× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থ প্রদানকারী ব্যাংকের দায়দায়িত্ব

নিরঞ্জন রায়

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১০:৫৩ এএম

অর্থ প্রদানকারী ব্যাংকের দায়দায়িত্ব

ব্যাংকিং ব্যবসা এবং কার্যক্রমের যে ধরন, সেখানে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যার একটি হচ্ছে পেয়িং ব্যাংক বা অর্থ প্রদানকারী ব্যাংক এবং আরেকটি হচ্ছে কালেকটিং ব্যাংক বা অর্থ সংগ্রহকারী ব্যাংক। একটি ব্যাংককে দুই ধরনের ভূমিকায় অবতীর্ণ হতে হয়, অর্থাৎ একদিকে কালেকটিং ব্যাংক এবং অন্যদিকে পেয়িং ব্যাংক। ‘ব্যাংক অর্থ নিয়ে ব্যবসা করে’Ñ এই কথাটা যেমন সত্য, তেমনি এটাও ঠিক যেÑ ব্যাংক এই অর্থ হয় গ্রহণ করবে, অথবা প্রদান করবে। এর মাঝামাঝি কিছু নেই। ব্যাংক বর্তমানে বহুবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে, যেমনÑ সঞ্চয় সংগ্রহ, ঋণ প্রদান, ঋণপত্র খোলা, অর্থ স্থানান্তর, সম্পদ ব্যবস্থাপনা এবং আরও বিভিন্ন ধরনের কার্যক্রম। কিন্তু এর সবকিছুর মূলে আছে অর্থ এবং এই অর্থ হয় সংগ্রহ করে অথবা প্রদান করে। অর্থাৎ সকল কার্যক্রম ব্যাংক অর্থ প্রদান এবং সংগ্রহের মাধ্যমে নিষ্পত্তি করে থাকে। 

এখন অবশ্য আধুনিক ব্যাংকিং ব্যবসায় এমন কিছু সেবা বা কার্যক্রম যুক্ত করা হয়েছে, যা মূলত ব্যাংকের ফি-ভিত্তিক উপার্জনের মাধ্যম। যেমনÑ মার্জার ও অ্যাকুইজিশন, গ্রাহকের পক্ষে বন্ড ইস্যু করা, বিনিয়োগ পরামর্শ দেওয়া, আন্ডার রাইটিংসহ এরকম আরও অনেক সেবা বা প্রডাক্ট আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় চালু করা হয়েছে, যা থেকে ব্যাংক শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ ফি উপার্জন করতে পারে। তারপরও এসব ফি ভিত্তিক প্রডাক্ট বা সেবার ক্ষেত্রেও ব্যাংককে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নগদ অর্থ সংগ্রহ বা প্রদানের মাধ্যমেই লেনদেন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়। যেমনÑ ব্যাংক যদি একটি মার্জার ও অ্যাকুইজিশনের কাজ সম্পন্ন করে, তাহলে ব্যাংক সে ক্ষেত্রে এক পক্ষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অন্য পক্ষকে প্রদান করে থাকে। একইভাবে ব্যাংক যদি কোনো গ্রাহকের পক্ষে বন্ড বিক্রি করে অর্থ সংগ্রহের দায়িত্ব পালন করে, সে ক্ষেত্রেও ব্যাংক বন্ড বিক্রির অর্থ সংগ্রহ করে তার গ্রাহককে প্রদান করবে। এই অবস্থায় লেনদেনটি অর্থ সংগ্রহ এবং প্রদানের মাধ্যমেই নিষ্পত্তি হবে। মোটকথা, ব্যাংক যে ধরনের সেবা বা প্রডাক্ট নিয়ে কাজ করুক না কেন, তাকে হয় অর্থ সংগ্রহ, নতুবা অর্থ প্রদানের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

ব্যাংক যেহেতু একাধারে কালেকটিং ব্যাংক এবং পেয়িং ব্যাংকÑ উভয় কার্যক্রম সম্পন্ন করে, তাই আইনের মাধ্যমে ব্যাংকের এই দুই ধরনের দায়িত্ব পালনকে সুনির্দিষ্ট করে দেওয়া আছে। ১৮৮১ সালের নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট বা হস্তান্তরযোগ্য দলিল আইনের বিভিন্ন ধারায় ব্যাংকের কালেকটিং ব্যাংক এবং পেয়িং ব্যাংক, উভয় কার্যক্রম সম্পর্কে উল্লেখ করা আছে। ব্যাংক যখন অর্থ সংগ্রহকারী হিসেবে কাজ করবে, অর্থাৎ কালেকটিং ব্যাংকের দায়িত্ব পালন করে, তখন সে কি ধরনের দায়িত্ব পালন করতে পারবে, তা এই নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ১৩১ ধারায় উল্লেখ করা আছে। পক্ষান্তরে অর্থ প্রদানকারী বা পেয়িং ব্যাংক হিসেবে কী ধরনের দায়িত্ব পালন করতে পারবে, তা এই আইনের বিভিন্ন ধারা, বিশেষ করে নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ৩১, এবং ১২৬ থেকে ১২৯ ধারায় উল্লেখ করা আছে। ব্যাংক যেহেতু বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন চেক বা ইন্সট্রুমেন্টের বিপরীতে অর্থ প্রদান করে থাকে, তাই আইনের বিভিন্ন ধারার অধীনে পেয়িং ব্যাংকের দায়দায়িত্ব নির্ধারণ করা আছে। 

ব্যাংক একই সাথে কালেকটিং ব্যাংক এবং পেয়িং ব্যাংকের দায়িত্ব পালন করে থাকে। একটি ব্যাংক যখন গ্রাহকের পক্ষে অর্থ সংগ্রহ করে, তখন সেই ব্যাংকের দায়িত্ব কালেকটিং ব্যাংকের দায়িত্বের আওতায় পড়ে। আবার এই ব্যাংক যখন গ্রাহককে বা গ্রাহকের নির্দেশে কাউকে অর্থ প্রদান করে, তখন সেই ব্যাংকের কাজ পেয়িং ব্যাংকের দায়িত্বের মধ্যে পড়বে। ব্যাংকের এই দুই ধরনের কার্যক্রমই সমান গুরুত্বপূর্ণ। আইনে স্পষ্ট করেই উল্লেখ আছে যে, কোন অবস্থায় ব্যাংক গ্রাহকের পক্ষে অর্থ সংগ্রহ করতে পারবে। নিয়ম মেনে কাজগুলো করতে পারলে সেরকম সমস্যা হয় না। হলেও এই আইনের মাধ্যমেই এক ধরনের সুরক্ষা পাওয়ার সুযোগ আছে ব্যাংকারদের জন্য। তবে একটি ব্যাংক যখন কালেকটিং ব্যাংকের দায়িত্ব পালন করবে, তখন সেই ব্যাংক গ্রাহকের এজেন্ট হিসেবে কাজ করে থাকে। 

এজেন্ট হিসেবে যে কাজগুলো যেভাবে করার কথা, সেভাবে করতে পারলে আইনের অধীনে সুরক্ষা পাওয়ার সুযোগ আছে। আর যদি সেভাবে কাজটি না করা হয়, তাহলে আইনের অধীনে সুরক্ষা পাওয়ার সুযোগ নেই। অর্থাৎ যদি আইনের ব্যত্যয় ঘটে, তাহলে আইনের অধীনে সুরক্ষা তো পাওয়া যাবেই না, উল্টো শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে। যেমনÑ আইনে বলা আছে ব্যাংক গ্রাহকের পক্ষে শুধুমাত্র দাগ কাটা বা ক্রসড চেকের অর্থ সংগ্রহ করবে। অর্থাৎ বাহক চেক বা বেয়ারার চেকের অর্থ ব্যাংক গ্রাহকের পক্ষে সংগ্রহ করতে পারবে না। কিন্তু কোনো গ্রাহক যদি ভুল করে বাহক চেক ব্যাংকে জমা দিয়ে দেয় চেকের অর্থ ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করার জন্য। এবং ব্যাংক যদি ভুলে সেটি লক্ষ না করে সেই বেয়ারার চেকের অর্থ সংগ্রহ করার উদ্যোগ নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে আইনের অধীনে কোনোরকম সুরক্ষা পাওয়া যাবে না। অবশ্য বাস্তবে বাহক চেকের অর্থ সংগ্রহের সুযোগ নেই বললেই চলে, কেননা চেকের অর্থ সংগ্রহের আগেই ব্যাংক নিজে থেকে প্রত্যেক চেকের ওপর ক্রসিং দিয়ে দেয়।

আর্থিক লেনদেনের ক্ষেত্রে পেয়িং ব্যাংকের দায়দায়িত্ব যেমন বেশি, তেমনি ঝুঁকিও অনেক বেশি। বিশেষ করে, ব্যাংক যখন সরাসরি গ্রাহককে অর্থ প্রদান করে, তখন সেই ব্যাংকের ঝুঁকি এবং দায়িত্বের মাত্রা অনেক বেড়ে যায়। গ্রাহককে যখন সরাসরি অর্থ প্রদান করতে হয়, তখন পেয়িং ব্যাংকের দায়িত্ব এবং ঝুঁকি, দুটোই যথেষ্ট বেড়ে যায়। যেমনÑ ব্যাংক তার গ্রাহককে সরাসরি অর্থ প্রদান করতে পারে অথবা গ্রাহকের অন্য আরেকটি ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদান করতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে পেয়িং ব্যাংকের ঝুঁকির মাত্রা অনেক কম। কেননা অর্থ প্রদানে যদি কোনো সমস্যা হয়, তাহলে যে ব্যাংকে টাকা প্রদান করেছে, সেই ব্যাংককে ধরতে পারবে। কিন্তু ব্যাংক যখন সরাসরি গ্রাহককে অর্থ প্রদান করবে, তখন সেই ব্যাংককে অতি বেশি সতর্ক হতে হবে। কেননা এই ধরনের লেনদেনে যদি কোনো সমস্যা হয়, তাহলে সব দায়দায়িত্ব তখন পেয়িং ব্যাংকের ওপর এসে পড়বে। এ কারণেই পেয়িং ব্যাংককে অর্থ প্রদানের ক্ষেত্রে অতি বেশি সতর্ক থাকতে হয়। 

অর্থ প্রদান সংক্রান্ত সকল নিয়ম মেনে চলার পরও পেয়িং ব্যাংককে নিশ্চিত করতে হয় প্রাপকের আসল পরিচিতি। অর্থাৎ যার টাকা গ্রহণ করার কথা, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানই যে অর্থ গ্রহণ করছে, সেটি নিশ্চিত করার দায়িত্ব পেয়িং ব্যাংকের। বর্তমানে পেয়িং ব্যাংকের দায়িত্বের পরিধি অনেক বেড়ে গেছে। এখন শুধুমাত্র এনআই অ্যাক্টের বিধান মেনে চলাই যথেষ্ট নয়। এখন অর্থ প্রদানের ক্ষেত্রে আরও অনেক বিধিবিধান মেনে চলার বাধ্যবাধকতা আছে। যেমন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারাগুলো মেনে চলার বাধ্যবাধকতা আছে। কে-ওয়াই-সি বা তোমার গ্রাহককে জানোসহ বিধানের অনেক নিয়ম কঠোরভাবে মেনে চলতে হয়। এমনকি অনেক ক্ষেত্রে কে-ওয়াই-সি-সি বা তোমার গ্রাহকের গ্রাহক সম্পর্কে জানর নীতিও মেনে চলতে হয়। মোটকথা যাকে অর্থ প্রদান করা হয়, তারই যে অর্থ পাওয়ার কথা, সেটি নিশ্চিত করার দায়িত্ব পেয়িং ব্যাংকের। ব্যাংকে অর্থ লেনদেনের ক্ষেত্রে কালেকটিং ব্যাংক এবং পেয়িং ব্যাংকের দায়দায়িত্বগুলো বেশ ভালোভাবে প্রত্যেক ব্যাংকারের জানা প্রয়োজন। এমনকি যারা ব্যাংকের গ্রাহক, তাদেরও বিষয়টি ভালোভাবে জানা প্রয়োজন। কেননা ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে এই বিষয়টি নিয়ে মাঝেমধ্যেই ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। 


লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা