× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাল খনন প্রকল্প যেন ব্যর্থ না হয়

সম্পাদকীয়

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৩:২৭ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৩:৩০ পিএম

কখনও রাজনৈতিক কারণে, কখনও স্বার্থহানির আশঙ্কায় প্রকল্পকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয় ওইসব মহল। প্রধানমন্ত্রী তারেক রহমান সূচিত খাল খনন ও পুনঃখনন প্রকল্প নিয়ে তেমনই আশঙ্কা দেখা দিয়েছে। ফাইল ছবি

কখনও রাজনৈতিক কারণে, কখনও স্বার্থহানির আশঙ্কায় প্রকল্পকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয় ওইসব মহল। প্রধানমন্ত্রী তারেক রহমান সূচিত খাল খনন ও পুনঃখনন প্রকল্প নিয়ে তেমনই আশঙ্কা দেখা দিয়েছে। ফাইল ছবি

ভালো কোনো উদ্যোগকে ব্যর্থ করে দিতে ষড়যন্ত্র-চক্রান্ত আমাদের দেশে নতুন নয়। আর এসব চক্রান্তের সবচেয়ে মারাত্মক হলো ভেতরে অবস্থান করে নানাভাবে উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করা। সরকারি বহু জনকল্যাণমূলক কর্মসূচির ব্যর্থতার মূল কারণ অভ্যন্তরীণ চক্রান্ত। কখনও রাজনৈতিক কারণে, কখনও স্বার্থহানির আশঙ্কায় প্রকল্পকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয় ওইসব মহল। প্রধানমন্ত্রী তারেক রহমান সূচিত খাল খনন ও পুনঃখনন প্রকল্প নিয়ে তেমনই আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এর প্রথম পাতায় এ-সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে, প্রকল্প পরিকল্পনায় দুর্বলতা, মাঠপর্যায়ে তদারকির ঘাটতি, বাস্তবায়নকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং জবাবদিহিতার অভাবে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। মাঠপর্যায়ে অনেক ক্ষেত্রেই কর্মসূচি বাস্তবায়নের চিত্র হতাশাব্যঞ্জক। রয়েছে প্রকল্প গ্রহণের আগেই যথাযথ জরিপ ও পরিকল্পনার অভাব। কোথাও প্রকৃত খালের অবস্থান নির্ধারণ না করেই খননকাজ শুরু হয়েছে, আবার কোথাও প্রয়োজনীয় গভীরতা ও প্রস্থ বজায় রাখা হয়নি। অনেক স্থানে আবার খালের তলদেশ কাটা হয়নি, অথচ মাটি বিক্রি করা হয়েছে দুই পাশের পাড় কেটে। কোথাও শ্রম-নির্ভর প্রকল্পে কর্মীর হাতের বদলে ব্যবহার করা হয়েছে ভারী যন্ত্র ভেকু। বহু স্থানেই অনিয়মের কারণে খনন করা খালে পানিপ্রবাহ ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। যশোরের শার্শা, ফেনীর পরশুরাম ও চট্টগ্রামের কর্ণফুলীসহ আরও কয়েকটি জেলার অনুসন্ধানে খাল পুনঃখননে অনিয়মের নানা চিত্র উঠে এসেছে। ফলে প্রকল্পগুলো কৃষকের জন্য আশার আলো জ্বালাতে পারছে না। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়ম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এমনকি নিম্নমানের কাজ, ভুয়া বিল-ভাউচার, কাজ না করেই অর্থ উত্তোলন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঠিকাদার নিয়োগ এবং কার্যকর তদারকির অভাব বহু প্রকল্পকে ব্যর্থ করেছে। কোথাও খনন করা মাটি নিয়ম অনুযায়ী অপসারণ না করে খালের পাড়েই ফেলে রাখা হয়েছে। ফলে বহু খননকৃত খাল আগের অবস্থায় ফিরে গেছে। কোনো কোনো স্থানের মাটি যথাযথ স্থানে না রেখে ইট ভাটায় বিক্রির অভিযোগও উঠেছে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ের পরও কাঙ্ক্ষিত সাফল্য আশা করা যাচ্ছে না।

বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও অপরিকল্পিত উন্নয়ন, দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে অসংখ্য খাল চিরতরে হারিয়ে গেছে, বহুসংখ্যক আজ অস্তিত্ব সংকটে। জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নৌপথ সচল রাখতে খাল খনন এবং পুনঃখনন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, একটি মহল জাতীয় স্বার্থের এ কর্মসূচি বাস্তবায়নের শুরু থেকেই একে ব্যর্থ করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম, অব্যবস্থাপনা মহতী এ প্রকল্পকে অনিশ্চিত করে তুলেছে। ফলে উদ্যোগের সাফল্য নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী চলতি বছরের ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি উদ্বোধন করেন। 

উল্লেখ্য, ১৯৭৭ সালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রথম যখন খালকাটা কর্মসূচির ডাক দিয়েছিলেন, তখন সেটি কেবল পানি ব্যবস্থাপনার উন্নয়ন ছিল না, ছিল একটি আত্মনির্ভরশীল অর্থনীতির বীজবপন। তখন স্বেচ্ছাশ্রমের এই প্রকল্পকে তিনি নাম দিয়েছিলেন ‘দ্বিতীয় বিপ্লব’। তার প্রত্যয় ছিল ‘খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা-খরা’। আজ কয়েক দশক পর তারই সন্তান তারেক রহমান সেই কর্মসূচির মশাল হাতে নিয়েছেন। বিএনপির নির্বাচনী ইশতেহারেও অঙ্গীকার করা হয়েছিল, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী ও খাল খননের বিষয়টি। 

এ ক্ষেত্রে খাল দখলদারদের প্রভাবও উপেক্ষা করার মতো নয়। প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন ধরে খালের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছে। খননকাজ শুরু হলে বিভিন্ন অজুহাতে তারা বাধা সৃষ্টি করে, কখনও আইনি জটিলতা তৈরি করে, আবার কখনও স্থানীয় প্রভাব ব্যবহার করে কাজ বন্ধ রাখার চেষ্টা চালায়। প্রশাসনের দুর্বলতা কিংবা দায়িত্বশীলদের নীরবতা এসব চক্রান্তকে আরও শক্তিশালী করে তুলেছে। স্থানীয় জনগণের সচেতনতার অভাবও লক্ষণীয়। খাল পুনরুদ্ধারের পর অনেক জায়গায় আবার অবৈধভাবে বর্জ্য ফেলা, বাঁধ নির্মাণ কিংবা দখলের ঘটনা ঘটছে। ফলে সরকারি অর্থ ব্যয় করেও দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। 

আমরা মনে করি, পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সুশাসন, জবাবদিহিতা এবং কঠোর তদারকি। প্রকল্প গ্রহণের আগে বিজ্ঞানভিত্তিক জরিপ, স্বচ্ছ দরপত্র প্রক্রিয়া, নিয়মিত মান নিয়ন্ত্রণ এবং কাজের অগ্রগতি প্রকাশ্যে তুলে ধরতে হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকার, পানি উন্নয়ন সংশ্লিষ্ট সংস্থা এবং জনগণকে সমন্বিতভাবে সম্পৃক্ত করতে হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রকল্প পর্যবেক্ষণ এবং স্বাধীন নিরীক্ষার ব্যবস্থাও জরুরি।

মনে রাখতে হবে, খাল শুধু একটি জলপথ নয়Ñ এটি দেশের পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য এবং জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই খালকাটা কর্মসূচিকে ব্যর্থ করার সব ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা ও চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করতে হবে। রাষ্ট্রের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে খালগুলোকে পুনর্জীবিত করা গেলে জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং টেকসই উন্নয়নের পথ আরও সুদৃঢ় হবে। আমরা চাই, খাল পুনরুদ্ধারের এই উদ্যোগ কোনো অনিয়ম বা চক্রান্তের কারণে যেন ব্যর্থ না হয়। সরকারকে সে বিষয়ে অধিকতর মনোযোগ দিতে হবে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা