× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকৃতির ফুসফুসে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

সম্পাদকীয়

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১১:৫০ এএম

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ১ লাখ ৩৮ হাজার ৮৯৬ দশমিক ৬৩ একর বনভূমির ১৩ হাজার ১৪ দশমিক ২৮ একর ইতোমধ্যে জবরদখলকারীদের কবলে চলে গেছে। ফাইল ছবি

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ১ লাখ ৩৮ হাজার ৮৯৬ দশমিক ৬৩ একর বনভূমির ১৩ হাজার ১৪ দশমিক ২৮ একর ইতোমধ্যে জবরদখলকারীদের কবলে চলে গেছে। ফাইল ছবি

বাংলাদেশে সরকারি সম্পত্তি দুর্বৃত্তদের দখলে চলে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। সারা দেশেই এ ধরনের ঘটনা ঘটছে। ওইসব দুর্বৃত্ত সরকারি ভূমি, স্থাপনাসহ নানা সম্পদ দখলে নিয়ে একরকম বিনা বাধায় তা ভোগ করে। এসব দখলের পেছনে অন্যতম অনুঘটক রাজনৈতিক মদদ। ফলে চোখের সামনে এসব দুর্বৃত্তপনা ঘটলেও প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর তা নীরবে অবলোকন ছাড়া করার কিছুই থাকে না। বছরের পর বছর ধরে দখলদারত্বের এই অপসংস্কৃতি অবাধে চলতে থাকায় এর অবসান কখনও হবে কি নাÑ এ নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। 

গতকাল প্রতিদিনের বাংলাদেশে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিপুল পরিমাণ জমি দখলদারদের কবলে চলে যাওয়ার পিলে চমকানো প্রতিবেদন বেরিয়েছে। ‘দখলের কোপে বিক্ষত অরণ্য’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের ১ লাখ ৩৮ হাজার ৮৯৬ দশমিক ৬৩ একর বনভূমির ১৩ হাজার ১৪ দশমিক ২৮ একর ইতোমধ্যে জবরদখলকারীদের কবলে চলে গেছে। বন বিভাগ বহু চেষ্টার পর ৫ হাজার ৬৭৪ দশমিক ৩০ একর জমি উদ্ধার করতে সক্ষম হলেও বাকি ৭ হাজার একরেরও বেশি বনভূমি এখনও উদ্ধার করতে পারেনি। যদিও বন বিভাগের কর্মকর্তারা ও চট্টগ্রাম জেলা প্রশাসক সে ভূমি উদ্ধারে অচিরেই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন, তবে তা কতটুকু সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করা অমূলক নয় বোধ হয়। কেননা, এসব বনভূমি বেদখল হওয়ার পেছনে প্রশাসন ও বন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশের বিষয়টি কারও অজানা নয়। এটা বলা নিশ্চয় অযৌক্তিক হবে না যে, রাজনৈতিক মদদ বা আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের ভূমি ডাকাতি সম্ভব নয়। প্রতিবেদনেই বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় বনভূমি দখল মহোৎসবে পরিণত হয়েছিল। হাছান মাহমুদ ও তার ভ্রাতা-স্বজনরা একরকম খাবলে খেয়েছে সরকারি বিপুল পরিমাণ বনভূমি ও পাহাড়। তাদের কবজায় চলে গিয়েছিল ২১২ একর জমি। চব্বিশের গণঅভ্যুত্থানে লীগ সরকারের পতনের পর সে দখলদারত্বের অবসান হয়েছে। তাদের কবল থেকে সেসব ভূমি উদ্ধার করা হয়েছে। দখলদারদের কবল থেকে ভূমি উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হতে হয়েছে বন বিভাগের কর্মীদের। 

প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদনে চট্টগ্রাম উত্তর বন বিভাগের মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার সংরক্ষিত বনভূমির বেদখল হওয়ার যে চিত্র তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তার চেয়েও উদ্বেগজনক দখলদারদের প্রতাপের কাছে বন বিভাগ ও প্রশাসনের অসহায়ত্ব। 

উল্লেখ্য, এ ধরনের দখলদারত্বের কবলে থাকা সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য গড়ে উঠেছিল। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে সেখান থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। তবে তারা যে পুনরায় তা দখলে নেবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কেননা, রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসীদের লালনের যে অপসংস্কৃতি আমাদের দেশে গড়ে উঠেছে, তার অবসান এখনও হয়নি। এখনও দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক মদদে সরকারি-বেসরকারি সম্পত্তি দখলের খবর গণমাধ্যমে উঠে আসে। সচেতন ব্যক্তিরা মনে করেন, সরকার যদি কঠোরতা অবলম্বন করে, তাহলেই এসব অপকর্ম রোধ করা সম্ভব।

সবুজ বনভূমি একটি দেশ বা জনপদের ফুসফুস হিসেবে বিবেচিত। বৃক্ষ সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে তা বাতাসে ছড়িয়ে দেয় এবং একই সঙ্গে ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শুষে নিয়ে বায়ুকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। অথচ কতিপয় দুর্বৃত্ত সে ফুসফুসে ছুরিকাঘাত করে চলেছে। বনভূমি জবরদখল করে নির্বিচারে গাছ কেটে আমাদের অক্সিজেনের উৎসভান্ডারকে ক্ষতিগ্রস্ত করছে। বিজ্ঞান মতে সুস্থ প্রাকৃতিক পরিবেশের জন্য ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। কিন্তু বাংলাদেশে বনভূমির পরিমাণ মাত্র ১৭ শতাংশ। বনভূমি রক্ষাকল্পে দেশে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন রয়েছে। সে আইনে সরকারের অনুমতি ছাড়া বনভূমি ব্যবহার কড়াকড়িভাবে নিষিদ্ধ। এমনকি বৃক্ষ সংরক্ষণের জন্য গাছ কাটা, গাছে পেরেক বা লোহা ঠুকে ক্ষতি করাও আইনত দণ্ডনীয়। তবে পরিতাপের বিষয় হলো, দেশের অন্য অনেক আইনের মতো এ আইনও অনেকটা কাজির গরুর মতো খাতায় সীমাবদ্ধ। বাস্তবে এর প্রয়োগ যৎকিঞ্চিৎ। আর সেজন্যই প্রায়ই সংবাদ মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বনভূমি বেদখল, বনাঞ্চল উজাড় করে বাড়িঘর নির্মাণ, বনের গাছ কেটে পাচার ইত্যাদি খবর প্রকাশিত হয়। অবৈধ গাছ কাটা ও পাচার সিন্ডিকেটের সঙ্গে বন বিভাগের ওপর থেকে নিচ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশের বিষয়টি সর্বজনবিদিত। ফলে অপকর্মের অবসান হচ্ছে না। 

দেশে দুর্বৃত্তায়নের শাসন শেষ হয়েছে। এখন সরকারে রয়েছে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এ সরকারের কাছে জনসাধারণের প্রত্যাশা বিরাট। আমরা আশা করব, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সরকার সবক্ষেত্রে আইনের শাসন কায়েম করে দুর্বৃত্তায়নের ধারা চিরতরে বন্ধ করবে। তাহলে বনভূমি বেদখল ও অবাধে বৃক্ষ নিধনের মাধ্যমে বনাঞ্চল উজাড় করে পরিবেশ বিপন্ন করার মতো অপরাধও বন্ধ হবে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা