× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেক্ষাপট

উত্তরের বাতিঘর কেন আলোহীন

ফারহানা মীম

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৫:১৪ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

উত্তরবঙ্গের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। কেউ কেউ বলেন ‘উত্তরে বাতিঘর’। সেই বাতিঘরকেই এখনপর্যাপ্ত আলোর অভাবে অন্ধকারাচ্ছন্ন। প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়টি আজও আবাসন সংকট, অসমাপ্ত উন্নয়ন প্রকল্প, গবেষণায় সীমিত সুযোগ এবং অবকাঠামোগত নানা সমস্যার সঙ্গে লড়াই করছে।

প্রায় ৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক হলে আসন রয়েছে মাত্র ৮২৪টি। অন্যদিকে বছরের পর বছর ধরে একাধিক উন্নয়ন প্রকল্প শেষ না হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কমার বদলে আরও বেড়েছে। সরকার পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে শিক্ষার্থী ও উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক বেড়েছিল। কিন্তু বাস্তবতা হলো, আজও বেরোবির অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের অপেক্ষায়। তাই প্রশ্ন উঠছেÑ উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় কি সত্যিই উন্নয়নের অগ্রাধিকার পাচ্ছে, নাকি এখনও অবহেলার বৃত্তেই আটকে আছে?

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬টি অনুষদের অধীনে ২২টি বিভাগে প্রায় ৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। অথচ আবাসিক হলে আসন রয়েছে মাত্র ৮২৪টি, যা মোট শিক্ষার্থীর প্রায় ১০ শতাংশের জন্যই যথেষ্ট। বর্তমানে ছেলেদের জন্য বিজয়-২৪ হল ও শহীদ মুখতার ইলাহী হল এবং মেয়েদের জন্য একমাত্র শহীদ ফেলানী হল চালু রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট বেগম খালেদা জিয়া ছাত্রী হলের কাজ পুনরায় শুরু হলেও তা এখনও শেষ হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীকে বাধ্য হয়ে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন মেস ও ভাড়া বাসায় থাকতে হচ্ছে। এর সুযোগে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে মেসনির্ভর আবাসন ব্যবস্থা। অতিরিক্ত ভাড়া, অনিরাপদ পরিবেশ ও নানা ধরনের অনিয়ম মেনে নিয়েই অনেক শিক্ষার্থীকে শিক্ষাজীবন চালিয়ে যেতে হচ্ছে। এই সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে নারী শিক্ষার্থী এবং মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর।

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় পুনরায় অন্তর্ভুক্ত হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৯০ কোটি ১৫ লাখ টাকার অধিকতর সম্প্রসারণ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ‘আবু সাঈদ তোরণ ও মিউজিয়াম’ এবং ‘শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ১৬ জুলাই এসব স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এখনও সেখানে দৃশ্যমান কোনো নির্মাণকাজ শুরু হয়নি। একই প্রকল্পের আওতায় ১২ তলা একাডেমিক ভবন, তিনটি ১০ তলা ছাত্র হল, দুটি ১০ তলা ছাত্রী হল, সমন্বিত অ্যাক্টিভিটি সেন্টার, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন, লাইব্রেরি সম্প্রসারণ, সড়ক, ড্রেনেজ ও অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটি এখনও একনেকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। নিঃসন্দেহে এটি বেরোবির ইতিহাসে অন্যতম বৃহৎ উন্নয়ন উদ্যোগ। তবে অতীতের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সতর্ক করে দেয়। এর আগেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘোষণা এসেছে, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, কিন্তু বাস্তবায়নে বছরের পর বছর বিলম্ব হয়েছে। তাই এবার শিক্ষার্থীদের প্রত্যাশা একটাইÑ এই মেগা প্রকল্প যেন কেবল কাগজে-কলমে বা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থাকে; নির্ধারিত সময়ের মধ্যেই স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে বাস্তবায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখুক।

অবশ্য বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক উদ্যোগ একেবারেই নেই, এমনটিও বলা যাবে না। বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে থিসিস করা শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে গবেষণা স্কলারশিপ দেওয়া হচ্ছে, যা গবেষণাকে উৎসাহিত করার একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে বর্তমান সময়ে একটি মানসম্মত গবেষণা পরিচালনায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, ভ্রমণ, বই ও জার্নাল, তথ্য বিশ্লেষণ এবং অন্যান্য গবেষণা-সংক্রান্ত ব্যয় বিবেচনায় এই সহায়তা অনেক ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। একই সঙ্গে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শুধু স্কলারশিপ নয়, আধুনিক গবেষণাগার, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশ এবং গবেষণা খাতে আরও বেশি বিনিয়োগ নিশ্চিত করাও জরুরি। কারণ একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু নতুন ভবন নির্মাণে নয়, বরং জ্ঞান সৃষ্টি, গবেষণা এবং উদ্ভাবনের মধ্য দিয়েই প্রকৃত অর্থে মূল্যায়িত হয়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে গতি আসবে। কিন্তু সেই প্রত্যাশার পুরো প্রতিফলন এখনও দৃশ্যমান নয়। উত্তরবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বেরোবিকে ঘিরে মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। তাই প্রয়োজন শুধু নতুন প্রকল্প ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন নয়; প্রয়োজন নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা।  একটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাগজে-কলমে নয়, তার সুফল শিক্ষার্থীদের কাছে কতটা পৌঁছেছে সেটাই বিবেচ্য। উত্তরবঙ্গের উচ্চশিক্ষার এই বাতিঘরকে ঘিরে শুধু প্রতিশ্রুতি নয়,  বাস্তব উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন সংশ্লিষ্ট সবার।


লেখক: ফারহানা মীম (শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর)






শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা