ফাইল ছবি
বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক লেভ টলস্টয় তার ‘কতটুকু জমি দরকার’ গল্পে বোঝাতে চেয়েছেন, একজন মানুষের চাহিদা খুব কমই হওয়া উচিত। লোভী কৃষকের মতো যারা অতিরিক্ত জমির জন্য দৌড়াতে থাকেন, তাদের ভাগ্যে একসময় নেমে আসে করুণ পরিণতি। টলস্টয়ের গল্পের সেই কৃষক আরও জমি পাওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছার আগেই মুখ থুবড়ে পড়ে মৃত্যুবরণ করেন। বিপুল জমির মালিক হওয়ার বাসনায় জীবনবাজি রেখে দৌড়ানো কৃষকের সমাধির জন্য শেষ পর্যন্ত প্রয়োজন হয় সাড়ে তিন হাত জমি। মানুষের শেষ গন্তব্য এবং খালি হাতে চলে যাওয়ার চিরন্তন সত্য জানা সত্ত্বেও কোনো কোনো মানুষ অর্থবিত্তের পাহাড় গড়ার স্বপ্নে বিভোর হয়ে অনৈতিকতায় নিমজ্জিত হয়। অথচ তিনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন, তখন পৃথিবীতে তার রেখে যাওয়া সম্পদ-সম্পত্তি পড়ে থাকে।
কিছু কিছু মানুষের অর্থবিত্ত গড়ার লোভের সীমা-পরিসীমা এমনভাবে অতিক্রম করে যে, হিতাহিত জ্ঞান থাকে না। অর্থ-সম্পদ অর্জন এবং বিলাস-ব্যসনের তীব্র বাসনা তাদের হিতাহিত জ্ঞানশূন্য করে তোলে। তারা তাদের কর্মকাণ্ডে ন্যায়-অন্যায়, বৈধ-অবৈধের হিসাব আর রাখেন না। নিজেকে মহাশক্তিধর মনে করা এসব অপরিণামদর্শী মানুষ ভুলে যায়, সবকিছুরই সমাপ্তি আছে। জনরোষে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদও হয়তো ভুলে গিয়েছিলেন সৃষ্টিকর্তার সে বিধানের কথা। তাই রাষ্ট্রক্ষমতার মহাপ্রতাপকে অপব্যবহার করে দেশ-বিদেশে গড়েছিলেন বিপুল সম্পদরাজি। তার সে সম্পদ-রাজত্বের একটি ক্ষুদ্র অংশের বিবরণ প্রকাশিত হয়েছে গতকালের প্রতিদিনের বাংলাদেশে।
খবরে বলা হয়েছে, রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানের একটি বাড়ি জাবেদের মালিকানাধীন দুটি ফ্ল্যাট থেকে শত শত কোট-টাই উদ্ধার করেছে দুদক। আদালতের নির্দেশে দুদক ওই ক্রোক হওয়া ফ্ল্যাট দুটিতে জব্দ মালামালের তালিকা করছে। সেখান থেকে বিশ্বখ্যাত ব্র্যান্ড রোলেক্স ঘড়ির আটটি বক্সও উদ্ধার করা হয়েছে। দুদকের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রথম দিনেই তিন শতাধিক কোট, পাঁচ শতাধিক টাই, মুক্তার অলংকারসহ মূল্যবান জিনিসপত্র পাওয়া গেছে। অভিযান শেষ হলে হয়তো এ তালিকা আরও দীর্ঘ হবে। উল্লেখ্য, জাবেদের মালিকানাধীন গুলশানের ফ্ল্যাট দুটির আয়তন প্রায় সাড়ে সাত হাজার বর্গফুট। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে জাবেদ তার সম্পদ বৈধভাবে অর্জন করেছেন বলে দাবি করেছিলেন।
এর আগে শেখ হাসিনার সাবেক কেবিনেট কলিগ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিলাসবহুল পাঁচ শতাধিক বাড়ি ও ফ্ল্যাট থাকার খবর পাওয়া গিয়েছিল। এসব বাড়ি ও ফ্ল্যাট যে তিনি বৈধ পথে আয় করেননি, তা না বললেও বোঝা যায়। অবৈধ পথে অর্জিত অর্থ বিদেশে পাচার করে সেখানে গড়ে তুলেছিলেন সম্পদ-সাম্রাজ্য। এ ছাড়া ঋণের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কথায় আছে ‘বাপকা বেটা সিপাইকা ঘোড়া, কুছ না হোবে তো থোড়া থোড়া।’
জাবেদের বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবুর বিরুদ্ধেও দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের এন্তার অভিযোগ উঠেছিল একসময়। মতিঝিলে দিনদুপুরে অস্ত্রের মুখে পরিচালনা পর্ষদকে তাড়িয়ে দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দখল, ভাড়াটে কিলার দিয়ে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী অ্যাডভোকেট হুমায়ুন জহীরের হত্যাসহ নানা ন্যক্কারজনক ঘটনার খলনায়ক ছিলেন জাবেদের বাবা। মরহুম বাবার পদাঙ্ক অনুসরণ করেই দুর্নীতি-লুটপাটের পঙ্কিল পথে পা বাড়িয়েছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, একথা বলা বোধকরি অসমীচীন হবে না। বাবার চেয়ে কয়েক ধাপ এগিয়ে দুর্নীতির বরপুত্র বনেছেন তিনি।
যদিও তিনি সবকিছু বৈধভাবে আয় করেছেন বলে দাবি করেছেন, তবে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সত্যিটা অচিরেই বেরিয়ে আসবে। বলা নিষ্প্রয়োজন, সরকারের মন্ত্রী হওয়ার সুবাদে দেশের প্রচলিত আইনকানুনকে থোড়াই কেয়ার করে সাবেক মন্ত্রী জাবেদ বিপুল অর্থ-সম্পদ হাতিয়ে বিদেশে পাচার করেছেন। তার ক্ষমতার দাপটের কাছে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিল অসহায়।
তবে কথায় আছে, ‘চোরের দশ দিন আর গেরস্তের এক দিন’। দুর্নীতিবাজ ও লুটেরা এই ভেবে নিশ্চিন্তে থাকে যে, তাদের কেশাগ্রও কেউ স্পর্শ করতে পারবেন না। কিন্তু সময়ের স্রোত যখন উল্টো বইতে শুরু করে, তখন সব হিসাব-নিকাশ বদলে যায়। শেখ হাসিনার সরকারের মন্ত্রীরা যে পরিমাণ অর্থ লোপাট ও বিদেশে পাচার করেছেন, থলের বেড়ালের মতো তার হিসাবও বেরিয়ে আসছে। আগামীতে আরও বেরিয়ে আসবে।
দেশবাসীর দাবি একটাই আর তা হলো এই লুটেরাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। খুন, গুম, গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সমানতালে এই লুটেরা-লুম্পেনদের দুর্নীতি-অনাচারেরও বিচার হতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্যকে জনসমক্ষে উপস্থাপন করে এদের মুখোশ খুলে দিতে হবে। দৃষ্টান্ত স্থাপন করতে হবে সেই সত্যের আইনের হাত থেকে অপরাধী কখনোই পার পেতে পারে না।