× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুয়া ও আত্মহত্যা সম্পর্কে ইসলামের নির্দেশনা

মুহাম্মাদ মুস্তফা জামান

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১০:৫৭ এএম

জুয়া ও আত্মহত্যা সম্পর্কে ইসলামের নির্দেশনা

ইসলামে জুয়া (মাইসির) ও আত্মহত্যা দুটি অত্যন্ত গর্হিত এবং কবিরা গুনাহ হিসেবে বিবেচিত। জুয়া মানুষের নৈতিকতা ধ্বংস করে এবং প্রায়ই মানুষকে আত্মহত্যার মতো চরম পদক্ষেপের দিকে ঠেলে দেয়। ইসলামে মানবজীবন অত্যন্ত পবিত্র ও সম্মানিত। আল্লাহ তায়ালার দেওয়া শুধু একটি মহান নিয়ামতই নয়, বরং এটি একটি বড় আমানতও বটে। আল্লাহ তায়ালা বলেনÑ ‘অতঃপর সেদিন তোমাদেরকে নিয়ামতরাজি সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে, তোমরা তার কী হক আদায় করেছ?’ (সূরা আত-তাকাসুর, আয়াত-৮)।

আল্লাহ তায়ালা আমাদের এই দেহ, মন, সময় ও ক্ষমতা সবকিছুই দিয়েছেনÑ আমরা এগুলোর মালিক নই, বরং রক্ষক মাত্র। তিনি আমাদের জীবন, আমাদের ইচ্ছামতো ব্যবহার করার জন্য দেননি। নিজের জীবন নিজে ধ্বংস করা বা আত্মহত্যা করা আল্লাহর ইচ্ছার সরাসরি বরখেলাপ এবং মহাপাপ। কারণ জীবন বিসর্জন দেওয়া কোনো সমস্যার সমাধান নয়, কোনো সফলতাও নয়, বরং চরম ও চূড়ান্ত ব্যর্থতা। এর দ্বারা কোনো কিছুই অর্জিত হয় না, একূল-ওকূল সবকিছু হারাতে হয়। মানুষ কোনো কিছু ধ্বংসের জন্য নয়, বরং সৃষ্টির সুরক্ষার জন্য। প্রতিটি মানুষের দায়িত্ব হলোÑ জীবনের সুরক্ষা, সম্পদের সুরক্ষা, বংশের সুরক্ষা, প্রজন্মের পবিত্রতা বা বংশপরম্পরায় সুরক্ষা এবং দ্বীনি মানবিক বিধান বা মানবাধিকার সুরক্ষা। ইসলাম মানুষের জীবন, সম্পদ ও মর্যাদার সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

জুয়া ও আত্মহত্যা উভয়ই এমন দুটি মহাপাপ; যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। পাপ দুটির যোগসূত্র হচ্ছেÑ অতিরিক্ত জুয়ায় আসক্ত হয়ে সর্বস্বান্ত ও ঋণগ্রস্ত হয়ে অনেকে হতাশায় ভুগে আত্মহত্যার পথ বেছে নেন, যা তাদের দুনিয়া ও আখেরাত উভয়ই ধ্বংস করে।

জুয়া ইসলামে সম্পূর্ণ হারাম। আল্লাহ তায়ালা বলেনÑ ‘হে ঈমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারণের শরসমূহ শয়তানের অপবিত্র কাজ। অতএব তোমরা এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল হতে পারো।’ (সূরা আল-মায়েদা, ৫ : ৯০-৯১)। জুয়া মানুষের মধ্যে ক্ষোভ, শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখে। এতে কেউ সাময়িকভাবে লাভবান হলেও অধিকাংশ মানুষ আর্থিক ক্ষতি, পারিবারিক অশান্তি ও মানসিক বিপর্যয়ের শিকার হয়।

অন্যদিকে আত্মহত্যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। মহান আল্লাহ বলেনÑ ‘তোমরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু!’ (সূরা আন-নিসা, ৪ : ২৯)। আল্লাহ আরও বলেনÑ ‘তোমরা নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।’ (সূরা আল-বাকারা, ২ : ১৯৫)। মানুষের জীবন আল্লাহর অমূল্য আমানত; তাই কোনো মানুষ নিজের জীবন নষ্ট করার অধিকার রাখে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি যে বস্তু গিলে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন তাকে সেই বস্তু গিলিয়েই শাস্তি দেওয়া হবে।’ (সহিহ আল বোখারি, হাদিস : ৫৭৭৮; সহিহ মুসলিম, হাদিস : ১০৯)। এই হাদিস আত্মহত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবার্তা প্রদান করে।

জীবনের দুঃখ-কষ্ট, দারিদ্র্য বা হতাশা কখনও আত্মহত্যার কারণ হতে পারে না। একজন মুমিন বিপদে ধৈর্য ধারণ করে, আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং হালাল উপায়ে সমস্যার সমাধান খোঁজে। একইভাবে জুয়ার মাধ্যমে সম্পদ অর্জনের পরিবর্তে বৈধ উপার্জন ও পরিশ্রমের পথ বেছে নেওয়াই ইসলামের শিক্ষা।

অতএব জুয়া ও আত্মহত্যা উভয়ই ব্যক্তি ও সমাজের জন্য ধ্বংসাত্মক এবং ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কুরআন ও সুন্নাহর নির্দেশনা মেনে চলা, আল্লাহর ওপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং হালাল জীবনযাপনই দুনিয়া ও আখেরাতের সফলতার একমাত্র পথ। আল্লাহ তায়ালা আমাদের বোঝার এবং আমল করার তওফিক দান করুন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা