মো. মোয়াজ্জেম হোসেন বাদল
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১১:৩৩ এএম
মো. মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
যেকোনো দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হলো তার ব্যাংকিং সেক্টর। মানুষের সঞ্চয়, ব্যবসা-বাণিজ্যের অর্থায়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে ব্যাংক খাতের সম্পর্ক অত্যন্ত নিবিড়।
সাধারণ মানুষ যখন তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা রাখেন, তখন তারা মূলত প্রতিষ্ঠানটির প্রতি আস্থা রেখেই সেই সিদ্ধান্ত নেন। সেই বিবেচনায় ব্যাংকিং ব্যবস্থার সবচেয়ে বড় সম্পদ মূলধন নয়, প্রযুক্তিও নয় মূলধন হচ্ছে জনগণের বিশ্বাস ও আস্থা। এই বিশ্বাস ও আস্থায় চিড় ধরলে পুরো অর্থনীতিই ঝুঁকির মুখে পড়তে বাধ্য।
আমাদের ব্যাংকিং খাত প্রায় এক দশক ধরে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে খেলাপি ঋণ বৃদ্ধি, রাজনৈতিক প্রভাব, আর্থিক কেলেঙ্কারি, অর্থ পাচার, নানা খাতে অনিয়ম ও দুর্নীতি, দুর্বল করপোরেট ব্যবস্থা। কিছু ব্যাংকের আর্থিক দুর্বলতা, তারল্য সংকট, উচ্চমাত্রার খেলাপি ঋণ এবং পরিচালনাগত অনিয়ম সাধারণ আমানতকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। স্বভাবতই প্রশ্ন উঠছে ব্যাংকে রাখা মানুষের কষ্টার্জিত অর্থ কতটা নিরাপদ?
এই প্রশ্নের জবাব শুধু আশ্বাস দিয়ে দেওয়া সম্ভব নয়; এর উত্তর দিতে হবে কার্যকর সংস্কার, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে। বিনিয়োগকারীরাও ব্যাংকের আর্থিক সক্ষমতা নিয়ে নতুন করে ভাবছেন। এই বাস্তবতায় ব্যাংক খাতে আস্থা পুনরুদ্ধার এখন কেবল একটি অর্থনৈতিক প্রয়োজন নয়; এটি জাতীয়ভাবে অগ্রাধিকারের বিষয়।
এটা সত্য যে, ব্যাংকিং ব্যবস্থায় আস্থার ভিত্তি হলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন। একটি ব্যাংক যদি আইন ও নীতিমালা মেনে পরিচালিত হয়, পরিচালনা পর্ষদ যদি পেশাদার ও দায়িত্বশীল হয় এবং ঋণ বিতরণ যদি রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবমুক্ত থাকে, তাহলে মানুষের বিশ্বাস স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। কিন্তু যখন ঋণ অনুমোদনে অনিয়ম, প্রভাবশালী গোষ্ঠীর সুবিধা কিংবা দুর্বল তদারকির অভিযোগ সামনে আসে, তখন পুরো খাতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
তবে আশার কথা, বর্তমান নির্বাচিত সরকার এবং বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের সংস্কারে নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারা দুর্বল ব্যাংকগুলো পুনর্গঠন, তদারকি জোরদার, ঝুঁকিভিত্তিক ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলা এবং করপোরেট সুশাসন উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সংস্কারের সফলতা নির্ভর করবে তার ধারাবাহিকতা, নিরপেক্ষতা এবং বাস্তবায়নের ওপর। কাগজে-কলমে সংস্কার নয়, দৃশ্যমান পরিবর্তনই মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে।
খেলাপি ঋণের বিষয়টি ব্যাংক খাতের সবচেয়ে বড় উদ্বেগগুলোর একটি। ঋণ পরিশোধে অনীহা, দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে দুর্বল ব্যবস্থা ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে নতুন উদ্যোক্তারা ঋণ পেতে সমস্যায় পড়েন, উৎপাদন ব্যাহত হয় এবং অর্থনীতির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। যারা নিয়মিত ঋণ পরিশোধ করেন, তাদের কাছে এটি ন্যায়বিচারের প্রশ্নও বটে। তাই ঋণখেলাপিদের ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা অপরিহার্য।
আমি মনে করি, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা ছাড়া গ্রাহক আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। এই ক্ষেত্রে পরিচালনা পর্ষদে যোগ্যতা, পেশাদারত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্বার্থের সংঘাত এড়াতে কার্যকর নীতিমালা প্রয়োগ করতে হবে এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে হবে। কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি দক্ষ, স্বচ্ছ এবং নীতিনিষ্ঠ হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।
আমানতকারীদের আস্থা ধসে গেলে সফল ব্যাংকের পক্ষেও টিকে থাকা অসম্ভব। দেশের সিংহভাগ ব্যাংকে তারল্য সংকটের বিষয়টি সবার জানা। এর প্রধান কারণ উচ্চমাত্রার খেলাপি ঋণ; যার বড় অংশের পুনরুদ্ধার অসম্ভব বলে মনে করেন খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর বাস্তব উদাহরণ হতে পারে ইসলামী ব্যাংক। এই ব্যাংকটির বিপুল অর্থ ইতোমধ্যে ঋণের নামে ব্যাংক থেকে বেরিয়ে গেছে। এতে আমানতকারীদেরও দুশ্চিন্তা বেড়েছে। এখন ব্যাংকটিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রয়োজন সহায়তা তথা তারল্য জোগানো।
জানা গেছে, সংকট মোকাবিলায় ব্যাংকটি যে অর্থ চেয়েছিল, তার অর্ধেক ইতোমধ্যে জুগিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে আমানতকারীদের মনে কিছুটা হলেও আস্থা ফিরেছে। আরও কিছু ব্যাংক ও নন-ব্যাংক প্রতিষ্ঠানের সংকট মোকাবিলায়ও বাংলাদেশ ব্যাংককে একই ভূমিকা রাখতে হবে। এ অবস্থায় ব্যাংক খাতের অভিভাবক হিসেবে তার ভূমিকায় যেন সবাই পুরো আস্থা রাখতে পারে, সেটা সৃষ্টির দায়িত্বও নিতে হবে বাংলাদেশ ব্যাংককে।
ব্যাংকিং খাতের সংস্কারে আমার একটা মতামত এই লেখায় উল্লেখ করতে চাই, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো ক্ষুদ্র শিল্প খাত। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং উদ্যোক্তা তৈরিতে এই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতটির একজন উদ্যোক্তা হিসেবে লক্ষ করেছি, ব্যাংকিং খাতের ঋণনীতিতে এখনও ক্ষুদ্র শিল্প খাতে পর্যাপ্ত গুরুত্ব পায়নি। ফলে অসংখ্য সম্ভাবনাময় উদ্যোক্তা প্রতিষ্ঠান উচ্চ সুদের কারণে ব্যবসা সম্প্রসারণ কঠিন হয়ে পড়ছে।
তাই ব্যাংকিং খাতের সংস্কারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত ক্ষুদ্র শিল্পকে সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা। এই ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পের জন্য ঋণের সুদের হার এক অঙ্কে বা সিঙ্গেল ডিজিটে নির্ধারণ করা হলে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের শিল্পভিত্তি আরও শক্তিশালী হবে। সৎ ও পরিশ্রমী ক্ষুদ্র উদ্যোক্তারা যেন প্রকৃত সুবিধা পান, সেজন্য রাজনৈতিক বা প্রভাবশালী গোষ্ঠীর পরিবর্তে যোগ্য ও উৎপাদনমুখী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিং, আর্থিক সাক্ষরতা এবং উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।
অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ব্যাংকঋণ পেতে জটিল কাগজপত্র, অতিরিক্ত জামানত এবং দীর্ঘসূত্রতার মুখোমুখি হন। দেখা যায়, তুলনামূলক বড় প্রতিষ্ঠানগুলো সহজেই বড় অঙ্কের ঋণ গ্রহণের সুযোগ পায়। এই বৈষম্য দূর করতে হলে ক্ষুদ্র শিল্পের জন্য পৃথক ঋণনীতি, সহজ আবেদন প্রক্রিয়া এবং দ্রুত ঋণ অনুমোদনের ব্যবস্থা চালু করতে হবে। একই সঙ্গে নারী উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা এবং গ্রামীণ শিল্পের জন্য বিশেষ প্রণোদনা থাকা প্রয়োজন। আমি মনে করি, একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্পকেও সমান গুরুত্ব দিতে হবে। এখনই সময় ক্ষুদ্র শিল্পকে ব্যাংকিং নীতির কেন্দ্রবিন্দুতে এনে বাস্তবমুখী ও উদ্যোক্তাবান্ধব সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নেওয়া।
এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও সক্ষমতা আরও বাড়ানো দরকার। একটি শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকই পারে আর্থিক খাতের ঝুঁকি আগেভাগে শনাক্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। তদারকি ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি-নির্ভর করতে হবে, যাতে অনিয়ম দ্রুত শনাক্ত করা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা বিলম্ব ছাড়াই গ্রহণ করা সম্ভব হয়। ডিজিটাল ব্যাংকিংয়ের দ্রুত প্রসারের ফলে নতুন সুযোগের পাশাপাশি নতুন ঝুঁকিও তৈরি হয়েছে। সাইবার জালিয়াতি, তথ্য চুরি এবং ডিজিটাল প্রতারণা প্রতিরোধে ব্যাংকগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে গ্রাহকদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করাও জরুরি। নিরাপদ ডিজিটাল ব্যাংকিং ভবিষ্যতের আর্থিক ব্যবস্থার অন্যতম ভিত্তি।
আস্থা পুনরুদ্ধারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক গ্রাহকসেবার উন্নয়ন। ব্যাংকের প্রতিটি শাখায় স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা থাকতে হবে। যেন আমানতকারীরা বুঝতে পারেন তার অর্থ যেমন নিরাপদ, তেমনি তার অধিকারও সুরক্ষিত। অর্থপাচার প্রতিরোধেও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। অবৈধ অর্থ বিদেশে চলে গেলে শুধু ব্যাংক খাত নয়, পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আর্থিক গোয়েন্দা কার্যক্রম শক্তিশালী করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইন কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি।
ব্যাংক খাতের প্রতি আস্থা পুনরুদ্ধারে সবচেয়ে জরুরি রাজনৈতিক সদিচ্ছার। ব্যাংক পরিচালনায় অযাচিত প্রভাব, বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর আধিপত্য এবং অনিয়মের ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। আইনের শাসন নিশ্চিত হলে এবং সবাই সমানভাবে জবাবদিহিতার আওতায় এলে আমানতকারীদের বিশ্বাসও ফিরে আসবে। একই সঙ্গে গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, অর্থনীতিবিদ এবং নাগরিক সমাজেরও গঠনমূলক ভূমিকা রয়েছে। তারা অনিয়ম তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সংস্কার উদ্যোগকে উৎসাহিত করতে পারে। তবে তা হতে হবে তথ্যভিত্তিক এবং সমাধানমুখী। একই সঙ্গে অযাচিত গুজব বা আতঙ্ক ছড়ানো থেকেও বিরত থাকতে হবে, কারণ এ ধরনের আতঙ্ক কখনও কখনও সুস্থ ব্যাংকিং ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
বাংলাদেশের লক্ষ্য উন্নয়নশীল দেশের কাতার অতিক্রম করে একটি শক্তিশালী অর্থনীতির পথে এগিয়ে যাওয়া। সেই যাত্রায় একটি স্থিতিশীল, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যাংকিং ব্যবস্থা জরুরি। অর্থনীতির বর্তমান বাস্তবতায় ব্যাংক খাতের সংস্কার অন্যায্য কিছু নয়; এটি সময়ের প্রয়োজনেরই অংশ। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন, কর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য ব্যাংকিং ব্যবস্থা অপরিহার্য। বিনিয়োগকারীরা একটি দেশের ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতাকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করেন। তাই ব্যাংক খাতের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা দেশের অর্থনৈতিক ভাবমূর্তিকেও শক্তিশালী করবে।
ব্যাংকিং ব্যবস্থা যেকোনো দেশের অর্থনীতির আস্থার প্রতীক। এই আস্থা এক দিনে তৈরি হয় না; আবার নষ্ট হলে তা ফিরিয়ে আনতেও সময় ও ধারাবাহিক উদ্যোগের প্রয়োজন হয়। মনে রাখতে হবে, জনগণের বিশ্বাস অর্জন করতে হলে কথার চেয়ে কাজের প্রমাণ দিতে হবে। আমি মনে করি, সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, কঠোর নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত নিরাপত্তা এবং নৈতিক নেতৃত্ব এই ছয়টি ভিত্তির ওপর দাঁড়িয়েই একটি দেশের শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠতে পারে। এখন নেওয়া সঠিক সিদ্ধান্তই আগামী দিনের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। তাই ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধার আর বিলম্ব নয়, এটি জাতীয় ‘অগ্রাধিকার’ হিসেবে দেখা উচিত। সময় এসেছে জন-আস্থা ফিরিয়ে আনার, কারণ আস্থাই ব্যাংকিং ব্যবস্থার সবচেয়ে বড় মূলধন, আর তা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্র, নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবার।
লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা