ইমেইল থেকে
মায়া আক্তার
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:২৮ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাবের মুখোমুখি। একসময় খাদ্যসংকট বলতে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা কিংবা অর্থনৈতিক মন্দাকে বোঝানো হতো। কিন্তু একবিংশ শতাব্দীতে মানবসভ্যতার সামনে নতুন এক বৈশ্বিক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে জলবায়ু পরিবর্তন।
এটি আর কেবল পরিবেশগত সংকট নয়; বরং খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য এক গভীর চ্যালেঞ্জ। বিশ্বের বিভিন্ন দেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশও এর ক্রমবর্ধমান প্রভাব অনুভব করছে।
সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার আচরণে অস্বাভাবিক পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে। কোথাও দীর্ঘস্থায়ী খরা, কোথাও অতিবৃষ্টি, আবার কোথাও ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যা কৃষি উৎপাদনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। কৃষকরা আর আগের মতো নির্দিষ্ট মৌসুম ও আবহাওয়ার ওপর নির্ভর করে চাষাবাদ করতে পারছেন না। ফলে উৎপাদন পরিকল্পনা ব্যাহত হচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকের আর্থিক ঝুঁকি বাড়ছে।
বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও বন্যা দেশের কৃষিকে ক্রমেই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। উপকূলীয় অঞ্চলে হাজার হাজার হেক্টর কৃষিজমির উৎপাদনশীলতা কমে যাচ্ছে। অন্যদিকে উত্তরাঞ্চলে খরা এবং মধ্যাঞ্চলে অনিয়মিত বৃষ্টিপাত কৃষি উৎপাদনকে আরও অনিশ্চিত করে তুলছে। ফলে দেশের খাদ্য উৎপাদন ব্যবস্থাকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এখন সময়ের দাবি।
শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও একই ধরনের সংকট দেখা যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও জাতিসংঘের তথ্য অনুযায়ী, তাপমাত্রা বৃদ্ধির ফলে গম, ধান ও ভুট্টার মতো প্রধান খাদ্যশস্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। অথচ পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ফলে খাদ্য উৎপাদনের এই অনিশ্চয়তা ভবিষ্যৎ বিশ্বের জন্য এক বড় সতর্কবার্তা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এটি একটি বৈশ্বিক সংকট, যার সমাধানও হতে হবে সমন্বিত বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে। শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা জরুরি।
লেখক: মোছা. মায়া আক্তার (শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়)