ইমেইল থেকে
আমানুর রহমান
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১২:৩৯ পিএম
ফাস্ট ফুড। ছবি: সংগৃহীত
আধুনিক জীবনযাত্রার এক অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে ফাস্ট ফুড-নির্ভর খাদ্যাভ্যাস। আর এর হাত ধরেই আমাদের শরীরে বাসা বাঁধছে নীরব ঘাতক নানা ব্যাধি। চিকিৎসাবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সত্ত্বেও বর্তমান বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এর একটি বড় অংশের জন্যই দায়ী আমাদের প্রাত্যহিক ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস। প্রতিদিনের ব্যস্ততায় সময় বাঁচাতে বা কেবল সাময়িক স্বাদের মোহে আমরা এমন কিছু খাবার খাচ্ছি, যা ধীরে ধীরে শরীরে ক্যানসারের বীজ বপন করছে। খাবার থালায় থাকা সাধারণ ও লোভনীয় উপাদানগুলো কীভাবে আমাদের আয়ু কমিয়ে আনছে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তা এখনই অনুধাবন করার সময় এসেছে।
সকালের নাশতা থেকে শুরু করে রাতের খাবারÑ সবখানেই পরিশোধিত ময়দা ও প্রক্রিয়াজাত চিনির আধিপত্য অস্বীকার করার উপায় নেই। উদ্বেগজনক বিষয় হলো, কারখানায় পরিশোধনের সময় গমের প্রায় সব প্রয়োজনীয় পুষ্টিগুণই নষ্ট হয়ে যায়। এরপর ক্রেতার চোখে আকর্ষণীয় ও ধবধবে সাদা করার জন্য ক্ষতিকর ক্লোরিন গ্যাস দিয়ে একে ব্লিচ করা হয়। শরীরে কোনো পুষ্টি সরবরাহ না করেই এসব খাবার রক্তে ইনসুলিনের মাত্রা অস্বাভাবিক হারে বাড়িয়ে দেয়, যা ক্যানসারের মতো ভয়াবহ রোগের পথ প্রশস্ত করে। অন্যদিকে, প্রক্রিয়াজাত চিনি কেবল ইনসুলিনের মাত্রাই বাড়ায় না, বরং ক্যানসার কোষের বিস্তারে অন্যতম প্রধান জ্বালানি হিসেবেও কাজ করে। কৃত্রিম ও প্রক্রিয়াজাত চিনির এই ভয়াল থাবা থেকে বাঁচতে আমাদের মধু, গুড় বা ম্যাপল সিরাপের মতো প্রাকৃতিক মিষ্টির দিকে ঝুঁকতে হবে, যা শরীরে গ্লুকোজের স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।
‘মাছে-ভাতে বাঙালি’ হিসেবে আমাদের আদি পরিচিতি থাকলেও আধুনিক বাণিজ্যিক মাছ চাষের নেতিবাচক দিকগুলো আজ আর কারও অজানা নয়। বর্তমানে পুকুর বা ঘেরে মাছকে ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবীর আক্রমণ থেকে বাঁচাতে অহরহ ব্যবহৃত হচ্ছে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক, কীটনাশক এবং ক্যানসার সৃষ্টিকারী (কার্সিনোজেনিক) নানা রাসায়নিক উপাদান। এসব ক্ষতিকর উপাদান মাছের মাধ্যমে সরাসরি মানবদেহে প্রবেশ করে কোষের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এবং ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। অন্যদিকে, ছোট-বড় সবার পছন্দের আলুর চিপসের কথাও এড়িয়ে যাওয়ার উপায় নেই। চিপসকে আকর্ষণীয় ও মচমচে করার জন্য কারখানায় অত্যন্ত উচ্চ তাপমাত্রায় ভাজা হয়। ফলে এর ভেতরে ‘অ্যাক্রিলামাইড’ নামক এক ধরনের বিষাক্ত কার্সিনোজেন তৈরি হয়। আপাতদৃষ্টিতে নিরীহ মনে হওয়া এসব খাবার ক্যানসার বিস্তারে কতটা সক্রিয়, বৈজ্ঞানিক উপাত্ত থেকেই তা সুস্পষ্ট।
খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য হলো শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখা। কিন্তু সেই খাদ্যই যদি প্রাণঘাতী রোগের প্রধান কারণ হয়ে দাঁড়ায়, তবে তা মানবজাতির জন্য এক চরম অশনিসংকেত। ক্যানসার কেবল জিনগত বা জেনেটিক রোগ নয়; বরং অনেকাংশেই এটি আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অসচেতন খাদ্যাভ্যাসের ওপর নির্ভরশীল। সাময়িক স্বাদ ও সস্তা আকর্ষণের মোহে মহামূল্যবান শরীরকে বিষাক্ত রাসায়নিকের পরীক্ষাগারে পরিণত করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হতে পারে না। আমাদের এখনই উচিত প্রক্রিয়াজাত ও কৃত্রিম খাবার বর্জন করে সম্পূর্ণ প্রাকৃতিক, তাজা ও ঘরে তৈরি খাবারের দিকে ফিরে যাওয়া।
লেখক: শিক্ষার্থী, স্নাতক, হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা