ড. আবদুল্লাহ আল মাসুদ
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১২:০২ পিএম
প্রতীকী ছবি
পরিবেশ সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক তথ্যের শক্তি এবং পদ্ধতিগত নজরদারির গুরুত্ব বিশ্বজুড়ে আজ সর্বজনস্বীকৃত। উন্নত দেশগুলোতে পরিবেশ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো যে নীতিমালার আওতায় কাজ করে, তার মূল ভিত্তি হলো নিয়মিত সংগ্রহ করা নিখুঁত বৈজ্ঞানিক তথ্য।
কিন্তু বাংলাদেশে পরিবেশগত দূষণ নিয়ন্ত্রণের প্রক্রিয়া অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে। সারা দেশে দূষণের প্রকৃত চিত্র কেমন, মাটিতে বা খাদ্য শৃঙ্খলে কোনো বিষাক্ত উপাদান কী পরিমাণে ছড়িয়ে পড়ছে এবং তা মানবদেহের জন্য কতটা ক্ষতিকরÑ এ সংক্রান্ত কোনো সমন্বিত জাতীয় ডাটাবেজ সরকারি পর্যায়ে নেই। এই পদ্ধতিগত তথ্যশূন্যতার কারণে রাষ্ট্র দূষণের সুনির্দিষ্ট উৎস ও দায়ীদের চিহ্নিত করতে পারছে না; যা পরিবেশ নীতি প্রণয়ন এবং তা প্রয়োগের প্রক্রিয়াকে শ্লথ করে দিচ্ছে।
উন্নত বিশ্বের পরিবেশ সুরক্ষায় চালিকাশক্তি হিসেবে কাজ করে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কাঠামো। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (US EPA) ১৯৮৩ সালে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল (NRC) কর্তৃক প্রস্তাবিত একটি ঐতিহাসিক ঝুঁকি মূল্যায়ন নির্দেশিকা অনুসরণ করে দূষণ নিয়ন্ত্রণ করে আসছে। এই প্রক্রিয়ার চারটি সুনির্দিষ্ট পর্যায় রয়েছে : ক্ষতিকারক উপাদান চিহ্নিতকরণ, মাত্রা-প্রতিক্রিয়া মূল্যায়ন, এক্সপোজার বা সংস্পর্শ মূল্যায়ন, এবং ঝুঁকির বৈশিষ্ট্য নির্ধারণ।
ইপিএ-এর ‘ইন্টিগ্রেটেড রিস্ক ইনফরমেশন সিস্টেম’ (IRIS) হলো বিভিন্ন রাসায়নিকের বিষাক্ততার বৈজ্ঞানিক তথ্যের প্রধান জাতীয় ভান্ডার। যদিও এটি নিজেই কোনো সরাসরি আইন প্রণয়ন করে না, তবে এর দ্বারা নির্ধারিত বিষাক্ততার মানদণ্ড বা রেফারেন্স ডোজ (RfD) এবং ক্যানসার স্লোপ ফ্যাক্টর মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্টেট পর্যায়ের নীতিনির্ধারণের ভিত্তি হিসেবে কাজ করে।
একইভাবে পরিবেশগত জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বজুড়ে ‘টক্সিকস রিলিজ ইনভেন্টরি’ (TRI) এবং ‘পলিউট্যান্ট রিলিজ অ্যান্ড ট্রান্সফার রেজিস্টার’ (PRTR) অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই ব্যবস্থার অধীনে শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রতি বছর কী পরিমাণ বিষাক্ত রাসায়নিক বায়ু, পানি ও মাটিতে নির্গত করছে এবং বর্জ্য হিসেবে অন্যত্র স্থানান্তর করছে, তার বিশদ বিবরণ সরকারকে জানাতে বাধ্য থাকে এবং এই তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। ‘তথ্যের উন্মোচনের মাধ্যমে নিয়ন্ত্রণ’ নীতিটি বিশ্বজুড়ে দূষণ প্রতিরোধে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এটি একদিকে যেমন বিনিয়োগকারী এবং সাধারণ মানুষকে কোম্পানির পরিবেশগত মানদণ্ড মূল্যায়নের সুযোগ দেয়, অন্যদিকে কোম্পানিগুলোকে স্বপ্রণোদিত হয়ে দূষণ কমাতে বাধ্য করে। উদাহরণস্বরূপ, গ্রিনহাউস গ্যাস রিপোর্টিং প্রোগ্রামের আওতায় ডেটা প্রকাশের পর মার্কিন যুক্তরাষ্ট্রে শিল্পপ্রতিষ্ঠানগুলোর নির্গমন প্রায় ৭.৯% হ্রাস পেয়েছে।
বাংলাদেশে পরিবেশ সুরক্ষার জন্য সরকার ১৯৯৭ সালের পুরনো বিধিমালা বাতিল করে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ চালু করেছে। এই নতুন বিধিমালায় শিল্পকারখানাগুলোকে তাদের পরিবেশগত প্রভাবের ভিত্তিতে সবুজ, হলুদ, কমলা ও লালÑ এই চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে লাল এবং কিছু কমলা শ্রেণির শিল্পপ্রতিষ্ঠানের জন্য পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন বিধিমালায় টেক্সটাইল ও রঙ করার (ডাইং) কারখানার তরল বর্জ্যের জন্যও কিছু নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। উদাহরণ হিসেবে, বর্জ্য পানিতে COD-এর সর্বোচ্চ সীমা ২০০ মিগ্রা/লিটার এবং BOD₅-এর সীমা ১০০ মিগ্রা/লিটার থেকে কমিয়ে ৩০ মিগ্রা/লিটার করা হয়েছে। এছাড়া বর্জ্য পানির pH ৬ থেকে ৯-এর মধ্যে থাকতে হবে এবং এর তাপমাত্রা যে জলাশয়ে ফেলা হবে তার তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারবে। ভারী ধাতুর ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে, যেমন সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট ও নিকেলের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
তবে একটি বড় সীমাবদ্ধতা হলো, এসব নিয়ম মূলত কারখানার বর্জ্য নির্গমনস্থলের পানির মান নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু দীর্ঘদিন ধরে মাটিতে বর্জ্য জমা হওয়ার ফলে যে দূষণ ভূগর্ভস্থ পানিতে এবং খাদ্যশৃঙ্খলে ছড়িয়ে পড়ছে, তা মূল্যায়নের জন্য বাংলাদেশে এখনও কোনো জাতীয় মাটির গুণগত মান নির্দেশিকা নেই। তেমনি মাটি, ফসল বা খাদ্যে থাকা ভারী ধাতু ও অন্যান্য দূষকের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি কতটা হতে পারে, তা নির্ধারণের জন্যও কোনো সমন্বিত মানবস্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন কাঠামো গড়ে ওঠেনি।
ফলে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো দূষণ নিয়ন্ত্রণে কাজ করলেও অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্য ও নির্দেশিকার অভাবে একটি বড় শূন্যতার মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছে।
বাংলাদেশে জাতীয় পর্যায়ে পরিবেশ দূষণের কোনো সমন্বিত বা হালনাগাদ সরকারি ডাটাবেজ নেই। এই তথ্যশূন্যতার ফলে সৃষ্ট সংকটগুলো শাসনব্যবস্থাকে পঙ্গু করে তুলছে
মাটিতে বা পানিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি ধরা পড়লেও, কোনো ডাটাবেজ না থাকায় সরকার নির্দিষ্ট করে বলতে পারে না দূষণটি কোন শিল্প বা উৎস থেকে আসছে। ফলে জরিমানা বা আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় অত্যন্ত অনিয়মিত এবং খেয়ালখুশিমতো, যা পরিবেশ আইন প্রয়োগের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে।
বৈজ্ঞানিক তথ্য ছাড়া নীতি নির্ধারণ করা অন্ধের হাতি দর্শনের শামিল। বায়ুদূষণ, প্লাস্টিক দূষণ বা শিল্পবর্জ্য ব্যবস্থাপনার নীতিগুলো কেবল কিছু কাগজের দলিলে পরিণত হয়েছে, কারণ দূষণের পরিমাণ, গতিপথ এবং স্বাস্থ্যগত প্রভাবের সুনির্দিষ্ট ডাটা ছাড়াই এগুলো তৈরি করা হয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে পরিবেশগত তথ্য আদান-প্রদানের কোনো সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক বা প্লাটফর্ম নেই। ফলে পানিসম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO), দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের কাজগুলোর মধ্যে কোনো কার্যকর সমন্বয় ঘটে না।
বিশ্বব্যাংক বা এডিবির মতো বৈশ্বিক সংস্থাগুলোর কাছ থেকে জলবায়ু ও পরিবেশগত অর্থায়ন অর্জনের জন্য প্রকল্পগুলোর প্রভাব নিরূপণে নির্ভরযোগ্য তথ্য অত্যন্ত জরুরি। তার অভাবে বাংলাদেশ গ্রিন ফাইন্যান্স এবং আন্তর্জাতিক পরিবেশগত ক্ষতিপূরণ আদায়ের সুযোগগুলো পুরোপুরি কাজে লাগাতে পারছে না।
তথ্য না থাকলে নীতিও কার্যকর হয় না। যদি সরকার না জানে কোন অঞ্চলে কী ধরনের দূষণ হচ্ছে, দূষণের উৎস কী এবং কী হারে তা বাড়ছে, তাহলে দূষণ নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়াও সম্ভব নয়। অনেক ক্ষেত্রে শিল্পকারখানা, হাসপাতাল, কৃষিজমি অথবা নগর বর্জ্যকে দূষণের সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা গেলেও জাতীয় পর্যায়ের পর্যবেক্ষণ ব্যবস্থার অভাবে উৎস নির্ধারণ, দায়বদ্ধতা প্রতিষ্ঠা এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন কঠিন হয়ে যায়।
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পরিবেশ উপহার দেওয়ার জন্য অবিলম্বে নীতিগত পর্যায়ে ব্যাপক সংস্কার প্রয়োজন। গবেষক ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা অত্যন্ত জরুরি :
১. বাংলাদেশকে অবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি জাতীয় পলিউট্যান্ট রিলিজ অ্যান্ড ট্রান্সফার রেজিস্টার (PRTR) গড়ে তুলতে হবে। বহুজাতিক পোশাক প্রস্তুতকারক কোম্পানিগুলো যেমন এইচঅ্যান্ডএম তাদের সরবরাহকারী কারখানায় রাসায়নিক নির্গমন ট্র্যাক করতে ব্যুরো ভেরিতাসের সহায়তায় ‘Ecube’ (Environmental Emission Evaluator) নামক নিজস্ব পিআরটিআর মডেল ব্যবহার করছে। এটি প্রমাণ করে যে, আমাদের শিল্প খাত প্রযুক্তিগতভাবে রিপোর্টিংয়ের জন্য প্রস্তুত। সরকার আইনগতভাবে সব কারখানার জন্য এই বার্ষিক নির্গমন রিপোর্ট প্রকাশ করা বাধ্যতামূলক করতে পারে।
২. দেশের ভূগর্ভস্থ পানি, মাটি এবং বায়ুর মানের জন্য ভৌগোলিক তথ্য ব্যবস্থা (GIS) ভিত্তিক ডিজিটাল দূষণ মানচিত্র প্রস্তুত করতে হবে। এটি পলিসি মেকারদের দূষণের হটস্পট বা অতি ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো শনাক্ত করে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
৩. শুধু পানির জন্য নয়, কৃষিজমির মাটি এবং সাধারণ খাদ্যে ভারী ধাতুর গ্রহণযোগ্য সর্বোচ্চ সীমা নির্ধারণ করে সুনির্দিষ্ট ‘ন্যাশনাল সয়েল কোয়ালিটি অ্যান্ড ফুড সেফটি গাইডলাইন’ তৈরি করতে হবে।
৪. পরিবেশ অধিদপ্তরের জনবল ও বৈজ্ঞানিক ল্যাবরেটরির আধুনিকায়ন করতে হবে।
৫. শিল্পাঞ্চলগুলোর স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে রিয়েল-টাইম দূষণ পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তার নাগরিকেরা বিশুদ্ধ বায়ু, নিরাপদ পানি এবং বিষমুক্ত মাটির নিশ্চয়তা পায়। বাংলাদেশ যদি তথ্যের এই ভয়াবহ ঘাটতি দূর করতে না পারে, তবে আমাদের নীতিনির্ধারণী অন্ধত্ব কখনও কাটবে না। সুনির্দিষ্ট তথ্য এবং বৈজ্ঞানিক নির্দেশিকার অনুপস্থিতিতে দূষণের উৎসগুলো নিয়ন্ত্রণের বাইরে থেকে যাবে এবং আমাদের কৃষিজমি, নদী ও জলাশয়গুলো চিরতরে মৃত হয়ে পড়বে। সময় এসেছে পরিবেশ সুরক্ষাকে জাতীয় নিরাপত্তার সমতুল্য অগ্রাধিকার দেওয়ার। বৈজ্ঞানিক ডাটাবেজ তৈরি, কঠোর পরিবেশ নীতি বাস্তবায়ন এবং দূষণকারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে জবাবদিহিতার আওতায় আনার মাধ্যমেই কেবল এই আসন্ন মহাবিপর্যয় থেকে দেশকে রক্ষা করা সম্ভব।
লেখক: ড. আবদুল্লাহ আল মাসুদ (যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যালাবামাতে ‘রিসার্চ ইঞ্জিনিয়ার’ হিসেবে কর্মরত)