উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। ছবি: সংগৃহীত

বিদ্যুতের ব্যবহার আগের মতো থাকলেও মাসিক বিল উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এ নিয়ে সাধারণ গ্রাহকের মধ্যে অসন্তোষ, উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। কয়েক দিনে ধরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে এ ধরনের অভিযোগ উঠে আসছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে বিল সংশোধনের আবেদন করলেও কার্যত সমাধান পাওয়া যাচ্ছে না। একই অভিযোগে একাধিকবার অফিসে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই নষ্ট হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গভীর গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা জরুরি।

প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, শুধু রাজধানী নয়, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে সারা দেশেই এমন ঘটনা ঘটছে। দেখা যাচ্ছে, বিদ্যুৎ ব্যবহার করেছেন যতটুকু, বিল এসেছে তার কয়েকগুণ। মাসের পর মাস যে পরিবার ২ থেকে ৩ হাজার টাকা বিদ্যুৎ বিল দিয়েছে, হঠাৎ সেই বিল ৭-৮ হাজারে পৌঁছে যাচ্ছে। কোথাও ৮০০ টাকার বিল এক লাফে ২ হাজার ৬০০ টাকা আবার কোনো অ্যাপার্টমেন্টের কমন মিটারে ৭-৮ হাজার টাকার পরিবর্তে বিল আসছে ৪০ হাজার টাকার ওপরে। বলা যায়, অনেকটা বিদ্যুৎ বিলে ডাকাতির মতো ঘটনা। বাস্তবতা হচ্ছে, এগুলো যদি বিচ্ছিন্ন ঘটনা হতো, তাহলে একে মিটার ত্রুটি, হিসাবের ভুল কিংবা প্রযুক্তিগত সমস্যার স্বাভাবিক ব্যতিক্রম বলে পাশ কাটিয়ে যাওয়া যেত। কিন্তু দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের অভিযোগ ওঠায় বিষয়টি আর বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে না। তাই প্রশ্ন খুব সরলÑ বিদ্যুৎ বিলের এই ‘ভূত’ আসলে কোথায়?

জানা গেছে, বর্তমানে দেশে ছয়টি বিতরণ কোম্পানির প্রায় পাঁচ কোটি বিদ্যুৎ গ্রাহকের মধ্যে পল্লী বিদ্যুৎ তথা আরইবির গ্রাহক প্রায় ৩ কোটি ৮০ লাখ ৫৮ হাজার। এর মধ্যে ৫৫ লাখ প্রিপেইড মিটার ব্যবহারকারী; যাদের ক্ষেত্রে মিটারে ত্রুটি ছাড়া ভুতুড়ে বিলের সুযোগ কম। বাকি যে বিপুলসংখ্যক পোস্টপেইড গ্রাহক রয়েছেন, সেখানেই মূলত বিলে কারসাজি হয়। ডিপিডিসি ও ডেসকোর অধীনে প্রিপেইড ও পোস্টপেইড দুই ধরনের গ্রাহকই রয়েছেন। ভুক্তভোগীরা বলছেন, গত জুন মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৬ দশমিক ৬৮ শতাংশ বা প্রতি ইউনিট ১ টাকা ৫২ পয়সা বাড়িয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়েও বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বা প্রতি ইউনিটে ১ টাকা ৩৯ পয়সা বাড়ানো হয়। নতুন এ দাম জুন মাস থেকেই কার্যকর হচ্ছে। অধিকাংশ গ্রাহকেরই অভিযোগ, তারপর থেকেই এই মাত্রাতিরিক্ত বিল আসছে। তবে সব মাত্রা ছাড়িয়ে কারও কারও বিলের পরিমাণ এতটাই বেশি, যেটাকে শুধু ‘ডাকাতি’ বললেও কম বলা হবে।

বিদ্যুৎ একটি মৌলিক জনসেবা। তাই এ খাতে জনগণের আস্থা অটুট রাখা অত্যন্ত জরুরি। একজন গ্রাহক যদি মনে করেন যে, তিনি যতটুকু বিদ্যুৎ ব্যবহার করেছেন, তার তুলনায় বেশি বিল পরিশোধ করতে হচ্ছে। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেÑ বিল নির্ধারণে কোনো ত্রুটি হচ্ছে কি না, মিটার সঠিকভাবে কাজ করছে কি না, নাকি বিল প্রস্তুতের প্রক্রিয়ায় কোনো কারসাজি রয়েছে। এসব প্রশ্নের স্পষ্ট ও গ্রহণযোগ্য উত্তর দেওয়ার দায়িত্ব বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর। এটাও সত্য যে, স্মার্ট মিটার বা প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকের বিভ্রান্তি দেখা যায়। কোথাও মিটার রিডিংয়ের ভুল, সমন্বয় বিল, বকেয়া হিসাব কিংবা ট্যারিফ কাঠামো সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকাও বিল বেশি মনে হওয়ার কারণ হতে পারে।

আমরা মনে করি, গ্রাহকের অভিযোগকে অবহেলা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করা। যদি বিলিং ব্যবস্থায় অনিয়ম বা ত্রুটি থেকে থাকে, তাহলে তা দ্রুত তদন্ত করে সংশোধন করা অপরিহার্য। কারণ অল্প কিছু অনিয়মও পুরো ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করে দিতে পারে। প্রয়োজন হলে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, সন্দেহজনক মিটার পরীক্ষা, বিল পুনঃনিরীক্ষা এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি গ্রাহকের জন্য সহজলভ্য অভিযোগ কেন্দ্র, অনলাইন বিল বিশ্লেষণ এবং স্বচ্ছ তথ্য প্রকাশের উদ্যোগ গ্রহণ করলে এ ধরনের ভুল অনেকাংশে কমে আসবে।

এ কথা স্বীকার করতেই হবে, বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকার বিপুল বিনিয়োগ করেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেও নিয়েছে বিভিন্ন পদক্ষেপ। তাই সেই অর্জন ধরে রাখতে সেবার মানের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা মনে করি, একটি কার্যকর সেবার ভিত্তি হলো স্বচ্ছতা, নির্ভুলতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। গ্রাহক যদি ন্যায্য বিল পরিশোধ করেন, তবে তিনি অবশ্যই নির্ভুল হিসাব পাওয়ার অধিকার রাখেন।

জনঅসন্তুষ্টি দীর্ঘস্থায়ী হলে তা কেবল বিদ্যুৎ খাতের জন্য নয়, সামগ্রিক পরিস্থিতির জন্যও ক্ষতিকর হতে পারে। তাই এখনই প্রয়োজন অভিযোগের প্রকৃত কারণ অনুসন্ধান, প্রযুক্তিগত ত্রুটি দূর করা এবং বিলিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করা। মানুষের আস্থা ধরে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপই হতে পারে এই সংকট নিরসনের একমাত্র পথ। আমরা আশা করবো, সরকার ভূতুরে বিদ্যুৎ বিলের কবল থেকে গ্রাহককে মুক্তি দিতে দ্রুত ব্যবস্থা নেবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা