× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অথঃ তৈল সমাচার

মহিউদ্দিন খান মোহন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১২:৪৬ পিএম

মহিউদ্দিন খান মোহন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মহিউদ্দিন খান মোহন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

তৈল বা তেল একটি অতীব প্রয়োজনীয় তরল পদার্থ। সৃষ্টির আদিকাল থেকেই এর ব্যবহার চলে আসছে। মানুষ যখন সভ্য হতে শিখল, তখনই সে অনুভব করল তেলের প্রয়োজনীয়তা বা অপরিহার্যতা। খাদ্য প্রস্তুত করতে তেল লাগে, কলের গাড়ি চালাতে তেল লাগে, আবার রাতে আলোর জন্য বাতি জ্বালাতেও তেল লাগে। কবে কীভাবে মানুষ প্রথম তেলের ব্যবহার শিখোছিল, ইতিহাসে তার উল্লেখ নেই।

তবে বলা হয়ে থাকে, আদিম যুগের মানুষরা শিকার করা পশুর চর্বি আগুনে গলিয়ে তেল বের করে তা ব্যবহার করা শুরু করে। সে তেল তারা যেমন খাবার তৈরিতে ব্যবহার করত, তেমনি কাজে লাগাত রাতে আলো জ্বালানোর কাজেও। বলে নেওয়া দরকার, পশুর চর্বি থেকে তেল আবিষ্কারের পরে তারা বিভিন্ন শস্যবীজ পিষেও তেল বের করতে শেখে। বলা হয়ে থাকে, ‘নেসেসিটি ইজ দ্য মাদার অব ইনোভেশন’ অর্থাৎ ‘প্রয়োজনই আবিষ্কারের জননী’। উদ্ভূত প্রয়োজন মেটানোর উপাদান সংগ্রহে ব্যাপৃত হয়েই মানুষ একেক সময়ে একেকটি বস্তু আবিষ্কার করতে সক্ষম হয়েছে। তেলের আবিষ্কার ও ব্যবহারও তার বাইরে নয়। 

মানবসভ্যতার ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায়, মানুষ সভ্যতার সোপানে পা রেখেছিল আগুনের ব্যবহার শেখার মাধ্যমে। পাথরে পাথর ঠুকে তারা আগুন জ্বালাত। আর সে আগুনে ঝলসে খেত শিকার করা পশুর মাংস। সে মাংস খেতে গিয়ে যখন দেখল আগুনের সংস্পর্শে মাংস থেকে বের হয় একটি জলীয় পদার্থ, আর তা দিয়ে জ্বালানো যায় আগুন, তারা সভ্যতার পদযাত্রায় আরেক ধাপ এগোল। তেলের ব্যবহার তাদেরকে এগিয়ে দিল অনেক দূর। কালক্রমে সে তেলই হয়ে উঠল সভ্যতার প্রধান অবলম্বন। ভূ-পৃষ্ঠের উপরিভাগের উপাদান থেকে তেল আহরণের পরে মানুষ এক পর্যায়ে মাটির নিচে হাত দিল। আবিষ্কার হলো তেলের খনি। সে তেল এখন পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। তেল ছাড়া দুনিয়া অচল। তেল না হলে নদীতে জাহাজ চলে না, রাস্তায় চলে না বাস-ট্রাকসহ কোনো যানবাহন। আকাশে ওড়ে না উড়োজাহাজ, রকেট কিংবা স্যাটেলাইট স্টেশন। দিনে-রাতে বৈদ্যুতিক বাতি জ্বালাতে কিংবা গরমে ফ্যান-এসি চালাতে যে বিদ্যুতের প্রয়োজন, সেটা উৎপাদনেও লাগে তেল। অর্থাৎ দুনিয়া এখন তেলময়।

মানুষের খাদ্য দ্রব্যের অন্যতম উপাদান তেল। তেল ছাড়া মুখরোচক কোনো খাবারই তৈরি হয় না। আবার অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকÑ চিকিৎসকরা সেটাই বলে থাকেন। খাদ্য উপাদানের শ্রেণি বিভাগে তেলকে সম্বোধন করা হয় ‘স্নেহজাতীয়’ পদার্থ বলে। বাস্তবেও তেলের সঙ্গে স্নেহের একটি নিবিড় ও জটিল সম্পর্ক রয়েছে। কাউকে স্নেহ কিংবা মমতা দিয়ে বশীভূত করে প্রয়োজনীয় কাজ আদায় করা অতীব সহজ। যে কাজ মামুলি কথা বা অনুরোধে সম্ভব হয় না, একটু স্নেহজাতীয় পদার্থ, মানে তেল ঢেলে দিলেই তা হয়ে যায় ‘জলবৎ তরলং’য়ের মতো। তবে তেল নামের এই স্নেহজাতীয় তরল পদার্থটির ব্যবহার আজকাল দৃশ্যমান সর্বত্র। চারদিকে তেলমালিশ, যাকে প্রমিত ভাষায় বলে ‘তৈলমর্দন,’ তার আধিক্য এত যে, দেখেশুনে অনেক সময় খেই হারিয়ে ফেলিÑ এ কোন গ্রহে এসে পড়লাম! এখানে তেল ছাড়া কিছুর কল্পনাই করা যায় না! রাজনীতি বলেন আর সমাজনীতি কিংবা অফিসের কাজ, সর্বত্র তৈলের জয়জয়কার। 

তৈলমর্দন একটি পুরনো সামাজিক চর্চা হলেও সাম্প্রতিককালে এর ব্যবহার চূড়ান্তে পৌঁছেছে। তেল দিয়ে আদায় করা যায় না, এমন কাজ এ ধরাধামে আছে কি না সন্দেহ। বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানের কৌতুক নকশায় এই তেল ব্যবহারের একটি মোক্ষম পদ্ধতি দেখানো হয়েছিল। অফিসের নতুন বস অত্যন্ত কড়া। নিয়মানুবর্তিতাই তার কাছে সবচেয়ে বড়। নির্দেশ জারি করলেন, অফিসে কেউ বিলম্বে আসতে পারবে না। সে সাথে তিনি এটাও জানিয়ে দিলেন, তেল দিয়ে কেউ তাকে ম্যানেজ করতে পারবে না। সবাই সন্ত্রস্ত। অফিস সুন্দরভাবে চলতে লাগল। একজন কর্মচারী ছিল একটু ত্যাঁদড় কিসিমের। সে কলিগদের সঙ্গে বাজি ধরল বসকে তেল দিয়ে ম্যানেজ করবেই। একদিন সে দেরি করে অফিসে ঢুকল। এদিকে নির্ধারিত গ্রেস টাইমের পরে হাজিরা খাতা চলে যায় বসের টেবিলে। সেদিনও তাই হয়েছে। দেরিতে আসা কর্মচারীটি বসের রুমে ঢুকে সালাম ঠুকে হাত কচলে বলতে লাগল, ‘আমি জানি স্যার, আপনি অত্যন্ত পাংচ্যুয়াল। অফিসের কাজ নিয়ে কোনো হাংকি পাংকি বরদাস্ত করেন না। অনেকে এজন্য আপনাকে পছন্দ না করলেও আমি আপনাকে স্যালুট জানাই।’ এ পর্যায়ে বস তাকে থামিয়ে দিয়ে বললেন, ‘থামুন, ওইসব তেল মেরে আমাকে বশ করতে পারবেন না।’ কর্মচারী আবার বলতে লাগল, ‘এটা স্যার আমি কেন, সারা দেশের মানুষ জানে। তেল মেরে আপনাকে ম্যানেজ করার চেয়ে এভারেস্ট শৃঙ্গে আরোহণ অনেক সহজ। আপনার মতো সৎ আর পাংচ্যুয়াল কর্মকর্তা যদি সবখানে থাকত, তাহলে এই দেশটা এতদিনে সত্যিকার সোনার বাংলা হয়ে যেত স্যার। আপনার নাম তো গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পাওয়া উচিত। কেন যে হয়নি তাই বুঝতে পারছি না।’ বসের মুখে হাসির রেখা। ইশারায় কর্মচারীকে বসতে বলে কলবেল টিপে বেয়ারাকে দু’কাপ চা দিতে বললেন। তারপর বললেন, ‘জানেন কলিম সাহেব, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য হলো, আমরা নিয়মকানুন মানি না। আর অন্যায়-অপরাধ সবকিছু তেল মেরে ম্যানেজ করা যায়।’ চা এলো। খেতে খেতে কলিম সাহেব তার বসকে বললেন, ‘স্যার আমি কী হাজিরা খাতায় সই করবো? বস এক গাল হেসে বললেন, ‘আপনাকে নিয়ে আর পারি না। নিন, সই করুন। 

এ গল্পের মাজেজা নিয়ে বিস্তর বিতর্ক থাকতে পারে। তবে সারমর্ম বোধ করি এটাইÑ তৈলাক্ত কথা দিয়ে অতিকঠোর বসকেও সহজেই ম্যানেজ করা যায়। যেমন মরিচায় আটকে যাওয়া কোনো যন্ত্রকে তেল ব্যবহারে সহজেই চালু করা সম্ভব। আসলে তেল বা তৈলমর্দনের ক্ষমতা অপরিসীম। বোধকরি সেজন্যই প্রখ্যাত প্রাবন্ধিক হরপ্রসাদ শাস্ত্রী তেলের মহিমা কীর্তনের জন্য তার বিখ্যাত ‘তৈল’ প্রবন্ধটি লিখেছিলেন। তেলের গুণকীর্তন করতে গিয়ে তিনি লিখেছেন, ‘বাস্তবিক তৈল সর্বশক্তিমান; যাহা বলের (শক্তি) অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে।’ স্বর্গীয় হরপ্রসাদ শাস্ত্রীর বর্ণনার পরে তেলের মাহাত্ম্য সম্বন্ধে নতুন আর কিছু বলার বোধ করি দরকার পড়ে না। তেল এমনই এক জলীয় পদার্থ যে, তা যদি মোক্ষম সময়ে সঠিক পাত্রে প্রদান করা যায় কিংবা শক্তিধর কোনো পদযুগলে মর্দন করা যায়, তাহলে কাঙ্ক্ষিত বস্তু কিংবা সুবিধার বাপের সাধ্যি কি আপনার হাতে ধরা না দেয়? আর সেজন্যই তিনি তেলের গুণকীর্তনের পাশাপাশি এর প্রয়োগ পদ্ধতিও বাতলে দিয়েছেন। বলেছেন, ‘সময়ে এক ফোঁটা ঢালিলে যে কাজ হয়, অসময়ে কলস কলস ঢালিলেও কোনো ফায়দা হয় না।’ বুঝতে কষ্ট হওয়ার কথা নয়, তিনি কী উপদেশ আমাদের জন্য খয়রাত করে গেছেন। তেল আপনি মর্দন করবেন, কিন্তু সেজন্য উপযুক্ত সময়কে বেছে নিতে হবে। অসময়ে কারও পায়ে তেল মালিশ করতে গেলে আশীর্বাদের পরিবর্তে আর্জেন্টিনার মেসির শটের শক্তি টের পেতে পারেন। সুতরাং সময় এবং সুযোগের অপেক্ষাই বাঞ্ছনীয়। 

তেলের প্রবেশাধিকার সর্বত্র। গৃহিণীর রসুই ঘর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ কার্যালয় পর্যন্ত তার অবাধ যাতায়াত। গত জমানায় আমরা দেশের সর্বোচ্চ কার্যালয়ে তৈলের বেপরোয়া ব্যবহার-অপব্যবহার দেখেছি। তখন তৈলমর্দনকারীদের পরিচয় পেয়ে যুগপৎ বিস্মিত ও ব্যথিত হয়েছি। বিস্মিত হয়েছি এ ভেবে যে, মানুষ কতটা বেহায়া-বেশরম ও আত্মমর্যাদাহীন হলে এভাবে তেল মালিশ করতে পারে! আর ব্যথিত হয়েছি, কারণ ওই তেলমালিশকারীরা পেশাগত দিক দিয়ে আমারই গোত্রভুক্ত। অর্থাৎ সাংবাদিক তাদের পরিচয়। ‘তিনি’ যখন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করার অনুমতি দিতেন, তখন প্রশ্নের পরিবর্তে পেতেন ‘তৈলার্ঘ্য’। অনেক সময় মনে হতো যেভাবে তিনি তৈলাক্ত হচ্ছেন, ডজন ডজন সাবান ঘষেও শরীর পরিষ্কার করতে পারবেন কি না সন্দেহ। অপেক্ষায় থাকতাম, কখন তিনি ওই তেল মালিশওয়ালাদের তিরস্কার করবেন। কিন্তু হা হতোস্মি! তিরস্কারের পরিবর্তে ওইসব ‘তৈলজীবী’ পুরস্কৃত হতেন। কেউ পেয়েছেন রাজউকের প্লট, কেউ পেয়েছেন টিভি চ্যানেলের লাইসেন্স। কেউবা পেয়েছেন বড় কোনো আন্তর্জাতিক ব্যবসায়ের লাইন। একদিন দেখলাম একটি ইলেক্ট্রনিক মিডিয়ার বড়কর্তা তিনাকে তেলের বন্যায় ভাসিয়ে দিয়ে বলছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, ‘আপনি দিন দিন যেভাবে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, ভয় হয় আমরা না আপনাকে হারিয়ে ফেলি।’ আমাদের মহান মুক্তিযুদ্ধের বছরকে নামের সঙ্গে যুক্ত করে প্রতিষ্ঠিত ওই টিভি চ্যানেলের সে কর্তার আশঙ্কা সত্যে পরিণত হতে সময় লাগেনি। এর দুই কি তিন মাস পরেই তিনি হারিয়ে গেলেন। অর্থাৎ জনরোষের কবলে পড়ে জান বাঁচাতে উড়াল দিয়ে দেশত্যাগে বাধ্য হন। তিনি এখন তার পছন্দের দেশের আদুরে অতিথি, আর সেই তৈলজীবী সাংবাদিক কারাগারে। 

বস্তুত, তেল এমন একটি পদার্থ এটাকে যে পাত্রে রাখা হয়, সে পাত্রের আকার ধারণ করে। তিনার জমানার খতম তারাবি হয়ে গেছে। কিন্তু তৈলমর্দনকারীরা হারিয়ে যায়নি। তারা নতুন রূপে, নতুন পরিচয়ে পাত্র হাতে সদা প্রস্তুত মর্দনকার্যে। বর্তমান প্রধানমন্ত্রী দেশে ফেরার পরদিন সকালে দেখলাম সেই একই টিভি চ্যানেল গুলশানের একটি বাড়ির সামনে ক্যামেরা বসিয়ে লাইভ সম্প্রচার করছেÑ ‘কিছুক্ষণ পরেই ‘তিনি’ বাসা থেকে বের হবেন। আমরা সে অপেক্ষায় আছি।’ বুঝুন এবার তৈলমর্দনের রূপান্তর কাকে বলে। 

আসলে তেল ও তেলমালিশ অবিনাশী। এর বিনাশ নেই, রূপান্তর ঘটে মাত্র। 


লেখক: মহিউদ্দিন খান মোহন (সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ) 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা