× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি

আলী আকবর সরদার

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৪:০১ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মশাই হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী জীব। প্রতিবছর সাত লাখেরও বেশি মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এর মধ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা এবং ইয়েলো ফিভার উল্লেখযোগ্য। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো, ব্রাজিল ও আর্জেন্টিনায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।  বাংলাদেশে ডেঙ্গু এখন আর মৌসুমি রোগের সীমাবদ্ধতায় আটকে নেই; এটি ধীরে ধীরে একটি স্থায়ী জনস্বাস্থ্য ঝুঁকিতে রূপ নিয়েছে।

অতীতে রাজধানীকেন্দ্রিক এ রোগ বর্তমানে শহর-গ্রাম সর্বত্র বিস্তার লাভ করেছে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং সচেতনতার ঘাটতিÑ এসবই ডেঙ্গুর বিস্তারের কারণ।  তাই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

বাংলাদেশে ডেঙ্গুর ইতিহাস খুব পুরনো না হলেও গত এক দশকের প্রকোপ ভয়াবহভাবে বেড়েছে। বিশেষ করে ২০২৩ সালে দেশে তিন লাখের বেশি মানুষ আক্রান্ত এবং ১,৭০০-এর বেশি মানুষের মৃত্যু ঘটে, যা ছিল সর্বোচ্চ। এরপর ২০২৪ ও ২০২৫ সালেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকে; ২০২৫ সালেই এক লাখের বেশি মানুষ আক্রান্ত এবং চার শতাধিক মৃত্যুর ঘটনা ঘটে। এসব তথ্য প্রমাণ করে যে, ডেঙ্গু এখন আর সাময়িক সমস্যা নয়, বরং দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক এ কারণে যে, ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকালে সীমাবদ্ধ নেই। আগে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও এখন প্রায় সারা বছরই এর সংক্রমণ দেখা যাচ্ছে। একই সঙ্গে রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এতে বোঝা যায়, ডেঙ্গু ধীরে ধীরে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং ভবিষ্যতে এটি আরও বড় মহামারিতে রূপ নিতে পারে। ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় আশঙ্কা হলোÑ জলবায়ু পরিবর্তনের প্রভাবে মশার বিস্তার ও বংশবৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে এডিস মশার বিস্তার সহজ হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে ।

তবে ডেঙ্গু প্রতিরোধের উপায় একেবারেই নেইÑ এ কথা সত্য নয়। ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মশার বংশবিস্তার রোধ করা। বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পানির ট্যাংক, ফ্রিজের ট্রে, পরিত্যক্ত টায়ার বা যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং নির্মাণাধীন ভবনের পানি জমে থাকা নিয়ন্ত্রণ করাও জরুরি। এছাড়া ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। মশারি ব্যবহার, ফুলহাতা জামা পরা, মশা নিরোধক ব্যবহার এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াÑ এসব অভ্যাস জীবন বাঁচাতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায়, দেরিতে হাসপাতালে যাওয়ার কারণে রোগীর অবস্থা জটিল হয়ে পড়ে। তাই দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু মোকাবিলায় শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত সামাজিক আন্দোলন। সরকার, সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ মানুষÑ সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে ডেঙ্গুর ভয়াবহতা কমাতে। পরিকল্পিত নগরব্যবস্থা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত জনসচেতনতা কর্মসূচি চালু রাখতে পারলে ভবিষ্যতে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। ডেঙ্গু আর অবহেলার রোগ নয়, এটি এখন জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত জনস্বাস্থ্য সমস্যা। সময় থাকতে সচেতনতা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই নীরব ঘাতকের হাত থেকে রক্ষা করতে।

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে শুধু ওষুধ ছিটানো বা ফগিং যথেষ্ট নয়। কার্যকর সমাধানের জন্য প্রয়োজন সমন্বিত ভেক্টর ব্যবস্থাপনা। গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়া এবং মনিটরিং ও ইভ্যালুয়েশন জোরদার করা। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিয়ন্ত্রণ কর্মীদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা মশার প্রজননস্থল শনাক্তকরণ, সঠিক পদ্ধতি ও অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহারে দক্ষ হয়। এ ছাড়া যোগ্য কীটতত্ত্ববিদ ও পাবলিক হেলথ বিশেষজ্ঞদের নিয়োগ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কন্ট্রোল প্রোগ্রাম তৈরি এবং নীতি নির্ধারণে পরামর্শ নেওয়া উচিত। বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিয়ন্ত্রণ শাখাকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারি ও বেসরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং গবেষণা প্রতিষ্ঠান একত্রে উদ্যোগ নিলে কার্যকর ফলাফল আসবে। জনগণকে সচেতন করতে সামাজিক প্রচারণা, স্কুল ও কমিউনিটি শিক্ষা এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা এবং নিয়মিত মনিটরিং ও ইভ্যালুয়েশন চালানো অপরিহার্য। 

আমাদের অঙ্গীকার হোক মশার বিরুদ্ধে কেবল প্রতিকার নয়, বরং দীর্ঘমেয়াদি, টেকসই এবং বৈজ্ঞানিক সমর্থিত সমাধান তৈরি করা। মশা ছোট, কিন্তু ক্ষতি মহামারিস্বরূপ। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে নিরাপদ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে মশাবাহিত রোগের ঝুঁকি থেকে মুক্ত রাখা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার কামড় এড়িয়ে চলা। এজন্য শরীর ঢেকে রাখে এমন কাপড় পরতে হবে। দিনে ঘুমালে মশারি ব্যবহার করতে হবে। দরজা-জানালায় নেট লাগানো, কয়েল ব্যবহার করা, মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এজন্য কোথাও পানি জমে থাকতে না দেওয়া। পানির ট্যাংক, ড্রাম, ডালা ইত্যাদি ঢেকে রাখা, পুরনো টায়ার, বোতল ইত্যাদি নিয়মিত পরিষ্কার করা, সপ্তাহে অন্তত একবার পানি জমতে পারে এমন পাত্র ধোয়া এবং সঠিকভাবে বর্জ্য অপসারণ করা। ডেঙ্গু বহনকারী এডিস মশা সাধারণত দিনের বেলায় বেশি সক্রিয়। তাই শুধু রাতে নয়, দিনেও সুরক্ষা নিতে হবে।


লেখক: আলী আকবর সরদার (সংবাদ কর্মী)


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা