মতিলাল দেব রায়
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৩:৫৭ পিএম
প্রতীকী ছবি
গত ১৬ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজাকান্দির কালিঞ্জিতে যে দৃশ্যের জন্ম হলো, তা শুধু একটি উচ্ছেদ অভিযান ছিল না; এটি ছিল প্রকৃতির বুক চিরে মানুষের নিজের ভবিষ্যতের ওপর আঘাত হানার এক নির্মম অধ্যায়। ফলে নুয়ে পড়া প্রায় ১২০০ কমলাগাছ কেটে ফেলার ঘটনা কেবল কিছু গাছ ধ্বংসের খবর নয়, এটি একটি অঞ্চলের স্বপ্ন, শ্রম, জীবিকা এবং পরিবেশের ওপর নির্মম আঘাতের প্রতীক। সর্বোপরি একটি পরিবারের স্বপ্নভঙ্গের আর্তনাদ।
দেশে আইনের শাসন অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে। সরকারি জমি উদ্ধার, বন রক্ষা কিংবা অবৈধ দখল উচ্ছেদÑ এসব রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আইনের প্রয়োগ যদি মানবিকতা, বিবেচনাবোধ এবং পরিবেশগত দায়বদ্ধতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেই আইন মানুষের কাছে ন্যায়বিচারের পরিবর্তে ভয়ের প্রতীক হয়ে ওঠে। অনেকেই মনে করেন, আইনসিদ্ধ কোনো সিদ্ধান্তও অমানবিক হতে পারে, যদি তার বাস্তবায়নে মানুষের জীবন, প্রকৃতি এবং জনস্বার্থকে উপেক্ষা করা হয়। এই ঘটনা তারই দৃষ্টান্ত।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সংবাদে দেখা যায়, আট বছরের পরিশ্রমে স্থানীয়ভাবে তিন একর জায়গার ওপর গড়ে তোলা হয়েছিল বারোশর বেশি গাছের বিশাল কমলার বাগান। গাছগুলোতে ফলও ধরেছিল। দুই মাস অপেক্ষা করলেই কমলাগুলো পাকতে শুরু করত। কয়েক লাখ টাকার কমলা বিক্রি করে ঋণের টাকা শোধের স্বপ্ন দেখছিল একটি পরিবার, তা আর হলো না। বাগানটি বনের জায়গায় পড়ায় তা উচ্ছেদ অভিযানে কেটে ফেলা হয়েছে।
জানা গেছে, স্থানীয় উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে এই উচ্ছেদ করা হয়। ভুক্তভোগী পরিবারের আহাজারি কমলার গাছগুলো যদি কাটতেই হতো, অন্তত ফলগুলো ঘরে তোলার সুযোগ দিলে কিছু ঋণ শোধ করতে পারতাম। এখন গাছও নেই, আয়ও নেই, শুধু ঋণের বোঝা রয়ে গেছে। এখন প্রশ্ন ওঠা স্বাভাবিক, বাগানটি যদি অবৈধই হয়ে থাকে, তাহলে আট বছর আগে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? ফল ধরার সময়ই-বা কেন উচ্ছেদ অভিযান চালানো হলো?
যদিও বাগানটি গড়ে তোলা পরিবার বন বিভাগের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলেছে। বাগানটির মালিক দাবি করা আলিম উল্লা গণমাধ্যমকে বলেছেন, ২০১৮ সালে তিনি কমলার বাগানটি গড়ে তোলেন। শুরুতে বন বিভাগের কোনো বাধা ছিল না, বরং সহযোগিতাও পেয়েছিলেন। আলিম উল্লার অভিযোগ, এবার গাছে ফল আসার পর বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী টাকা দাবি করেন। তার দাবি, চাঁদা না দেওয়ায় ফল ধরার সময়ই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাগানটি কেটে ফেলা হয়েছে। বন বিভাগ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছে, সংরক্ষিত বনভূমিতে ব্যক্তিগতভাবে কোনো বাণিজ্যিক বাগান করা সম্পূর্ণ বেআইনি। ওই জমিতে অবৈধভাবে ব্যক্তিগত ফলের বাগান, মৎস্য খামার ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল, যা বন আইনের পরিপন্থী। বনভূমি দখলমুক্ত করার অংশ হিসেবে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হয়, কমলার বাগান উচ্ছেদ তারই অংশ। সর্বশেষ গাছ কেটে ফেলার ঘটনায় তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে সরেজমিন তদন্ত, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে। তদন্ত শেষে তারা সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন।
তদন্তে ফলাফল কী হবে বলা সম্ভব নয়। তবে এটা বিবেচনায় রাখা দরকার, একটি গাছ রাতারাতি বড় হয় না। একটি কমলাগাছ ফল দিতে বছরের পর বছর সময় নেয়। প্রতিটি চারার পেছনে থাকে একজন কৃষকের ঘাম ও অর্থ বিনিয়োগ। তার সঙ্গে থাকে স্বপ্ন। আলিম উল্লার সে স্বপ্ন ধুলিস্মাৎ হয়ে গেছে। সবচেয়ে বেদনাদায়ক হলো, গাছগুলো তখন ফলভর্তি ছিল। চাইলে ফল সংগ্রহের জন্য কিছু সময় দেওয়া যেত, কৃষকদের সঙ্গে আলোচনায় বসা যেত। এমনকি সম্ভব হলে গাছগুলো স্থানান্তরের ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু বন বিভাগ এসবের ধার ধারে নি।
আজ বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার কথা বলা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাতে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। একদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার কোটি কোটি টাকা ব্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছে, অন্যদিকে ফলভর্তি শত শত গাছ কেটে ফেলার ঘটনা সরকারের গৃহীত কর্মসূচির পরিপন্থি। একটি পূর্ণবয়স্ক ফলদ গাছ শুধু ফল দেয় না; এটি অক্সিজেন দেয়, কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে, মাটির ভারসাম্য রক্ষা করে, পাখি-পোকামাকড়ের আশ্রয় হয় এবং স্থানীয় জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখে। এমন গাছ ধ্বংসের সিদ্ধান্ত পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গর্হিত অপরাধ।
প্রশাসনের প্রতিটি সিদ্ধান্তে মানবিকতা থাকা জরুরি। কারণ রাষ্ট্রের শক্তি নিহিত শুধু তার কঠোরতায় নয়, বিবেচনাবোধও সেক্ষেত্রে গুরুবহ। আইন প্রয়োগের সময় যদি এমন পদ্ধতি বেছে নেওয়া হয়, যাতে জনস্বার্থ রক্ষা হয়, পরিবেশও বাঁচে এবং মানুষের ক্ষতিও কম হয়, তবে সেটিই হবে প্রকৃত সুশাসনের পরিচয়।
এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ক্ষোভ ও বেদনার প্রকাশ দেখা গেছে, তা কেবল আবেগ নয়; এটি মানুষের পরিবেশ-সচেতনতারও প্রতিফলন। মানুষ আজ বুঝতে শিখেছে, একটি গাছ কাটা মানে শুধু কাঠ হারানো নয়; ভবিষ্যৎ প্রজন্মের শ্বাস নেওয়ার অধিকারকেও সংকুচিত করা। তাই এই ক্ষোভকে উপেক্ষা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ঘটনার সার্বিক মূল্যায়ন করা এবং ভবিষ্যতে এমন অভিযানে পরিবেশগত ও মানবিক প্রভাবকে গুরুত্ব দেওয়া।
আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে আইন থাকবে, কিন্তু সেই আইনের আচরণ হবে মানবিক। আইন রক্ষা ও রাষ্ট্রের প্রয়োজনে উচ্ছেদ অভিযান হবে তাতে আপত্তি নেই। তবে তা হতে হবে পরিকল্পিত, আলোচনাভিত্তিক এবং পরিবেশবান্ধব। যেখানে একটি গাছ কাটার আগে দশবার ভাবা হবে। কারণ একটি পূর্ণবয়স্ক গাছ তৈরি হতে যত বছর লাগে, সেটি কাটতে লাগে মাত্র কয়েক মিনিট।
রাজাকান্দির কালিঞ্জির ১২০০ কমলাগাছ হয়তো আর ফিরে আসবে না। কিন্তু এই ঘটনা আমাদের একটি শিক্ষা দিয়ে যেতে পারেÑ উন্নয়ন, আইন ও পরিবেশকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং অংশীদার হিসেবে দেখতে হবে। প্রশাসনিক সিদ্ধান্তে সহমর্মিতা, পরিবেশগত মূল্যায়ন এবং মানুষের জীবিকার প্রতি দায়িত্বশীলতা নিশ্চিত করা না গেলে এমন ঘটনা বারবার ঘটবে, আর প্রতিবারই আমরা হারাব শুধু কিছু গাছ নয়, হারাব আমাদের মানবিকতার একটি অংশ।
শেষ পর্যন্ত প্রশ্ন একটাইÑ আইন প্রতিষ্ঠিত হলো, কিন্তু আমরা কী হারালাম? যদি আইনের প্রয়োগে মানুষের চোখে অশ্রু ঝরে, মানুষের স্বপ্ন ভেঙে যায় এবং প্রকৃতির বুক শূন্য হয়ে পড়ে, তবে আইনের সে প্রয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠবেই।
লেখক: মতিলাল দেব রায় (কলামিস্ট ও সমাজ সংগঠক )