× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির বন্দিনীদের কথা

সম্পাদকীয়

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৩:০৫ পিএম

 গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীহলের আবাসিক শিক্ষার্থীদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীহলের আবাসিক শিক্ষার্থীদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। এই উপমা কতটা বাস্তভিত্তিক ছিল সে হিসাব কখনোই কেউ করেনি। তবে দেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ব করত। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়ার আকাঙ্ক্ষা বা স্বপ্ন দেখত দেশের নবীন শিক্ষার্থীরা। সমাজেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আলাদা মর্যাদা ছিল।

মানুষজন তাদের সমীহ করত। মনে করা হতো, যারা দেশের এ সর্বোচ্চ শিক্ষালয়ে শিক্ষকতা করেন বা অধ্যয়ন করেন, তারা অন্যদের চেয়ে ভিন্নতর উচ্চতাসম্পন্ন। কিন্তু পূর্বের সে অবস্থা এখন আর নেই একশ পাঁচ বছরের পুরনো এই শিক্ষালয়ের। শিক্ষার মান লয়প্রাপ্ত হয়েছে অনেক আগেই। এখন সেখানে অধ্যয়নের চেয়ে অপরাজনীতি আর অনৈতিক বিভিন্ন কাজের চর্চা হয় বেশি। তারপরও প্রাচীন এ বিদ্যাপীঠে অধ্যয়ন করার অদম্য আকাঙ্ক্ষা তাড়িত করে নবীন শিক্ষার্থীদের। আর সেজন্যই প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাঙ্গন হিসেবে প্রাচীন এ বিশ্ববিদ্যালয়ের নাম থাকে সর্বাগ্রে। 

নবীন জ্ঞানপিপাসুদের সবারই ধারণা থাকে এখানে ভর্তি হতে পারলে ‘চমৎকার’ পরিবেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা যে কতটা নির্মম তা ফুটে উঠেছে গতকালের প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে। ‘বন্দিশিবির নয়, ছাত্রীনিবাস’ শিরোনামের ওই রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা  শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীহলের আবাসিক শিক্ষার্থীদের বসবাসের যে চিত্র তুলে ধরা হয়েছে, তাতে যে কেউ বিস্মিত এবং ক্ষুব্ধ না হয়ে পারেন না। অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনার পেছনে অকৃপণহস্তে অর্থ ব্যয় করেন। তারা এই ভেবে নিশ্চিন্ত হতে চান যে, তার সন্তানটি যথাযোগ্য পরিবেশে থেকেই পড়াশোনায় ব্যস্ত রয়েছে। কিন্তু সে আভিভাবক যখন জানতে পারেন, তারা পুত্র কিংবা কন্যাটি একটি কক্ষে অন্যদের সঙ্গে জেলখানার কয়েদিদের মতো অবস্থান করতে বাধ্য হচ্ছে, তখন তার বিষণ্ন না হয়ে উপায় কী? প্রতিবেদনে বলা হয়েছে, ওই হলের ৩৩০ নম্বর কক্ষে ৯টি দ্বিতল খাটে বাস করছে ৩৬ জন শিক্ষার্থী। শুধু ওই একটি কক্ষেই নয়, অন্তত আরও ১০টি কক্ষে একইভাবে গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। অনেকটা লীগ শাসনামলে প্রবর্তিত ‘গণরুম’ পদ্ধতির মতো, যেখানে শিক্ষার্থীরা গাদাগাদি করে বসবাস করতে বাধ্য হন। ভর্তি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেক নারী হলেও আবাসনের ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ে চলছে চরম বৈষম্য। প্রায় ৪৯ হাজার শিক্ষার্থীর এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হল রয়েছে ১৯টি। আর হোস্টেল রয়েছে চারটি। এগুলোর মধ্যে ১৩টি বরাদ্দ ছাত্রদের জন্য, আর ছাত্রীদের জন্য রয়েছে মাত্র ৫টি হল। ৪৮ হাজার ৮৮১ শিক্ষার্থীর মধ্যে ২২ হাজার ১৫২ জন ছাত্র, আর ছাত্রীসংখ্যা ২০ হাজার ৭২৯ জন। ছাত্র-ছাত্রীদের সংখ্যা ও হল বরাদ্দের তালিকা থেকেই অনুমান করা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সূতিকাগার এ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের অবসান হয়নি। বরং তা বহাল তবিয়তেই আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নতুন নয়। দীর্ঘকাল ধরেই এ সংকট বিদ্যমান রয়েছে। মূলত আবাসিক সিট সংখ্যার চেয়ে প্রতিবছর অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করানোর ফলে সংকটের নিরসন না হয়ে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ছাত্র হলের সংখ্যা ছাত্রী হলের প্রায় চারগুণ হলেও সেখানকার চিত্রও সুখকর নয়। মাঝেমধ্যেই ছাত্র হলের সিট সংকটের খবর গণমাধ্যমে আসে। আর এই আবাসন সংকটকে হাতিয়ার করে ক্ষমতাসীন সমরকারদলীয় ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তারের কাহিনীও বহু পুরনো। একটি সিটের জন্য ইচ্ছার বিরুদ্ধে অনেক শিক্ষার্থীকে নাম লেখাতে হয় ওইসব সংগঠনে। যেতে হয় মিছিলে। এমনও দেখা গেছে, হলে একটি সিট পাওয়ার জন্য যে ছেলেটি ছাত্র সংগঠনের খাতায় নাম লিখাল, ছাত্র রাজনীতির চক্করে পড়ে তার ছাত্রজীবনই সমাধিস্থ হয়ে গেছে।

শত অভিযোগ সত্ত্বেও এ কথা অনস্বীকার্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের ধন। প্রবল রাজনৈতিক ও সামাজিক বৈরিতা সত্ত্বেও ব্রিটিশ শাসকরা এতদঞ্চলের মানুষের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। তারপর থেকে এ বিশ্বদ্যালয় সাক্ষী হয়েছে সব ঐতিহাসিক ঘটনার। ফলে এ বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কোনো নেতিবাচক খবর, তা শিক্ষার মান কিংবা ছাত্রী হলের দুরবস্থা, যেটা নিয়েই হোক, আমাদের যুগপৎ ব্যথিত ও ক্ষুব্ধ না করে পারে না। শিক্ষার্থীরা উচ্চিশিক্ষা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব নেবে একদিন। সেজন্য তাদের নির্বিঘ্নে, নিশ্চিন্তে অধ্যয়ন ও জ্ঞান আহরণের পরিবেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে। আমরা জানি না, প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদন ঢাবি কর্তৃপক্ষের নজরে এসেছে কি না। কিংবা এ সম্পাদকীয় স্তম্ভের কথাগুলো তাদের মনোযোগ আকর্ষণ করতে পারবে কি না। তবে বলার কথাগুলো আমরা বলবই। আমরা আশা করি, শুধু একটি মাত্র ছাত্রী হল নয়, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের ত্বরিত ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ। যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল বন্দিশিবির হিসেবে পরিচিতি না পায়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা