× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণের টাকায় ঋণ শোধ: অর্থ খাতে অশুভ ইঙ্গিত

ড. মিহির কুমার রায়

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৩:০৩ পিএম

ড. মিহির কুমার রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ড. মিহির কুমার রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঋণ-নির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার। তার মতে, এমন সময় চ্যালেঞ্জিং বাজেট দিতে হয়েছে যখন আন্তর্জাতিক নানা ধরনের অর্থনৈতিক সহায়তা কমে গেছে।

তিনি আরও বলেন, বাজেট পারফেক্ট হয়েছে বলছি না। যেদিকেই হাত দেই, শুধু বকেয়া। এমন সময় দেড় মাসের মধ্যে বাজেট দিতে হয়েছে। অথচ প্রস্তুতি নিতেই অন্তত ৬ মাস দরকার। বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে অর্থের সংস্থান। অর্থায়নের ঘাটতি পূরণে সরকার দেশি ও বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীল হতে পারে। কিন্তু এখানেও সীমাবদ্ধতা রয়েছে। অন্যদিকে বৈদেশিক ঋণ ও সহায়তা পাওয়ার ক্ষেত্রেও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রকল্প বাস্তবায়নের দুর্বলতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

উল্লেখ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ২০২৫-২৬ অর্থবছরের জুন-মে মেয়াদের বৈদেশিক ঋণের প্রতিবেদন প্রকাশ করেছে। এখানে বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে যে পরিমাণ বৈদেশিক ঋণের অর্থ পাওয়া গেছে তার প্রায় ৯০ ভাগই চলে গেছে পূর্বের নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধে। এছাড়া গত অর্থবছরের তুলনায় কমেছে ঋণ প্রতিশ্রুতির পরিমাণও। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি অর্থবছরের এগারো মাসে বৈদেশিক ঋণের অর্থ পাওয়া গেছে, ৪৫৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। আর পূর্বের নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধ করা হয়েছে ৪১৩ কোটি ২৩ লাখ ডলার। অর্থাৎ ঋণ শোধের পর ঋণের মাত্র ৪৪ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার অবশিষ্ট থাকে বা ৮৯.২৮ শতাংশ অর্থই পরিশোধে চলে গেছে। চলতি অর্থবছরের ১১ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যে পরিমাণ বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে তা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২৬ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার কম। চলতি অর্থবছরে প্রতিশ্রুতি পাওয়া গেছে, ৪২২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে পাওয়া গিয়েছিল ৫৬০ কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার। সবচেয়ে বেশি কমেছে অনুদান। চলতি অর্থবছরে অনুদান প্রতিশ্রুতি এসেছে মাত্র ১৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। গত অর্থবছরে এসেছিল ৩৮ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার। 

চলতি অর্থবছরে ঋণের অর্থছাড় কমেছে উল্লেখযোগ্য পরিমাণ। অর্থবছরের ১১ মাসে বৈদেশিক ঋণ পাওয়া গেছে ৪৫৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০৩ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার কম। গত অর্থবছরে ঋণ পাওয়া গিয়েছিল ৫৬০ কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার। বিগত সময়ে মেগা প্রকল্পসহ অপ্রয়োজনীয় অনেক প্রকল্পে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ নেওয়া হয়। যেগুলোর গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ বেড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ করা হয়েছে ৪১৩ কোটি ২৩ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে পরিশোধ করা হয়েছিল ৩৭৮ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার। সে হিসাবে পরিশোধ বেড়েছে ৩৪ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ডলার বা ৪ হাজার ৮৩৯ কোটি ৭৮ লাখ টাকা। চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ করা হয়েছে ১৪৪ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। গত অর্থবছরের ১১ মাসে সুদ পরিশোধের পরিমাণ ছিল ১৪০ কোটি ১২ লাখ ৪০ হাজার ডলার। ঋণের আসল পরিশোধও বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি অর্থবছরে আসল পরিশোধ করা হয়েছে ২৬৮ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে ছিল ২৩৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার।

বিশ্বের নবম বৃহত্তম অর্থনীতির দেশ বাংলাদেশ, যা আবার দক্ষিণ এশিয়ায় ভারতের পর বৃহৎ অর্থনীতি। ২০২৪ সালের হিসাবের ভিত্তিতে দেশের মোট জিডিপির আকার ৪৫০.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং ৫৫ বছর বয়সের বাংলাদেশ এখনও অর্থনীতির ক্ষেত্রে স্বনির্ভর হতে পারেনি। দেশের উন্নয়ন প্রকল্প ও ঘাটতি বাজেট পূরণের জন্যও দেশটিকে বৈদেশিক সাহায্য দাতা সংস্থার ওপর নির্ভরশীল হতে হয়- যা কোনোভাবেই সম্মানজনক নয়। সরকারের বাজেট ঘাটতি প্রায় উন্নয়ন বাজেটের সমান এং অর্থ অভাবে এডিপি বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠে না। কোনো বছরেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয় না। যেমন ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, অর্জন হয়েছে ৩ লাখ ৫৩ হাজার কোটি টাকা ও ঘাটতি রয়েছে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। আরও উল্লেখ্য, কর জিডিপি অনুপাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবার নিচে অবস্থান করছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের দেশি-বিদেশি ঋণের পরিমাণ ছিল ১৯ লাখ ৪৪ হাজার ১৭১ কোটি টাকা। 

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঋণের পরিমাণ উল্লখযোগ্য হারে বেড়েছে। সরকারের ঋণের উৎসগুলোর মধ্যে রয়েছেÑ ব্যাংক, বীমা, ট্রেজারি বন্ড, সেভিং বন্ড, প্রাইস বন্ড ইত্যাদি। প্রতিবছর সরকার রাজস্ব টার্গেট পূরণে ব্যর্থ হয়েছে। করের ফাঁকির পরিমাণ বেড়েছে, কর এলাকার প্রসার সংকুচিত হয়েছে, পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা বাড়ছে ইত্যাদি। সিপিডির এক গবেষণায় দেখা যায় যে, এ পর্যন্ত বাংলাদেশে কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ২২৩০ বিলিয়ন টাকা এবং বাংলাদেশে অনিবন্ধিত ৬ লাখ বিদেশি কর্মী কর ফাঁকি দিয়েছে ১৮ হাজার কোটি টাকার ওপরে, যা সম্ভব হয়েছে কেবলমাত্র দুর্বল কর কাঠামো ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে। বিগত কয়েক বছরে ব্যাংকের ওপর ঋণ-নির্ভরতা বেড়েছে। যেমন ২০২২ সালের শেষ থেকে ২০২৪ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আমানত বেড়েছে ৩,০৯,৮৮৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, এই আমানতের ৮৭% সরকার ঋণ হিসেবে নিয়েছে এবং বর্তমানে বৈদেশিক ঋণ বেড়েছে ১০০ বিলিয়ন ডলার। এখন প্রশ্ন হলো, সরকার কেন এত বেশি ঋণ নেয় এবং কেনই সুদে-আসলে তা পরিশোধ করতে হয়। 

ইআরডির তথ্য বলছে, ২০২৪-২০২৫ বৈদেশিক ঋণের ৬৮% ব্যয় হয়েছে পূর্বের বকেয়া ঋণ পরিশোধের জন্য এবং পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, ২০২৫-২৬ বছরের বাজেট হবে ঋণের দুষ্টুচক্র ভাঙার বাজেট। বৈদেশিক ঋণ ও অনুদানের বিষয়ে ২০২৪-২৫ সময়ে প্রথম ৮ মাসে ৪১টি চুক্তি স্বাক্ষরিত হয় এবং আইএমএফ/বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ঋণ-সহায়তা চাওয়া হচ্ছে, যার মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা দুঃখজনকও বটে। রিজার্ভ বাড়াতে হবে রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়ানোর মাধ্যমে। তা হলেই এটি টেকসই হবে। বিভিন্ন মাধ্যম বলছে, বাংলাদেশে প্রকল্প ব্যয় বিশ্বের মধ্যে সবচাইতে বেশি, যার কারণ রাজনৈতিক বিশেষত, দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে চীন ও রাশিয়ার কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়টি। এখন সরকারের সবচেয়ে বড় ঝুঁকি হলো এই সকল ঋণের পরিশোধ। ইআরডি বলছে, ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশ যে পরিমাণ বৈদশিক ঋণ নিয়েছে তার জন্য ২০২৯ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত প্রতিবছর ৩.৫ বিলিয়ন ডলারের বেশি আসল পরিশোধ করতে হবে। বিগত সরকার যত ঋণ নিয়েছে সবই বিতর্কিত ঋণের মধ্যে পড়ে যায়, যার একটা মওকুফের সুযোগ থাকতে পারে।

একটি নিরপেক্ষ বিশ্লেষণে দেখা যায়, বহুমাত্রিক চাপে বাংলাদেশের অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানি খরচে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। সামষ্টিক অর্থনীতি, আর্থিক পরিস্থিতি, বিভিন্ন খাত ও সামাজিক চাপ একসঙ্গে তৈরি হয়েছে। অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা এবং বৈশ্বিক নানা ধাক্কা যার কারণ। রাজস্ব আহরণে দীর্ঘদিন ধরে দুর্বল প্রবৃদ্ধি চলছে। চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে এনবিআরের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৫৩৩ কোটি টাকা। কর আদায়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১০ দশমিক ৬ শতাংশ, যা লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে শেষ প্রান্তিকে ৮৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন হবে। আর বার্ষিক ৩৪ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জনে শেষ দুই মাসে প্রয়োজন হবে ১২৮ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি, যা বাস্তবে প্রায় অসম্ভব। সরকার বলছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সকল সকল সমস্যা সমাধনে সরকারকে আরও তিন বছর সময় দিতে হবে।অপরদিকে যেসব কাঠামোগত দুর্বলতা রয়েছে সেগুলো ধীরে ধীরে সারাতে হবে বলে প্রতীয়মান হয়। ব্যাংক খাত সংস্কারে কঠোর ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং নীতি বাস্তবায়ন, নিয়ন্ত্রক শিথিলতা ধীরে ধীরে প্রত্যাহার এবং পুনঃতফসিল ও পুনর্গঠিত ঋণসহ প্রকৃত খেলাপি ঋণের তথ্য প্রকাশের সুপারিশ করেছে অর্থনীতিবিদরা।


লেখক: ড. মিহির কুমার রায় (গবেষক ও অর্থনীতিবিদ)


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা