× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন দিগন্তে সেমিকন্ডাক্টর শিল্প

সম্পাদকীয়

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ০৯:৪০ এএম

গ্রাফিক্স: সংগৃহীত

গ্রাফিক্স: সংগৃহীত

বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে সেমিকন্ডাক্টর শিল্প। এই খাত এমন একটি উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্প, যেখানে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ ব্যবহার করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক চিপ, মাইক্রোপ্রসেসর, মেমোরি চিপ, সেন্সর এবং সমন্বিত বর্তনী নকশা, উৎপাদন ও পরীক্ষা করা হয়। এই চিপগুলো স্মার্টফোন, কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি, চিকিৎসা যন্ত্র, টেলিযোগাযোগ ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রে ব্যবহৃত হয়।

বিশ্ব অর্থনীতিতেও এটি সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত। ফলে এই শিল্পকে ঘিরে বৈশ্বিক প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। বাংলাদেশও যদি সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করতে পারেÑ তাহলে খাতটি দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন ভিত্তি হয়ে উঠতে পারে। এমনকি তৈরি পোশাক খাতের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের অর্থনীতির পরবর্তী প্রধান চালিকাশক্তি। সেই ক্ষেত্রে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

এমন এক বাস্তবতায় সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইটÑ প্রতিটি ক্ষেত্রেই সেমিকন্ডাক্টরের গুরুত্ব অপরিসীম। তিনি দেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের পর এই খাতটিতে গুরুত্ব দিতে চান। তিনি বলেন, এই খাতকে বাস্তবে রূপ দিতে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। শনিবার রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

বিশ্ববাজারে এই শিল্পের ব্যাপক গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের ব্যাপক সুযোগ বিদ্যমান। তিনি বিশ্বাস করেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। জানা যায়, এ খাতকে গতিশীল করতে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই খাতের উন্নয়ন একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি সম্মিলিত জাতীয় মিশন। তাই সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প মালিক, উদ্যোক্তা ও প্রবাসী বিশেষজ্ঞদের একযোগে কাজ করতে হবে। 

উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশ ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশে প্রতিবছর হাজার হাজার প্রকৌশলী ও তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশ করছে। এই মানবসম্পদকে যথাযথ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ দেওয়া গেলে সেমিকন্ডাক্টর ডিজাইন, চিপ যাচাই, সন্নিবেশিত সিস্টেম এবং গবেষণা ও উন্নয়নের মতো ক্ষেত্রে আন্তর্জাতিক মানের দক্ষতা তৈরি করা সম্ভব। ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে চিপ ডিজাইন-সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে- ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা।

এটা মানতেই হবে সকল ‘সম্ভাবনা’ খাত বাস্তবায়নের পথে বেশকিছু চ্যালেঞ্জ থাকে। যেহেতু সেমিকন্ডাক্টর শিল্প অত্যন্ত প্রযুক্তিনির্ভর ও বিপুল বিনিয়োগমুখীÑ তাই উন্নত অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গবেষণাগার এবং দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা প্রয়োজন। শুধু তাই নয়, দক্ষ জনবলসহ বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর-সুবিধা, সহজ ব্যবসায়িক পরিবেশ ও সম্পদ সুরক্ষার নিশ্চয়তা নিশ্চিত করা জরুরি। এটা নিশ্চিত যে, বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের চাহিদা আগামী দশকে আরও বৃদ্ধি পাবে। এক্ষেত্রে শিক্ষাক্রমে আধুনিক চিপ ডিজাইন ও মাইক্রোইলেকট্রনিক্স বিষয়ের সম্প্রসারণ, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং দক্ষ মানবসম্পদ তৈরির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা সময়ের দাবি। পাশাপাশি স্টার্টআপ ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করলে দেশীয় উদ্ভাবনের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে। 

আমরা মনে করি, এই শিল্প খাতটিই হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি। তার জন্য চাই, সমন্বিত উদ্যোগ। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ যদি এখন থেকেই দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করে তাহলে এই খাতের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করবে। সেমিকন্ডাক্টর শিল্প শুধু নতুন শিল্প খাত নয়, এটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনের অন্যতম ভিত্তি। এখন প্রয়োজন সাহসী সিদ্ধান্ত, ধারাবাহিক বিনিয়োগ ও বাস্তবমুখী উদ্যোগ। আজকের সঠিক পদক্ষেপই পারে আগামী দিনের প্রযুক্তিনির্ভর-সেমিকন্ডাক্টর শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়তে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা