ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিকাশ কোনো প্রথাগত রাজনৈতিক দল গঠনের ব্যাকরণ মেনে হয়নি। রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপকের নেতৃত্বে ২০২৬ সালের মে মাসে প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের পর এটি শুরু হয়েছিল এক নিছক ডিজিটাল বিদ্রূপ বা স্যাটায়ার হিসেবে। কিন্তু রাষ্ট্র যখন তরুণদের আত্মমর্যাদায় আঘাত করে এবং মেধার অধিকারকে করপোরেট ও মাফিয়াতন্ত্রের কাছে বন্ধক দেয়, তখন ব্যঙ্গচিত্রই হয়ে ওঠে বিপ্লবের ইশতেহার।
জুন মাস থেকে ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কোটি কোটি ইনস্টাগ্রাম অনুসারী নিয়ে এই আন্দোলন যখন দিল্লির যন্তর মন্তরে স্থায়ী তাঁবু ফেলল, তখন রাষ্ট্র একে ‘উচ্ছৃঙ্খল উপাদান’ বলে উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু খ্যাতনামা শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের ২৫ দিনের দীর্ঘ অনশন এই যুব আন্দোলনকে এক অভূতপূর্ব নৈতিক দৃঢ়তা দান করে। ২৫তম দিনে চিকিৎসকদের পরামর্শ ও আন্দোলনকারীদের অনুরোধে তিনি অনশন ভঙ্গ করেন, যা এই ক্ষোভকে ঝিমিয়ে পড়তে দেয়নি, বরং সমগ্র ভারতের রাজপথে দাবানলের মতো ছড়িয়ে দিয়েছে।
গত ১৮ জুলাই অনশনরত ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে স্থানান্তর করা হলে তরুণদের ক্ষোভের আগুন তীব্র আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘ককরোচ জনতা’ যখন দিল্লির ৫টি মেট্রো স্টেশন বন্ধ করার সরকারি সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যারিকেড ভাঙতে শুরু করল, তখন স্পষ্ট হয়ে গেল যে, এই ক্ষোভ কেবল পরীক্ষা ব্যবস্থার সংস্কারে সীমাবদ্ধ নেই। নিট আন্দোলনের সর্বশেষ পরিস্থিতিতে এখন সমগ্র ভারতে সর্বাত্মক বিক্ষোভ ও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এটি আসলে রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের এবং ‘ইনসাফ’ বা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অলিখিত গণসংগ্রামে রূপ নিয়েছে।
১. একটি সাময়িক সামাজিক বিক্ষোভ কীভাবে দীর্ঘমেয়াদি রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়, সিজেপির বর্তমান সাংগঠনিক কাঠামো তার একটি বড় উদাহরণ। এই আন্দোলন প্রথাগত ছাত্ররাজনীতির বৃত্ত ভেঙে এক নতুন প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করছে-
ক. ভারতের ভোটারদের এক বিশাল অংশ তরুণ, যারা প্রথাগত দলগুলোর হিন্দুত্ববাদ বনাম ধর্মনিরপেক্ষতার পুরনো বয়ানে ক্লান্ত। সিজেপি মেধা, কর্মসংস্থান ও সুশাসনের যে ‘ইনসাফ বয়ান’ তৈরি করেছে, তা তাদের একটি বৈপ্লবিক প্লাটফর্ম দিচ্ছে।
খ. এটি আম আদমি পার্টির (AAP) প্রথম জীবনের মতো কোনো সাধারণ জটলা নয়। এটি সামাজিক মাধ্যমের ‘ইনফ্লুয়েন্সার নেটওয়ার্ক’ এবং রাজপথের ‘লজিস্টিক চেইনের’ এক অভূতপূর্ব মিশ্রণ। বিকেন্দ্রীকৃত নেতৃত্ব হওয়ার কারণে পুলিশ প্রধান নেতাদের গ্রেপ্তার করলেও আন্দোলন স্তিমিত হচ্ছে না; বরং বিকল্প ডিজিটাল কমান্ড থেকে পরবর্তী কর্মসূচির নির্দেশনা চলে আসছে।
গ. আন্দোলনটি শুরুতে দিল্লি ও হিন্দি বলয়ের শহুরে তরুণদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সাম্প্রতিককালে সর্বভারতীয় বিক্ষোভের ডাকে তা দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা কিংবা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোয়ও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যদি সিজেপি একটি আনুষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হয়, তবে তা ভারতের রাজনীতিতে একটি শক্তিশালী ‘তৃতীয় মেরু’ বা ‘কিংমেকার’ হিসেবে আত্মপ্রকাশ করবে।
২. জুলাইয়ের ২০ তারিখ সংসদ অভিমুখে পদযাত্রা এবং পরবর্তীকালে সারা ভারতে ছড়িয়ে পড়া সর্বাত্মক বিক্ষোভ মোদি সরকারের টানা তৃতীয় মেয়াদের ভঙ্গুর ভিতকে চরম অস্তিত্ব সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার ‘আরাগলায়া’ বা বাংলাদেশের ‘জুলাই বিপ্লবের’ মতো এই বিক্ষোভ কি ভারতের চূড়ান্ত শাসন পরিবর্তনে রূপ নিতে পারে? এর উত্তর লুকিয়ে আছে ভারতের জটিল ভূরাজনৈতিক সমীকরণে -
ক. ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর বর্তমান বিজেপি সরকার জোটসঙ্গীদের ওপর চরমভাবে নির্ভরশীল। ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি, সোনম ওয়াংচুকের অনশন ও তার ওপর রাষ্ট্রীয় দমনপীড়ন সরকারের নৈতিক অবস্থান ধূলিসাৎ করে দিয়েছে। সর্বভারতীয় বিক্ষোভ তীব্রতর হলে অন্ধ্র প্রদেশ বা বিহারের মতো রাজ্যগুলোর শরিক দলগুলো কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহারের কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে, যা সংসদীয় গণতন্ত্রে সরকারের পতন ঘটাতে সক্ষম।
খ. স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার পতনের প্রথম শর্ত হলো জনগণের মন থেকে ভয়ের অবসান। পুলিশ অভিজিৎ দীপককে তুলে নিয়ে যাওয়ার পরও যেভাবে লক্ষাধিক তরুণ রাজপথ ছাড়েনি, তা প্রমাণ করে যে, রাষ্ট্রযন্ত্রের মূল হাতিয়ার ‘ভয়’ আর কাজ করছে না।
গ. নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কার সঙ্গে ভারতের একটি বড় তফাত হলো এর বিশাল ভৌগোলিক আয়তন এবং শক্তিশালী আমলাতান্ত্রিক ও সামরিক কাঠামো। দিল্লির আন্দোলন একা পুরো ভারতকে স্তব্ধ করতে পারত না, কিন্তু বর্তমানে সমগ্র ভারতজুড়ে যে সমন্বিত ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়েছে, তা রাতারাতি পরিস্থিতি বদলে দিয়েছে। এটি যদি আরও কয়েক সপ্তাহ স্থায়ী হয়, তবে তা মধ্যবর্তী নির্বাচন কিংবা সরকারের শীর্ষ নেতৃত্বে বাধ্যবাধকতামূলক রদবদল ডেকে আনবে।
৩. দিল্লির এই যুব জাগরণকে কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখলে ভুল হবে। সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তরুণ প্রজন্মের নেতৃত্বে এক বিশাল মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন দেখা গেছে-
ক. শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক বিপর্যয় ও কুশাসনের বিরুদ্ধে যুবসমাজের ঐতিহাসিক ‘আরাগলায়া’ আন্দোলন রাজাপাকসে রাজবংশের পতন ঘটিয়েছিল। পরবর্তীতে বাংলাদেশে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের একদলীয় রাজনৈতিক শাসনের অবসান ঘটে, যা দিল্লির একপাক্ষিক ‘রেজিম সাপোর্ট’ বা নির্দিষ্ট সরকার-তোষণ নীতিকে চরম ব্যর্থতার মুখোমুখি দাঁড় করায়। বর্তমান সময়ে এসে দিল্লিতে প্রশ্নপত্র ফাঁস ও তীব্র বেকারত্বের বিরুদ্ধে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টির (সিজেপি) এই আন্দোলন প্রমাণ করে যে, এই আঞ্চলিক যুব জাগরণের ঢেউ এখন খোদ ভারতের শাসনব্যবস্থার জবাবদিহিতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
খ. দক্ষিণ এশিয়ায় দীর্ঘকাল ধরে কর্তৃত্ববাদী শাসকদের একে অপরকে টিকিয়ে রাখার একটি অলিখিত ‘স্বৈরতান্ত্রিক নেটওয়ার্ক’ কাজ করত। ভারতের এই আন্দোলন প্রমাণ করছে যে, কোনো আঞ্চলিক পরাশক্তি আর প্রতিবেশী দেশের স্বৈরশাসককে টিকিয়ে রাখার গ্যারান্টি দিতে পারবে না, কারণ তাদের নিজেদের অভ্যন্তরীণ ভিতই এখন চরম নড়বড়ে।
গ. এতদিন দক্ষিণ এশিয়ার কূটনীতি ছিল রাষ্ট্রপ্রধানদের ব্যক্তিগত বন্ধুত্ব বা সামরিক চুক্তিনির্ভর। কিন্তু এখন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের তরুণদের মধ্যে একটি ‘ডিজিটাল ও মনস্তাত্ত্বিক সংহতি’ তৈরি হয়েছে। দুই দেশের তরুণরাই অভিন্ন শোষণের (যেমনÑ প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি, বাক স্বাধীনতা হরণ) বিরুদ্ধে লড়ছে। ফলে ভবিষ্যৎ কূটনীতি আর রাষ্ট্রযন্ত্রের একচেটিয়া নিয়ন্ত্রণে থাকবে না, তা চালিত হবে জনআকাঙ্ক্ষা দ্বারা।
ঘ. ভারতের এই অভ্যন্তরীণ অস্থিরতা দক্ষিণ এশিয়ায় দিল্লির কৌশলগত মনোযোগ কমিয়ে দিচ্ছে। ভারতের এই নড়বড়ে পরিস্থিতির সুযোগ নিয়ে চীন নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা মালদ্বীপে তাদের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব আরও বাড়াতে সচেষ্ট হবে, যা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে।
৪. ভারতের দক্ষিণপন্থী রাজনীতি দীর্ঘ বছর ধরে ‘হিন্দু রাষ্ট্র’ কিংবা ‘অখণ্ড ভারত’-এর মতো সাংস্কৃতিক ও ধর্মীয় আখ্যানকে সামনে রেখে জনমনকে চালিত করেছে। কিন্তু ককরোচ জনতা পার্টির আন্দোলন এই প্রথম ভারতীয় রাজনীতির মূল আলোচনায় ‘ইনসাফ’ বা অধিকারভিত্তিক রাষ্ট্রকাঠামোর ধারণাকে জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।
যখন লক্ষাধিক রুপি খরচ করে কোচিং সেন্টারে পড়া ধনী পরিবারের সন্তানের কাছে প্রশ্নপত্র বিক্রি হয়ে যায়, তখন দলিত, আদিবাসী কিংবা সাধারণ নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এই কাঠামোগত অবিচারের বিরুদ্ধেই আজ ‘মহাভারতের প্রাণকেন্দ্র’ অর্থাৎ ভারতের নীতিনির্ধারণী রাজধানী দিল্লিতে লড়াই চলছে। তরুণরা আজ বুঝতে পেরেছে যে, কেবল ভোটের মাধ্যমে প্রতিনিধি বদল করলেই ইনসাফ প্রতিষ্ঠা হয় না, যদি না শিক্ষাব্যবস্থা, বিচার বিভাগ এবং প্রশাসনিক কাঠামোয় আমূল সংস্কার আনা যায়। ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সিজেপি প্রতিনিধিদের বৈঠক এবং সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান ইঙ্গিত করে যে, রাষ্ট্র এখন এই ‘তেলাপোকাদের’ আর কোনোভাবেই উপেক্ষা করতে পারছে না।
৫. নয়াদিল্লির সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির এই পদযাত্রা ও পরবর্তী সর্বভারতীয় আন্দোলন কেবল একটি পরীক্ষা সংস্কারের আন্দোলন নয়; এটি উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা। সোনম ওয়াংচুকের ২৫ দিনের অনশন শেষ হলেও তা আন্দোলনে যে নৈতিক জ্বালানি জুগিয়েছে, তা সমগ্র ভারতের তরুণদের মধ্যে দাবানল তৈরি করেছে।
এটি একই সঙ্গে দিল্লির ক্ষমতার পালাবদলের পদধ্বনি কিনা তা এখনও বলা যায় না। তবে নতুন প্রজন্মের এই উত্থানের মধ্যে নতুন হয়তো লুকিয়ে আছে। ভারত সরকার যদি এখনও লাঠি, কাঁদুনে গ্যাস আর ইন্টারনেট বন্ধের পুরনো ভাষায় এই দাবিকে দমন করতে চায়, তবে তা হবে চরম আত্মঘাতী। কারণ এই আন্দোলনকারীরা তাদের মাসকটের মতোই; যাদের সহজে বিনাশ করা যায় না, যারা চরম প্রতিকূলতার মধ্যেও টিকে থাকে এবং বারবার রাজপথে ফিরে আসে। ভারতের প্রাণকেন্দ্রে শুরু হওয়া এই যুব জাগরণ শেষ পর্যন্ত ভারতকে এক নতুন রাষ্ট্রকাঠামোর দিকে নিয়ে যাবে কি না, তা সময়ই বলবে। তবে তরুণদের এই উত্থানকে রাজনীতিবিদদের অবশ্যই ভাবনায় নিতে হবে। তারুণ্যের এই শক্তি একটি রাষ্ট্রের ভিতকে যে নাড়িয়ে দিতে পারে- সেটা তাদের উপলব্ধিতে আনতে হবে।
এদিকে সর্বশেষ খবর হলো, আন্দোলনকারীদের দাবির মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তার এ পদত্যাগ আন্দোলনের আগুন নির্বাপিত করতে পারবে, নাকি তা আরও বেশি উস্কে দেবে, অচিরেই তা স্পষ্ট হবে।
লেখক: ভূরাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ