× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটি অনন্য অর্জন

সম্পাদকীয়

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১২:৫০ পিএম

একটি অনন্য অর্জন

বৃক্ষ জীব জগতের অকৃত্রিম বন্ধুÑ এ কথা বলার অপেক্ষা রাখে না। সালোকসংশ্লেষণের মাধ্যমে বৃক্ষ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ করে। সে অক্সিজেন মানুষ ও অন্যান্য জীব গ্রহণ করে বেঁচে থাকে। পানির অপর নাম যেমন জীবন, তেমনি বৃক্ষকেও বলা যায় সে জীবনকে টিকিয়ে রাখার প্রধান উপাদান। পরিবেশ সুরক্ষায় বৃক্ষের এ ভূমিকার কথা বৈজ্ঞানিকভাবেই স্বীকৃত। তবে আমাদের দেশে সে তত্ত্বকে অনেকেই ধর্তব্যের মধ্যে গণ্য করেন বলে মনে হয় না। আর সেজন্যই নির্বিচারে বৃক্ষ নিধনে মেতে উঠি আমরা।

সরকারের পক্ষ থেকে প্রতিবছর মহাধুমধামে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হলেও তা সর্বসাধারণের মধ্যে কতটুকু প্রভাব ফেলে সে প্রশ্ন তোলা অবান্তর নয়। কেননা, সরকার বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার কথা বললেও সে আন্দোলন এখনও পর্যন্ত দানা বেঁধে ওঠেনি। তারপরও বিভিন্ন সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরিবেশ সুরক্ষার প্রথম পূর্বশর্ত বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা কর্মসূচি পালন করে থাকে। 

তেমনি একটি কর্মসূচি ছিল ‘মিশন গ্রিন বাংলাদেশ’। তরুণদের সংগঠিত করে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার এই কর্মসূচি এবার অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি। গতকাল প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশের ৬৪ জেলায় এই কর্মসূচির আওতায় পরিচালিত বৃক্ষরোপণ অভিযানকে জাতিসংঘ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউএনএপি) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। সংস্থাটি এ উদ্যোগকে বিশ্ব পরিবেশ দিবসের অংশ হওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অর্জন কেবল মিশন গ্রিন বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য জলবায়ু সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে এক ঐতিহাসিক মাইলফলক। বস্তুত, বর্তমানে আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ যখন বিপন্ন, তখন মিশন গ্রিন বাংলাদেশ-এর এ অর্জন সঙ্গত কারণেই আমাদের আশান্বিত করে তোলে। চারদিকে যখন পরিবেশ বিধ্বংসী তৎপরতা চলমান, তখন বৃক্ষরোপণের মতো একটি বৈপ্লবিক উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি এ কর্মসূচিকে অনুপ্রাণিত করবে। 

উল্লেখ্য, মিশন গ্রিন বাংলাদেশ-এর এ উদ্যোগে দেশের প্রায় দশটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সর্বাত্মক সহযোগিতা করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলই এ অর্জন। তারা বছরব্যাপী বৃক্ষরোপণে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা, বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার-মতবিনিময়সহ নানা কর্মসূচি পালন করেছে।

বলার অপেক্ষা রাখে না, বর্তমান সময়ে পরিবেশ সুরক্ষার বিকল্প কিছু নেই। নানা কারণে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে দিনকে দিন। বাতাসে কার্বন ডাই-অক্সাইডসহ অন্যান্য ক্ষতিকর উপাদানের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে মানবদেহে নানা রোগব্যাধিও বেড়ে যাচ্ছে। এর একমাত্র বিকল্প বাতাসে অক্সিজেন বৃদ্ধি করা। সেজন্য অক্সিজেন তৈরির প্রাকৃতিক রসায়নাগার গাছই একমাত্র ভরসা। যত বেশি গাছ লাগানো হবে, বাতাসে তত বেশি অক্সিজেন সরবরাহ হবে। কিন্তু আমাদের অসচেতনতা এবং দায়িত্বহীনতা এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ করা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এমনকি দেশের বিভিন্ন বনাঞ্চল থেকে প্রতিনিয়ত গাছ চুরি হচ্ছে। সে চুরিতে সহযোগীর ভূমিকা পালন করছে বন রক্ষায় নিয়োজিত একশ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারী। ফলে গাছ চুরি ও পাচার অব্যাহতভাবে চলছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগানোর কথা ঘোষণা করেছেন। এটি নিছক রাজনৈতিক ঘোষণা নয়, বরং দেশকে সবুজে ঢেকে দেওয়ার প্রতিশ্রুতি। 

উল্লেখ্য, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানও বৃক্ষরোপণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে গ্রহণ করেছিলেন। সে সময় তিনি সড়ক-মহাসড়কের দু’পাশে, নদী-খালের দুই তীরে গাছ লাগানোর জন্য জনগণকে উদ্বুদ্ধ করেছেন। তারই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে বৃক্ষরোপণ রূপ নিয়েছিল একটি সামাজিক আন্দোলনে। কিন্তু রাজনৈতিক ঘাত-প্রতিঘাত ও সরকারগুলোর উদাসীনতার কারণে তা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।

সবুজ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সরকার গ্রহণ করেছে, তার সামনে প্রধান বাধা নির্বিচারে গাছ কর্তন। অপরিকল্পিত নগরায়ণ, নানা প্রয়োজনে সরকারি-বেসরকারি ভবন ও রাস্তাঘাট নির্মাণ করতে গিয়ে ব্যাপক বৃক্ষ নিধন করা হয়। কিন্তু তার বিপরীতে বৃক্ষরোপণ করা হয় খুবই কম। আমরা মনে করি, রাষ্ট্রীয় প্রয়োজনে বা অন্য কোনো কারণে গাছ কাটা জরুরি হয়ে পড়লে একটি গাছের বিপরীতে অন্তত পাঁচটি গাছ রোপণ বাধ্যতামূলক করে আইন প্রণীত হওয়া দরকার। শুধু তাই নয়, রোপিত সে শিশুবৃক্ষকে পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্ব নিধনকারীদের পালন করতে হবে। 

মিশন গ্রিন বাংলাদেশ আজ যে স্বীকৃতি অর্জন করল, তা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তাদের এ সাফল্য অন্যান্য সংগঠনকেও উদ্বুদ্ধ করবে নিঃসন্দেহে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আক্ষরিক অর্থে একটি ‘ছায়া সুনিবিড় শান্তির নীড়ে’ পরিণত হবে বলে আমাদের বিশ্বাস। মিশন গ্রিন বাংলাদেশকে অভিনন্দন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা