× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

খাদ্যে ভেজাল ও বিপন্ন জনস্বাস্থ্য

শিমলা পাল

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সোনালি রোদের এক নতুন সকাল। ঘুম থেকে উঠেই আমরা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজছি, টেবিলের ওপর ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিচ্ছি, কিংবা পরিবারের কনিষ্ঠ সদস্যটির মুখে তুলে দিচ্ছি চকচকে লাল আপেল; আমরা কি নিশ্চিত- এগুলো আমাদের জীবন দিচ্ছে নাকি নীরবে আয়ু কেড়ে নিচ্ছে? রুপালি পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ংকর সত্যি আজ আমাদের তাড়া করে ফিরছে। আমরা বিষের চড়া দাম দিয়ে প্রতিদিন ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছি রোগব্যাধির এক নীরব উৎসব।

ধোঁয়া ওঠা ভাতের থালা কিংবা চকমকে লাল আপেল দেখে আমরা যখন তৃপ্তির হাসিমুখে হাত বাড়াই, ঠিক তখনই আমাদের অবচেতনে এক অদৃশ্য আতঙ্কের কাঁটা বিঁধে যায়। জেনেশুনে বিষপান হয়তো কেউ করে না, কিন্তু আমাদের চারপাশের একশ্রেণির অসাধু মানুষের অতিমুনাফার লোভে সাধারণ মানুষ আজ অজান্তেই প্রতিদিন বিষ খাচ্ছে।

বাস্তবতা আজ কতটা নির্মম, তা প্রতিদিনের কাঁচাবাজারের সাধারণ চিত্রের দিকে তাকালেই স্পষ্ট হয়ে ওঠে। বাজারের মুদি দোকান থেকে শুরু করে ফুটপাতের ফলের দোকান, সবখানেই এক অদৃশ্য আতঙ্কের ছায়া। একজন মা যখন তার অবুঝ সন্তানের জন্য হলুদের গুঁড়ো এবং মসলা কেনেন, তিনি হয়তো কল্পনাও করতে পারেন না যে তরকারিকে আকর্ষণীয় করতে সেই মসলায় মেশানো হয়েছে কাপড়ের বিষাক্ত টেক্সটাইল রঙ। একইভাবে ফল পাকাতে কার্বাইড, মাছ-মাংস তাজা রাখতে ফরমালিন এবং চাল চকচকে করতে ক্ষতিকর ইউরিয়া পলিশের ব্যবহার এখন এক ওপেন সিক্রেট। সকালে যে সয়াবিন তেলে রান্না হচ্ছে, তার মান নিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষের মনে সংশয় জমছে। ভোক্তারা আজ চড়া দামে জিনিস কিনেও এক তীব্র অনিশ্চয়তায় ভুগছেন যে, তারা পুষ্টি কিনছেন নাকি থালাভর্তি রোগব্যাধি ঘরে নিয়ে যাচ্ছেন। 

পরিসংখ্যানের পাতা উল্টালে গা-শিউরে ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বৈশ্বিক তথ্য এবং বাংলাদেশের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল’ (NICRH)-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে লিভার বিকল, কিডনি রোগ এবং ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই অসংক্রামক ব্যাধিগুলো বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো দীর্ঘমেয়াদে কেমিক্যালযুক্ত ভেজাল খাদ্য গ্রহণ করা। হাসপাতালগুলোর গ্যাস্ট্রোএন্টারোলজি কিংবা অনকোলজি (ক্যানসার) বিভাগে গেলেই দেখা যায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের হাহাকার। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে হাজারো পরিবার। বর্তমান প্রেক্ষাপটে যেখানে রাষ্ট্রের মূল লক্ষ্য একটি সুস্থ ও মেধাবী জাতি গড়ার স্বপ্ন যেখানে, সেখানে খাদ্যের এই অদৃশ্য বিষ আমাদের সেই ভিতকে ভেতর থেকে নড়বড়ে করে দিচ্ছে।

এখন প্রশ্ন আসে, এই মারাত্মক সংকটের দায় আসলে কার? সরকার প্রতিনিয়ত ভেজাল-বিরোধী অভিযান চালাচ্ছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু শুধু অভিযান দিয়ে কোটি কোটি মানুষের রান্নাঘরে গিয়ে তো আর পাহারা দেওয়া সম্ভব নয়। এখানে প্রয়োজন বিদ্যমান আইনের কঠোর ও দৃষ্টান্তমূলক প্রয়োগ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ হলো বাংলাদেশের ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং প্রতারণামূলক বা ক্ষতিকারক ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধের একটি প্রধান আইনি কাঠামো। কিন্তু অসাধু সিন্ডিকেটের চতুরতার কাছে সাধারণ মানুষ প্রায়শই জিম্মি হয়ে পড়ে। যখনই কোনো অসাধু ব্যবসায়ী খাবারে কেমিক্যাল মেশাবে, তখন কেবল নামমাত্র জরিমানা নয়, বরং এমন দৃষ্টান্তমূলক আইনি শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে অন্য কেউ এই অপরাধ করার সাহস না পায়। আইনের এই কঠোর বজ্রমুষ্টির পাশাপাশি আসল গলদ আমাদের নৈতিকতায়। যারা এই ব্যবসার সাথে জড়িত, তারা ভুলে গেছেন হয়তো যে বিষাক্ত খাদ্য তারা বাজারে ছাড়ছেন, তা ঘুরেফিরে তাদের নিজেদের সন্তান বা আত্মীয়-স্বজনের থালাতেও পৌঁছতে পারে। এটি কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি পুরো প্রজন্মকে নীরবে পঙ্গু করে দেওয়ার শামিল।

খাদ্য আমাদের বেঁচে থাকার রসদ, মৃত্যুর পরোয়ানা নয়। ২০২৬ সালের এই আধুনিক বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের প্রতিজ্ঞা হোক আমরা আর বিষাক্ত থালায় নিজেদের ভবিষ্যৎ সঁপে দেব না। প্রশাসন, ব্যবসায়ী এবং সচেতন নাগরিক সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের আগামী দিনের সবচেয়ে বড় অঙ্গীকার। আমরা গড়ে তুলব এক ভেজালমুক্ত, নিরাপদ ও সুস্থ বাংলাদেশ।

লেখক: শিমলা পাল (আইন বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় )


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা