ড. এসএম জাহাঙ্গীর আলম
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৩:৩৭ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী একটি কল্যাণমূলক আধুনিক রাষ্ট্রের যে সব উপাদান থাকা উচিত, তা নিশ্চিত করতে প্রয়োজন সরকারের সুদূরপ্রসারি দৃষ্টিভঙ্গী ও সুচিন্তিত পরিকল্পনা।
তবে একটি রাষ্ট্র কতটুকু উন্নত হবে অথবা তার ভবিষ্যৎ কোনদিকে এগোচ্ছে তা বোঝা যায় তার শিক্ষা সংক্রান্ত কার্যক্রমের ভেতর দিয়ে। সে ক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পূর্ণভাবেই শিক্ষা ক্ষেত্রের বর্তমান অবস্থা দেখে উপলব্ধি করা সম্ভব। বর্তমান বাংলাদেশ সরকার নানাভাবেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের শিক্ষা নিশ্চিত করার জন্য ব্যাপক প্রয়াস চালাচ্ছে। এটি কোনো তোষামুদে কথা নয়। একটু উদার দৃষ্টিতে তাকালেই তা নজরে পড়বে। তবু একটা কিন্তু থেকে যায়। সেই কিন্তুর উত্তর খোঁজাই বর্তমান বুদ্ধিজীবী, জ্ঞানী-গুণী ও শিক্ষাবিদের একমাত্র কাজ হওয়া উচিত বলে আমি মনে করি।
ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায় অতীতের বছরগুলোতে যাবতীয় পাবলিক পরীক্ষায় ব্যাপক হারে নকল এবং দুর্নীতি হয়েছিল। এটি ছিল রাষ্ট্রের জন্য বিষবৃক্ষের প্রথম চারা রোপণ। এই ঘটনাটির প্রভূত ক্ষতি একদিনে মুছে ফেলা যাবে না এবং প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের বয়ে চলতে হবে পাবলিক পরীক্ষায় দুর্নীতির প্রতিক্রিয়া। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার প্রধান যে লক্ষ্য ছিল ‘জাতিকে মেধাশূন্য করে দেয়া’ তা অনেকাংশেই সফল হয়েছে বলা চলে। ওই সকল বুদ্ধিজীবীদের অবর্তমানে জাতীয় শিক্ষা কার্যক্রম চলে গিয়েছিল অযোগ্য ব্যক্তিদের হাতে। বাংলাদেশ যে সূচনালগ্নে একেবারে বুদ্ধিজীবীশূন্য অবস্থায় ছিল, তা বলছি না। তবে গুরুত্বপূর্ণ অনেককেই হারাতে হয়েছে।
বাংলাদেশের শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য স্বাধীনতার পরপরই শিক্ষানীতি প্রণয়ন করা হয়। পাকিস্তান আমলের কয়েকটি শিক্ষানীতির সঙ্গে অনেকটা মিল রেখেই তৈরি করা হয় শিক্ষানীতি। কিন্তু রাজনৈতিক ক্ষমতার রদবদলে বারবার শিক্ষানীতির পরিবর্তন হয়েছে। একটি রাষ্ট্রের শিক্ষানীতির বারবার পরিবর্তন নির্দেশ করে রাষ্ট্রটি মেধাশূন্য অবস্থায় আছে। এমন ব্যর্থতা আমরা এড়াতে পারি না। শিক্ষার স্তর, পাবলিক পরীক্ষাসমূহ, পাঠ্যবই, পাঠ্যসূচি থেকে শুরু করে পরীক্ষার ফলাফল ইত্যাদি যাবতীয় বিষয়াদি অনেকবারই ব্যাপক পরিবর্তনের ভেতর দিয়ে এগিয়ে চলেছে। এটি রাষ্ট্রের নাগরিকদের ভেতর নানা ধরনের সমস্যার সৃষ্টি করছে পরোক্ষভাবে। সর্বশেষ শিক্ষানীতি-২০১০ (যা বেশ কয়েকবার সংশোধিত, পরিমার্জিত হয়েছে) অনুসারে সরকার একটি স্থিতিশীল শিক্ষা কার্যক্রমের সূচনার প্রয়াস চালিয়েছে। সেই নীতি অনুসারে এখন বাংলাদেশের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাঠ্যবইয়ের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীকে মুখস্থ পড়ার পরিবর্তে সৃষ্টিশীল পদ্ধতিতে শেখানোর জন্য চালু করা হয়েছে ‘সৃজনশীল পদ্ধতি’। প্রতি বছর প্রায় চার কোটি বই সরকার ছাপিয়ে বিনামূল্যে পৌঁছে দিচ্ছে প্রতিটি শিক্ষার্থীর হাতে। বাজেটের একটি বড় অংশ থাকছে ‘শিক্ষাখাতে’। প্রত্যন্ত অঞ্চলের একটি শিক্ষার্থীও পড়ার বইটি যথাসময়ে পেয়ে যাচ্ছে। এসবই জাতীয় শিক্ষা কার্যক্রমের ইতিবাচক দিক। এছাড়া তথ্য প্রযুক্তিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্বপ্নটিও নিঃসন্দেহে প্রশংসনীয়। এনসিটিবি’র ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সকল শ্রেণির সকল বিষয়ের বইয়ের সফ্টকপি। এর সবগুলোই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির কথাই নির্দেশ করে। কিন্তু সরকারের একটি বিষয়ের প্রতি খুব বেশি মনোযোগী হতে দেখা যাচ্ছে না। তা হলোÑ ‘শিক্ষার গুণগত মান বৃদ্ধি’। প্রতিটি শিশু স্কুলে যাকÑ এই চাওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু তার সঙ্গে এটিও চাওয়া প্রয়োজন যে শিশু যেন স্কুলে গিয়ে পড়াশুনার প্রতি আগ্রহী হয়, নৈতিকতা, মূল্যবোধ এবং সামাজিকতা শেখে।
দেখা যায়, একজন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী মেধাবী মানুষ পেশা হিসেবে কখনই শিক্ষকতাকে বেছে নিতে চান না। শিক্ষকতাকে খাটো চোখে দেখা হয় বরাবরই। সামাজিক এই সমস্যাটি রাষ্ট্রের জন্য সত্যিকার অর্থেই দুঃখজনক। অবশ্য সামাজিক সমস্যাটি অর্থনীতির সঙ্গেও জড়িত। শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাদি অন্য যে কোনো পেশার থেকে অনেক কম। এটি অবশ্যই শিক্ষকতা পেশার জন্য সংকটজনক। এসব কারণে অনেক ক্ষেত্রেই যোগ্য ব্যক্তিকে শিক্ষক হিসেবে পায় না নতুন প্রজন্ম। বিদ্যালয়ে গিয়ে একজন আদর্শবান ব্যক্তিকে যদি কোনো শিশু না-ই পায়; তবে তার শিক্ষার প্রতি আগ্রহ-ই তো জন্মাবে না। যারা শিক্ষকতা পেশায় যুক্ত হন তাদের জন্যও রাষ্ট্রীয়ভাবে বিশেষ কোনো প্রশিক্ষণের ব্যবস্থা লক্ষ করা যায় না। প্রশিক্ষণের নামে কয়েকটি দিন অবশ্য অতিবাহিত হয় এবং রাষ্ট্রের কিছু অর্থের বিনষ্টি ঘটে। ফলে ক্লাসে পাঠদানের বৈজ্ঞানিক পদ্ধতিসহ যাবতীয় বিষয়াদি সম্পর্কে অবগত না হওয়া ব্যক্তিরাই দিনের পর দিন ক্লাস নিতে থাকেন। সেখানে শিক্ষার উদ্দেশ্যটাই ভালোভাবে ফুটে ওঠে না শিক্ষার্থীদের কাছে। জাতীয় শিক্ষানীতি-২০১০-এর পর তো আরও বিশাল একটি হ-য-ব-র-ল অবস্থার সম্মুখীন হয় ছাত্র-শিক্ষক সকলে। বিদেশি ‘কাঠামোবদ্ধ পদ্ধতি’কে এনে ‘সৃজনশীল পদ্ধতি’ নামে উপস্থাপন করা হয় এবং সকল বিষয়ের একটি ব্যাপক পরিবর্তন এনে কোটি কোটি বই ছাপিয়ে তুলে দেয়া হয় ছাত্র-শিক্ষকের হাতে। শিক্ষকদেরই শুরু করতে হয় ব্যাপক হারে পড়াশুনা। অথচ ‘কাঠামোবদ্ধ’ আর ‘সৃজনশীল’ শব্দ দুটি একেবারেই বিপরীতার্থক। পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি পাঠ্য তালিকায় আনা হয় ব্যাপক রদবদল। অনেক গুরুত্বপূর্ণ লেখকের লেখাই বাদ পড়ে নতুন তালিকা থেকে এবং অপ্রয়োজনীয় অনেক কিছুরই সন্নিবেশ লক্ষ্ করা যায়।
শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত। অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকের দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে। শিক্ষককে দরদি মন নিয়ে শিক্ষা দিতে হবে। শিক্ষককেই সমাজের পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে। শ্রেণিকক্ষে শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে নিয়মিত ও যথাযথ পাঠদান ও শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপর নির্ভর করবে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা। যেকোনো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত, সুষ্ঠু, উন্নত ও পদ্ধতিগত পাঠদান প্রণিধানযোগ্য। শ্রেণিকক্ষে মানসম্মত আধুনিক সফল, যথাযথ ও নিয়মিত পাঠদান এবং শিক্ষাদান শিক্ষার্থীদের জন্য বড় পাওনা, বড় প্রাপ্তি আর শিক্ষকদের বড় সন্তুষ্টি, বড় সাফল্য, বড় কৃতিত্ব।
লেখক: ড. এসএম জাহাঙ্গীর আলম (সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন)