বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে নদীভাঙন অন্যতম। প্রতিবছর বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থানে এ সমস্যা প্রকটরূপে দেখা দেয়। নদীভাঙনের করাল গ্রাসে বিলীন হয়ে যায় কত নগর-জনপদ, সে হিসাব কে রাখে! নদীর রাক্ষুসে ক্ষুধার শিকার হয়ে নিঃস্ব হয়ে যায় অগুনতি মানুষ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানে নদীভাঙনের সে ভয়ংকর রূপই যেন বিধৃত হয়েছেÑ ‘নদীর এ-কূল ভাঙে, ও-কূল গড়ে এইতো নদীর খেলা/ সকালবেলা আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা’। নজরুল সংগীতের এই চরণগুলোতে নদীমাতৃক বাংলাদেশের উৎকট এক সমস্যার চিত্র পরিস্ফুট হয়ে উঠেছে অত্যন্ত প্রাঞ্জল রূপে। বাংলাদেশের নানা সমস্যার কোনো কোনোটির স্থায়ী কিংবা আপাত সমাধান হলেও নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান আজ অবধি অধরাই রয়ে গেছে।
সাধারণত বর্ষা মৌসুমেই নদীভাঙন রাক্ষুসে রূপ ধারণ করে। নদ-নদীর পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতা এ ভাঙনকে অনেকটা অনিবার্য করে তোলে। বিশেষ করে বন্যার পানি নামতে শুরু করলে স্রোতের তীব্রতার কারণে নদীর পাড় ভাঙনের কবলে পড়ে। গতকাল প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত ‘ভাঙছে নদী ভাঙছে কপাল’ শীর্ষক প্রধান প্রতিবেদনে সে ভয়াবহ অবস্থার চিত্রই ফুটে উঠেছে। নদীভাঙনে যে কেবল নদীসমূহের তীরবর্তী ভূমি বিলীন হয় তা নয়। বরং সে সঙ্গে ভাঙে হাজার হাজার পরিবারের কপালও। এক রাত বা এক দিনের মধ্যে বসতভিটা, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে লাখ লাখ মানুষ।
প্রতিদিনের বাংলাদেশ-এর গতকালের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরের তিস্তা-ব্রহ্মপুত্র-যমুনা থেকে দক্ষিণের পায়রা-মেঘনা সবখানেই নদীভাঙন এখন রাক্ষুসে মূর্তি ধারণ করেছে। পটুয়াখালী, শেরপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লক্ষ্মীপুর, টাঙ্গাইল, রংপুর ও সিরাজগঞ্জে ভয়াবহ নদীভাঙনে সর্বস্বান্ত হচ্ছে হাজার হাজার পরিবার। আমাদের প্রতিনিধিদের প্রেরিত প্রতিবেদনে জানা যায়, সিরাজগঞ্জে যমুনার ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে মানুষ। বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে চলে যাওয়ায় তারা আক্ষরিক অর্থেই নিঃস্ব হয়ে পড়েছে। একই নদীর তীব্র স্রোতে টাঙ্গাইলে বিলীন হয়ে গেছে অনেক আঞ্চলিক সড়ক।
গাইবান্ধায় তিস্তা-ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম ও বাজার। কুড়িগ্রাম থেকে প্রাপ্ত খবরে জানা যায়, বন্যার পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নদীভাঙনের আগ্রাসন। এর ফলে চিলমারীতে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। লক্ষ্মীপুরেও একই কারণে তীর রক্ষা প্রকল্প বিপর্যয়ের মুখে পড়েছে।
সমস্যাসংকুল বাংলাদেশে ফি-বছর নদীভাঙন নতুন কোনো ঘটনা নয়। প্রতিবছরই বর্ষা মৌসুমে বন্যার পরে এ সমস্যা প্রকট রূপ ধারণ করে। নদীর ভাঙনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় তীরবর্তী এলাকায় বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী। তাদের বাপ-দাদার আমলের বসতভিটা এবং আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেলে তারা হয়ে যায় সর্বহারা। বাস্তুভিটা হারিয়ে তারা হয়ে পড়ে ছিন্নমূল, আশ্রয় নেয় অন্য কোথাও। নিজের চাষযোগ্য ভূমি হারিয়ে যাওয়ায় আয়-রোজগারের পথ হয়ে যায় রুদ্ধ। অনাহারে, অর্ধাহারে দিন কাটাতে হয় সপরিবারে। যদিও সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এসব নিঃস্ব, হতদরিদ্র মানুষকে সাহায্য দেওয়া হয়ে থাকে, তবে তা নিতান্তই অপ্রতুল।
সবচেয়ে বড় কথা, সাংবৎসরিক এই প্রকট সমস্যাটির স্থায়ী সমাধানের কোনো উপায় এখনও বের করতে পারেনি সরকারের সংশ্লিষ্ট বিভাগ। তবে মাঝেমধ্যে নদীভাঙন প্রতিরোধে বিভিন্ন ব্যয়বহুল প্রকল্প গ্রহণ, কোথাও কোথাও ভাঙনপ্রবণ এলাকায় বোল্ডার কিংবা কংক্রিট ব্লক নিক্ষেপ করে আপাত সমাধানের চেষ্টা করা হয়। এসব উদ্যোগের সঠিক কোনো হিসেব থাকে না। ফলে ব্যাপক দুর্নীতি হয়। কাজেই সেসব প্রকল্পে রাষ্ট্রীয় অর্থের শ্রাদ্ধ ছাড়া আর কিছু হয় বলে মনে হয় না। যেখানে প্রয়োজন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্থায়ী সমাধানের পদক্ষেপ নেওয়া, সেখানে বোল্ডার-ব্লক নিক্ষেপ নিছক ভেতরে ঘা রেখে ওপরে মলম লাগানোরই নামান্তর।
এ বিষয়ে গত ১৪ জুলাই প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদকীয় স্তম্ভে আমরা আলোকপাত করেছিলাম। আমাদের বক্তব্য হলোÑ যেহেতু নদীর গতি পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই এর তীব্রতা হ্রাসের পদক্ষেপ নেওয়াই বাঞ্ছনীয়। সে ক্ষেত্রে দেশের সব নদ-নদী পুনঃখননের মাধ্যমে ধারণক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। বহমান নদী যত বেশি উদ্বৃত্ত পানি ধারণ করতে পারবে, বন্যা এবং তীরভাঙন ততই কমে আসবে। এ ছাড়া ভাঙনপ্রবণ এলাকায় নদীতীরে শক্তিশালী প্রতিরোধ দেয়াল তৈরি করে এ ভয়াবহ সংকট মোকাবিলার পদক্ষেপ নেওয়া যেতে পারে। একই সঙ্গে নদীভাঙনে সর্বস্বহারা মানুষের জীবন-জীবিকার বিষয়ে সরকারকে সক্রিয় চিন্তা-ভাবনা ও প্রকল্প গ্রহণ করতে হবে।