ইমেইল থেকে
তানজিদ শুভ্র
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:৩২ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
মৌসুম এলে দেশের আম-কাঁঠাল-লিচুর বাগানে যে দৃশ্য দেখা যায়, তার একটা দিক আনন্দের, আরেকটা দিক বেদনার। গাছ ভরা ফল দেখে কৃষকের চোখে যে স্বস্তি ফোটে, বাজারে পৌঁছানোর আগেই তার একটা বড় অংশ পচে নষ্ট হলে সেই একই কৃষকের মুখে নেমে আসে হতাশা। আমরা ফলাচ্ছি ঠিকই, কিন্তু সেই ফল সংরক্ষণ ও বাজারজাত করার ব্যবস্থা এখনও পুরনো ধাঁচের। এই চক্র ভাঙতে সরবরাহ ব্যবস্থার আমূল আধুনিকায়ন ছাড়া বিকল্প নেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে ২০২৫ সালে দেশে প্রায় ১ কোটি ৫১ লাখ টন ফল উৎপাদিত হয়েছে। দেশে এখন প্রায় ১৩০ ধরনের ফলের সন্ধান মেলে, যার মধ্যে প্রায় ৭০টির চাষ হয়। সংখ্যার হিসাবে এই প্রবৃদ্ধি চোখ ধাঁধানো, কিন্তু মাঠপর্যায়ে গিয়ে এই সাফল্য ধাক্কা খায়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের প্রাক্কলন অনুযায়ী, বিক্রয়োত্তর পর্যায়ে দেশের ফলের ২৫ থেকে ৩০ শতাংশ, কোনো কোনো ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত নষ্ট হয়। গড়ে প্রতি কেজি ফলের দাম ৫০ থেকে ১০০ টাকা ধরলে বছরে অন্তত ৫০ লাখ মেট্রিক টন ফল নষ্ট হওয়ার অর্থ দাঁড়ায় ২৫ থেকে ৫০ হাজার কোটি টাকার ক্ষতি। শুধু ঈশ্বরদীতেই প্রতিবছর প্রায় ২২৫ কোটি টাকার লিচু নষ্ট হয় বলে স্থানীয় প্রতিবেদনে উঠে এসেছে।
সমস্যাটা কেবল বাংলাদেশের নয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী উৎপাদিত মোট খাদ্যের ১৩.৩ শতাংশ ফসল তোলার পর খুচরা বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়, যার পরিমাণ প্রায় ১৩১ কোটি টন। সব খাদ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি নষ্ট হয় ফল ও সবজি, যার হার ২০১৫ সালের ২৩.২ শতাংশ থেকে বেড়ে ২০২৩ সালে দাঁড়িয়েছে ২৫.৪ শতাংশে। স্বল্পোন্নত দেশগুলোতে গড় ক্ষতির হার প্রায় ২০ শতাংশ, যে তালিকায় বাংলাদেশও পড়ে। এই পার্থক্যের কারণ স্পষ্ট, উন্নত দেশে কোল্ড চেইন ও দ্রুত পরিবহন ব্যবস্থা আছে, উন্নয়নশীল দেশে যা এখনও দুর্বল।
দেশের ফল খাতের সবচেয়ে বড় সমস্যা কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থার ঘাটতি বলে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা বারবার জানিয়েছেন। ভেপার হিট ট্রিটমেন্ট সুবিধা থাকলেও তা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না, ফলে আন্তর্জাতিক বাজারে দেশের কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প খাতের তথ্যমতে, আমের পাল্প সংরক্ষণের জন্য এখনও আলুর কোল্ড স্টোরেজ ব্যবহার করতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান নয়। উচ্চ বিমান ভাড়া আর কার্গো স্পেসের সংকটও রপ্তানিকে পিছিয়ে দিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রপ্তানি প্রণোদনা ২০ শতাংশ থেকে কমে ১০ শতাংশে নামা এবং উচ্চ সুদের ঋণ।
এই সংকটের মূলে একটি কাঠামোগত ভুল রয়েছে। কৃষিতে বিনিয়োগ হয়েছে মূলত উৎপাদন বাড়ানোর জন্য, কিন্তু মাঠ থেকে বাজার পর্যন্ত ভ্যালু চেইন উপেক্ষিত থেকে গেছে। ফলে একদিকে বাম্পার ফলনের খবর আসে, অন্যদিকে সেই একই ফসল পচে নষ্ট হওয়ার খবরও আসে। এটি কেবল অর্থনৈতিক নয়, জলবায়ু, শ্রম ও জমির সম্পদেরও অপচয়।
করণীয় স্পষ্ট, প্রতিটি প্রধান ফল উৎপাদন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ ও সংগ্রহ কেন্দ্র গড়ে তুলতে হবে। বিমান কার্গোতে দ্রুত নষ্ট হওয়া কৃষিপণ্যের জন্য অগ্রাধিকার ও যৌক্তিক ভাড়া নির্ধারণ প্রয়োজন। ভেপার হিট ট্রিটমেন্ট ও উন্নত প্রযুক্তির কার্যকর ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ ও একক দুয়ার সেবা চালু করতে হবে। আর সবচেয়ে জরুরি, গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।
সবমিলিয়ে বলা যায়, উৎপাদনে যতটা এগিয়েছে বাংলাদেশ, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় ততটাই পিছিয়ে আছে। এই ফারাক ঘোচানো গেলেই বাংলাদেশের ফল কেবল মৌসুমি সৌন্দর্য নয়, হয়ে উঠবে টেকসই অর্থনীতির শক্তিশালী একটি স্তম্ভ।
লেখক: তানজিদ শুভ্র (শিক্ষার্থী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর)