প্রতীকী ছবি
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আজ নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে মধ্যপ্রাচ্য ঘিরে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক সরবরাহ চেইনে বিঘ্ন ও সারের দাম বৃদ্ধিতে খাদ্য উৎপাদন ও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সর্বশেষ প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালীর সংকটের পর আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বাংলাদেশে এই সংকটের প্রভাব তীব্রভাবে পড়তে যাচ্ছে।
সংস্থাটি বলছে, চলমান সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ বড় ধরনের খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারে। সংস্থাটি মনে করছে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে এবং সারের দাম উচ্চপর্যায়ে স্থিতিশীল থাকলে কৃষি উৎপাদনের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। জাতিসংঘের আগাম এই সতর্কবার্তা নিঃসন্দেহে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
পরিসংখ্যান বলছে, বাংলাদেশের মোট ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশই সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়। জানা গেছে, বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুদ রয়েছে তা দিয়ে আগামী অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হবে। ডব্লিউএফপির প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ফলে বাংলাদেশের মতো আমদানি-নির্ভর দেশগুলোর জন্য সার সংগ্রহ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমদানি স্বাভাবিক না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
সংকটকে আরও গভীর করেছে দেশের অভ্যন্তরীণ উৎপাদন পরিস্থিতি। তীব্র গ্যাস সংকটের কারণে ইতোমধ্যে দেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটির উৎপাদন বন্ধ। ফলে আমদানির ওপর নির্ভরশীলতা আরও বেড়েছে। একদিকে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তা এবং অন্যদিকে দেশীয় উৎপাদন হ্রাসÑ এই দ্বিমুখী চাপ কৃষি খাতের জন্য অশনিসংকেত। এ ছাড়া জলবায়ু পরিবর্তনও বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা এবং লবণাক্ততা বৃদ্ধির কারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার, জ্বালানি ও সেচব্যবস্থার ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকরা নিরুৎসাহিত হচ্ছেন। ফলে আগামীতে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দৃশ্যমান। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো পর্যাপ্ত ইউরিয়া সার সরবরাহ নিশ্চিত করা না গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আসন্ন মৌসুমের কৃষি উৎপাদন। বিশেষ করে, ধানসহ প্রধান খাদ্যশস্যের উৎপাদনে বিরূপ প্রভাব পড়তে পারে। আর উৎপাদন কমে গেলে খাদ্যের বাজারমূল্য বৃদ্ধি, নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস এবং সামগ্রিক খাদ্য নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটার সম্ভাবনার কথা বলছেন তারা।
আসলে খাদ্য নিরাপত্তা বলতে শুধু পর্যাপ্ত খাদ্য উৎপাদনকে বোঝায় না। দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, পুষ্টিকর এবং সাশ্রয়ী মূল্যে খাদ্যের সহজলভ্যতা নিশ্চিতের লক্ষ্যটিই সামনে আসে। এমনিতেই বর্তমানে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় খাদ্যে প্রবেশাধিকার সংকুচিত হচ্ছে। বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, ডিম, মাছ, মাংস ও সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেলে খাদ্য নিরাপত্তার সংকট আরও গভীর হয়। এখানে মূল্যস্ফীতির বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি দরিদ্র পরিবারের আচরণ বদলে দিয়েছে। অনেক পরিবার প্রোটিন গ্রহণ কমিয়েছে, অপেক্ষাকৃত সস্তা খাদ্যের দিকে ঝুঁকেছে, স্বাস্থ্য ব্যয় পিছিয়েছে, অনানুষ্ঠানিক উৎস থেকে ঋণ নিয়েছে এবং শিশুদের প্রয়োজনীয় ব্যয় কমিয়েছে।
আমরা মনে করি, জাতিসংঘের আগাম এই সতর্কবার্তাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই সতর্কতা কেবল সম্ভাব্য সংকটের ইঙ্গিত নয়, বরং এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। সরকারকে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, উন্নত বীজ, সারের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। একই সঙ্গে কৃষিজমি রক্ষা, জলবায়ু-সহনশীল ফসলের উদ্ভাবন এবং কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো জরুরি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মজুদদারি, কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও সচল করতে হবে।
অতীতেও বাংলাদেশ বহু সংকট সফলভাবে মোকাবিলা করেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকার, কৃষক, ব্যবসায়ী, গবেষক এবং সাধারণ মানুষ সকলে সমন্বিতভাবে কাজ করতে হবে। খাদ্য নিরাপত্তা শুধু অর্থনৈতিক নয়, এটি জাতীয় স্থিতিশীলতা, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সম্ভাব্য সংকটের আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। আমরা মনে করি, সময়মতো পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগই বাংলাদেশকে ভবিষ্যতের খাদ্য সংকট থেকে রক্ষা করতে পারে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় এখনই প্রস্তুতি নেওয়া অপরিহার্য। খাদ্যনিরাপত্তার এই সতর্কবার্তা কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।