নূরুদ্দীন দরজী
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৩:৪৩ পিএম
নূরুদ্দীন দরজী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
একসময় বিটিভিতে একটি মোটর পাম্পের বিজ্ঞাপনে জিঙ্গেল প্রচারিত হতো ‘পানি নিয়ে ভাবনা, আর না আর না।’ ওই বিজ্ঞাপনচিত্রে পানি নিয়ে আর ভাবনা বা দুশ্চিন্তা না থাকার কথা বলা হলেও বাস্তবে সে ভাবনা থেকে আমরা মুক্ত হতে পারিনি, বোধ করি সম্ভবও নয়। বরং দিন যত যায়, এ সমস্যা প্রকট থেকে প্রকটতর হয়। হ্যাঁ, এখন পানির জন্য শুধুই ভাবনা এবং অন্তহীন ভাবনা। বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে বিশ্বে সুপরিচিত।
ব্রাজিলে সবচেয়ে বেশি নদী আছে। কিন্তু দেশের আয়তনের তুলনামূলক বিচারে আমাদের মতো সীমিত ভূখণ্ডে এত অধিক নদী থাকার মতো কোনো দেশ আর কোথাও নেই। তাই বাংলাদেশ নদীর দেশ। বছরের একটি সময় অর্থাৎ বর্ষাকালে বাংলাদেশ পানিতে সয়লাব হয়ে যায়, দেশ জলমগ্ন থাকে। প্লাবিত হয়ে পানির কারণে মানুষের দুর্ভোগ বেড়ে যায়, জানমালের ব্যাপক ক্ষতি হয়। এ বছর আষাঢ়ে সিলেট, চট্টগ্ৰাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ বন্যার পানিতে সার্বিক অবস্থার মারাত্মক অবনতি হয়। মানুষ পানিতে বন্দি হয়ে পড়ে। পানি নিয়ে দেশ মারাত্মক ভাবনায় পড়ে। বাংলাদেশে বন্যার পানি যেভাবে ভয়াবহ সংকট তৈরি করে পৃথিবীর অন্য কোনো দেশে সচরাচর তেমন হয় না।
যদিও পৃথিবীতে প্রাণের স্পন্দন বিকশিত হয়েছে পানিকে কেন্দ্র করেই। যে পানির অপর নাম জীবন, সে পানি মানবজীবনের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করতে চলেছে। বিশ্বের অনেক জায়গায় পানি, বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। পানি নিয়ে জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে,‘গ্লোবাল ওয়াটার ব্যাংকরাপ্সি’ অর্থাৎ বৈশ্বিক পানির দেউলিয়াত্ব একটি মারাত্মক যুগে প্রবেশ করেছে। এর ফলে শত শত কোটি জীবন ও জীবিকা ধ্বংসের মুখে। আর এমনটি দেখা দিয়েছে পানির যাচ্ছেতাই ও অতিরিক্ত ব্যবহার ও মানবসৃষ্ট দূষণের কারণে। প্রতিবেদনে নেতৃত্ব দেওয়া জাতিসংঘের, ‘ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ওয়াটার এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথের’ অধ্যাপক কাভেদ মাদানির কথায় ইতোমধ্যে অনেক পানি ব্যবস্থা দেউলিয়া হয়ে গেছে এবং ধসে পড়ার উপক্রম। এটি মানব জাতির জন্য অত্যন্ত জরুরি সতর্কবাণী। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পৃথিবীর প্রায় ৭৫% বসবাসকারী মানুষের দেশে পানি ব্যবস্থা মারাত্মকভাবে অনিরাপদ হয়ে পড়েছে, যা আরও বড় অশনিসংকেত। ২০০ কোটি মানুষের বসবাস এলাকায় পানির স্তর নিচে নেমে ধসে যাওয়ায় সেখানকার ভূমিও দেবে গেছে। প্রায় ৩৭ বছর আগে থেকে এ অবস্থার সূচনা হয়েছে। বিশ্বের বেশিরভাগ হ্রদ ইতোমধ্যে অনেক সংকুচিত হয়ে গেছে এবং খাদ্য উৎপাদন ব্যাহত করছে। তুরস্কসহ কোনো কোনো দেশে দানবের মতো ‘সিঙ্কহোল’ দেখা দিয়েছে। ওপরে মুখ আর গভীরে প্রবেশ করা আগের দিনের বড় ইঁদারার মতো সিঙ্কহোল মানবজাতির জন্য অভিশাপ বহন করছে। এ সিঙ্কহোল মানুষের জীবন ও সম্পদের জন্য দারুণভাবে ঝুঁকি তৈরি করেছে। প্রাকৃতিক কারণে ভূ-গর্ভের পানির বিভিন্ন স্তরের সাথে আর্সেনিকসহ অন্যান্য খনিজ পদার্থের মিশ্রণের ফলে পানি পানের অযোগ্য হয়ে পড়ছে।
এ কথা সত্য যে, প্রাকৃতিক নিয়মে পানি খুবই সহজলভ্য বস্তু। এমন অতি সহজলভ্য অন্যান্য প্রধান বস্তুর মধ্যে রয়েছে মাটি, সূর্যতাপ ও বায়ু। জীবন ধারণের জন্য পানির কোনো বিকল্প নেই। মানব দেহের প্রায় ৭০ ভাগ পানি। রক্ত চলাচল, শক্তি অর্জন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, দ্রুত হজম ও শরীর থেকে দূষিত পদার্থ বের করে আনতে পানিই কাজ করে। খাদ্য উৎপাদনের জন্য এর প্রয়োজন অত্যধিক। পানি নেই খাদ্য নেই, খাদ্য নেই জীবন নেই, প্রাণ নেই। প্রাকৃতিক কারণে পানি তরল, কঠিন ও বায়বীয় তিনটি অবস্থা ও আকার ধারণ করতে পারে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীবন যাপনের জন্য পানি এ রূপ ধারণ করে। তরল অবস্থা সরাসরি জীবন ধারণ বা ব্যবহার উপযোগী থাকে, কঠিন অবস্থা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বায়বীয় রূপে মেঘ, বৃষ্টি ইত্যাদি তৈরি করে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও পানিকে প্রাণের প্রতীক বলা হয়। সৃষ্টির শুরুই হয়েছিল পানি থেকে। পানি পবিত্রতা ও পরিছন্নতার একমাত্র অবলম্বন। গোসল, অজু সবকিছুই করা হয় পানি দিয়ে। পানির ধর্ম ওপর থেকে নিচে নামা, নীরব থাকা, শীতলতা আনা, শান্তি দেওয়া, যা মানুষের জন্য শিক্ষণীয়। আবার সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে পানিকে কেন্দ্র করে। সাগর কিংবা নদীপাড়ে গড়ে উঠেছে নদীবন্দর ও সমুদ্রবন্দর। সুদূর প্রাচীন কাল থেকেই নদীর তীরে গড়ে উঠেছে নগর-জনপদ, বিকশিত হয়েছে সভ্যতা।
ভূপৃষ্ঠের স্থলভাগের চেয়ে জলভাগের পরিমাণ অনেক বেশি। পৃথিবীর প্রায় ৭১ ভাগই পানি। কিন্তু এত পরিমাণে পানির মাত্র ০.০২ ভাগ মানুষ ব্যবহার করে থাকে। অধিক পরিমাণে পানি থাকা সত্ত্বেও পানির অভাব, বিশেষ করে বিশুদ্ধ পানির দারুণ অভাব। লালন ফকিরের আত্মোপলব্ধিমূলক গানে গাওয়া হয়েছে, ‘লালন মরল জল পিপাসায় থাকতে নদী মেঘনা’য় বিধৃত হয়েছে, পানি থাকলেই তা পান করা যায় না। এ গানের আধ্যাত্মিক সারমর্ম এখানে আলোচ্য নয়। তবে আমাদের চারপাশে অনেক নদী-নালা, খাল-বিল, কূপ-নলকূপে সুপেয় পানির প্রচুর সমস্যা রয়েছে। প্রকৃতিতে পানির রাজ্যে অবারিত পানি থাকলেও এ পানির জন্য মানুষকে অন্যের মুখাপেক্ষী হওয়ার উপক্রম হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, অচিরেই তেলের মতো পানির জন্যও অন্যের দ্বারে দ্বারে ঘুরতে হবে। আশঙ্কা করা হয়, পানি নিয়ে মানুষে মানুষে সংঘর্ষ হবে, পানির জন্য বেধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। স্মর্তব্য যে, পানির জন্যই ৩১০০ বছর পূর্বে বর্তমান ইরাকের দুইটি নগর ‘লাগস ও উম্মার মধ্যে যুদ্ধ হয়েছিলÑ যে যুদ্ধে সাধারণ প্রজারা ছাড়াও তাদের রাজার প্রাণও দিতে হয়েছিল। এ পানির জন্য ফোরাত নদীর তীরে ইয়াজীদ বাহিনীর সাথে ইমাম হোসেনের যুদ্ধের কথা অবশ্য আমরা সবাই জানি। ওই নদীর পানি না দেওয়ায় মুসলিম বাহিনীর অনেককে শাহাদতবরণ করতে হয়েছিল। বর্তমান সময়ে বাংলাদেশ-ভারতের সাথে কয়েকটি নদীর পানির হিস্যা নিয়ে প্রকট সমস্যা আছে। বিশেষ করে উজানে বাঁধ দিয়ে বাংলাদেশকে বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন করা হয়েছে। পানি নিয়ে সমস্যা রয়েছে চীনের সাথে ভারতের, যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর, আরবদের সাথে ইসরায়েলের। আফ্রিকার বহু দেশের সাথে বহু দেশের সমস্যা ও বিরোধ রয়েছে পানির হিস্যা নিয়ে।
এ ছাড়াও মানুষের অপরিকল্পিত ও যথেচ্ছ ব্যবহারের কারণে পানির মারাত্মক সমস্যা দেখা দিয়েছে, যা কার্যত বৈশ্বিক সংকটে রূপ নিতে চলেছে। অপরিকল্পিতভাবে পানি সেচ ও গভীর নলকূপের মাধ্যমে উত্তোলন করায় ভূগর্ভস্থের পানির স্তর নিচে নেমে যাচ্ছে। নদীনালা, খালবিল ভরাট হয়ে স্বচ্ছ পানি দূষিত রূপ ধারণ করছে। বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার মতো বড় বড় কয়েকটি নদী বাদ দিলে অন্যান্য নদী ও খালবিলের পানি এখন বিপুল পরিমাণে দূষিত হয়ে পড়েছে। কোথাও কোথাও নদী ও খালবিলের পানি এমন দূষিত যে নাওয়া, গোসল, খাওয়াতো দূরের কথা পানি স্পর্শ করতেও ভয় লাগে। পানি দূষণের কারণে মাছের প্রাকৃতিক ভান্ডার শূন্য হতে চলেছে। অনেক পানিই আবর্জনাযুক্ত, অস্বচ্ছ ও কালচে রঙ ধারণ করে আছে। মানুষ এদিকে নজর দিতে পারছে না বটে, কিন্তু তাদের অপরিণামদর্শিতার জন্য প্রকৃতির প্রতিশোধ আপন নিয়মেই নিচ্ছে। আরও দুশ্চিন্তার কারণ, দূষিত পানির স্তর যদি ক্রমান্বয়ে আরও নিচে চলে যায়, একদিন বিশুদ্ধ পানি পাওয়া দুষ্কর হয়ে পড়বে। বেঁচে থাকার পানির জন্য মহাযুদ্ধে নামতে কোনো জাতি বিন্দুমাত্র দ্বিধা করবে না।
কিন্তু যুদ্ধ করে কখনও শান্তি আশা করা যায় না, শান্তির পানি আসবে তেমনটি আশাও করা যায় না। নিজেদের চতুর্দিকের পানি দূষিত করে পানির পাত্র বা ভাণ্ড হাতে অন্যদের দ্বারে দ্বারে ঘুরতে না চাইলে নিজ নিজ এলাকার পানির দূষণ ও অপচয় বন্ধে উদ্যোগী হতে হবে। বিশেষ করে আবর্জনা ফেলার বিষয়ে সতর্ক হতে হবে। কীটনাশক ও প্রযুক্তির ব্যবহারে অধিকতর সতর্ক ও যত্নবান হওয়া একান্ত জরুরি। বর্তমানে বিশ্বের প্রায় ৬০ শতাংশ পানি দূষিত হয়ে পড়েছে। এ ধারা যদি অব্যাহত থাকে বিশুদ্ধ পানি পাওয়া অচিরেই কঠিন হয়ে পড়বে। তখন প্রাণ বিসর্জন দেওয়া ছাড়া অন্য কোনো পথেই অবশিষ্ট থাকবে না। আর পানি নিয়ে শত ভাবনায়ও কোনো ফল আসবে না।
লেখক: নূরুদ্দীন দরজী (কলামিস্ট ও সাবেক শিক্ষা অফিসার)