জাকির হোসেন
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১২:৫৩ পিএম
জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বুক পেতে দেওয়া এবং শ্রমজীবী মানুষের অংশগ্রহণ জুলাইকে বাংলাদেশের ইতিহাসে অনন্য করে তুলেছে। ফাইল ছবি
কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে শুরু হয়েছিল আন্দোলন। এর সমাপ্তি ঘটে সরকার পতনের মধ্য দিয়ে। যে সরকার দীর্ঘ ১৫ বছর বিরোধী রাজনৈতিক দল ও বিরোধী মতাবলম্বীদের ওপর দমন-নিপীড়ন চালিয়েছে। মাত্র এক মাসের দুর্বার আন্দোলনের সেই সরকার ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। মূলত ২৪-এর অভ্যুত্থান ছিল অনেকগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ।
রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভের পুঞ্জীভূত বিস্ফোরণ। যার পথ তৈরি করেছিল ছাত্র-জনতা। তাই জুলাই অভ্যুত্থানকে একক কোনো অর্জন বলা যাবে না। এই আন্দোলনে শিক্ষার্থীদের বুক পেতে দেওয়া এবং শ্রমজীবী মানুষের অংশগ্রহণ জুলাইকে বাংলাদেশের ইতিহাসে অনন্য করে তুলেছে। কিন্তু সংকট হচ্ছে এই অভ্যুত্থানকে কেউ কেউ পুঁজি করতে চায়। এই আন্দোলনের প্রাপ্তির ওপর ভর করে নিজের প্রাপ্তির হিসাব কষে। রাজনীতির মাঠে ইতোমধ্যে অনেকেই অনেক কিছু পেয়েছেন। কিন্তু আন্দোলনে যারা অনেক কিছু হারিয়েছেন তাদের প্রাপ্তির হিসাব কী, স্থিতিশীল ও গতিশীল বাংলাদেশ ছাড়া?
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে প্রথম বড় আন্দোলন হয়েছিল ২০১৩ সালে। সেই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। আন্দোলন বেগবান হওয়ার আগে এবং কোনো নেতৃত্ব গড়ে ওঠার আগে, তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্দোলন দমাতে সক্ষম হয়। ২০১৮ সালে একই দাবিতে আবারও মাঠে নামে শিক্ষার্থীরা। এবারের আন্দোলনের পরিধি দিনে দিনে বাড়তে থাকে। একপর্যায়ে গঠন করা হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদÑ যার নেতৃত্বে ছিলেন নুরুল হক নুর ও রাশেদ আহমেদসহ অন্যরা। ওই আন্দোলনে ৫ দফা দেওয়া হয়। এর মধ্যে প্রধান ছিল সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা বাতিল করে তা ১০ শতাংশে নামিয়ে আনা। আন্দোলনের মাত্রা যখন তীব্র থেকে তীব্র হচ্ছিল, সরকার নুরুল হক নুর ও রাশেদসহ শিক্ষার্থীদের আটক করে। তখন দমন চালিয়েও আন্দোলন দমাতে ব্যর্থ হয়। নানা আলোচনা সমালোচনার পর তৎকালীন সরকার প্রজ্ঞাপন জারি করে সরকারি চাকরিতে সব কোটা বাতিল করে দেয়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সফলতার প্রথম নজির ছিল সেটি।
২০২৪ সালের ৫ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। সাধারণ শিক্ষার্থীরা আবার মাঠে নামে। দুয়েক দিনের মধ্যে আন্দোলন কঠিন হয়ে ওঠে। এবারের আন্দোলনের গুরুত্বপূর্ণ দিক ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ। আন্দোলন এগিয়ে নিতে এবার গঠিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্ম। এর নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেকে। এবারও সরকার শিক্ষার্থীদের দাবি অনুসারে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু আন্দোলন থামেনি। এরই মধ্যে পুলিশের গুলিতে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর খবরে আন্দোলনে রীতিমতো ঘি ঢালা হয়। শুরু হয় সরকার পতনের আন্দোলন। টানা অবরোধ আন্দোলনে এক মাসের মাথায় ২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সমাপ্তি ঘটে আর একটি স্বৈরশাসনের।
শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় দুদিন পর। এই দুই দিন দেশে সরকার না থাকলেও রাষ্ট্রপতি সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্র সচল রাখেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দুদিন কেন রাষ্ট্র সরকারবিহীন ছিল? সঠিক কারণ জানা নেই। তবে আলোচনা আছে ড. ইউনূস দেশে ফিরতে দুই দিন লাগবে তাই, আবার এ রকম শোনা গেছে কোনো গ্রিন সিগন্যালের অপেক্ষায়। আবার এ রকমও শোনা যায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া কেউ অন্তর্বর্তী সরকারে না থাকায় ড. ইউনূসের আপত্তি করেছেন। এসব নানা গুজব বা আলোচনার পর প্রথমে দুই জন ও পরে একজন আন্দোলনে নেতৃত্বদানকারীকে অন্তর্বর্তী সরকারে রাখা হয়। এখন প্রশ্ন ২৪- এর কোটা আন্দোলনের বেনিফিশিয়ারি কারা?
ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের ওপর চাপ আসে সংস্কারের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ৫ দফা ঘোষণা করেছিলেন। ২০২৪ সালের ২২ অক্টোবর হাসনাত আব্দুল্লাহ শহীদ মিনারে যেসব দাবি জানিয়েছেন সেগুলো হলো : ১. বাহাত্তরের সংবিধানকে অনতিবিলম্বে বাতিল করে সেই জায়গায় চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষ থেকে নতুন করে সংবিধান লেখা। ২. এ সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আজীবন নিষিদ্ধ ঘোষণা। ৩. রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করা। ৪. জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের ‘স্পিরিটের আলোকে’ এই সপ্তাহের মধ্যে নতুন করে ‘প্রক্লেমেশান অব রিপাবলিক’ ঘোষণা। এবং ৫. গত তিনটি নির্বাচন ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা।
অন্তর্বর্তী সরকার শুধু ছাত্রলীগ নিষিদ্ধ ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। বাকি দাবি পূরণের মতো ক্ষমতা অন্তর্বর্তী সরকারের হাতে ছিল না। কারণ এগুলোর জন্য সংসদ প্রয়োজন। এ বিষয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলেরও দ্বিমত ছিল। এরই মধ্যে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টিÑ এনসিপি। জুলাই সনদের মূল বিষয় ঘুরিয়ে-ফিরিয়ে ছিল, নতুন করে সংবিধান রচনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। এ বিষয় সংস্কার কমিশন গঠন হয়। কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এবং যথারীতি নিজেদের মতো করেই জুলাই সনদ তৈরি করে। অর্থাৎ সংস্কার কমিশন আলোচনার ভিত্তিতে সংস্কার ছক না করে, তাদের তৈরি করা সংস্কার ছকে রাজনৈতিক দলগুলোকে মত দিতে বলে। এর ফলে বিএনপিসহ কয়েকটি দল কয়েকটি দফায় আপত্তি দেয়। কিন্তু ড. আলী রীয়াজের নেতৃত্বে কমিশন সেসব আপত্তির সুরাহা না করেই এবং আপত্তির বিষয় উল্লেখ না করেই জুলাই সনদ প্রস্তুত করে, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়। সাধারণ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হয়েছিল মূলত জুলাই সনদকে পাকাপোক্তভাবে জনগণের ম্যান্ডেটসহ রাষ্ট্রে প্রতিস্থাপনের জন্য। কিন্তু গণভোটের আগেই জুলাই সনদ বিতর্কিত হয়ে যায় জনসাধারণের কাছে। যে প্রক্রিয়ায় গণভোটর আয়োজন সেটা আসলে স্বচ্ছ ছিল না।
২০২৬ সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতা গ্রহণ করে। সংসদে বিরোধী দলে আছে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় ঐক্য। নবগঠিত এনসিপির ৬ জন সদস্য রয়েছেন। তারা জামায়াতের সাথে জোট গঠনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছে। সরকারের চার মাস অতিক্রম করেছে। এই চার মাসে বিএনপি সরকার দেশের জনগণের কতটুকু মন কেড়েছে তা এখনই যাচাই করা যাবে না। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান যে দ্রুতগতি চলছেন, তা বোঝাই যাচ্ছে। দেশের মানুষের জন্য ভালো খবর হলো দীর্ঘদিন প্রবাসে থেকে প্রধানমন্ত্রীর মানসিক পরিবর্তন এবং রাষ্ট্র পরিচালনার গতানুগতিক চিন্তাধারায় সরিয়ে যে নতুনত্ব এসেছে তা সামনের দিনে ইতিবাচক ইঙ্গিত দেয়। কিন্তু তারপরও শঙ্কা ভয় পিছু ছাড়ে না। সেটা আসলে কি? সম্প্রতি কালেমা লেখা কালো সাদা পতাকা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর উদ্দেশ্য বিধেয় স্পষ্ট না হলেও শঙ্কা কাজ করে। কারণ কোটা আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের ভাবনা পূরণ হয়নি এখনও। যেটা ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ দফা। যেটা আছে জুলাই সনদে, যা নিয়ে গণভোট হয়েছে। আর গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রয়োজনে আবারও বিপ্লবের ঘোষণা দিয়েছেন জামায়াত নেতা গোলাম পরওয়ার। আর এনসিপি নেতারা তো হরহামেশাই বলছেন প্রয়োজনে আবারও বিপ্লব করবে তারা।
পর্যালোচনা যদি করি জুলাই অভ্যুত্থানে কে কী পেল, প্রকৃত অর্থে সব রাজনৈতিক দলই পেয়েছে আওয়ামী লীগ ছাড়া। এনসিপি কোটা সংস্কারের আন্দোলন থেকে উঠে এসে ক্ষমতার অংশ হয়েছে, বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধি তারা। জামায়াতে ইসলামী যেখানে দীর্ঘ দিন ধরে রাজনীতি করেও নির্বাচনে ১০টির বেশি আসন পায়নি, তারা এখন সংসদে প্রধান বিরোধী দল। আর ছোট ছোট দলের অনেক নেতা বিএনপি বা জামায়াতের কল্যাণে সংসদ সদস্য হয়েছেন। কেউ পেয়েছেন মন্ত্রিত্ব। আর বিএনপি পেয়েছে নির্ভার ক্ষমতা।
সাম্প্রতিক সময়ে বিপ্লব-উত্তর দেশগুলোতে নতুন সরকারগুলো খুব বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারেনি। মিসরের হুসনে মোবারকের পতনের পর মুরসির ক্ষমতা দীর্ঘায়িত হয়নি। তিউনিসিয়ায় বছর বছর গঠিত হয়েছে নতুন সরকার। বিপরীত চিত্রও আছে। শ্রীলঙ্কা বিপ্লবের পর রাষ্ট্রকে দেউলিয়া ঘোষণা করেও স্বাভাবিক ও সমৃদ্ধে পথে হাঁটছে। যে মূল্যস্ফীতির অভিযোগ ছিল শ্রীলঙ্কানদের বড় অভিযোগ। সেটায় নতুন সরকার এমন শীতল করেছে যা আর জেগে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া নেপালও ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশের কী হবে? বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে বিএনপি সরকারকে দুর্নীতির লাগাম টানতে হবে সবার আগে। এ মুহূর্তে এটাই বড় সংকট।
প্রতিটি বিপ্লবের সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। জুলাই অভ্যুত্থানে জড়িয়ে ছিলেন এ দেশের সাধারণ মানুষ। যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তাদের অনেকেই সেদিন শেখ হাসিনার বাহিনীর হাতে শিক্ষার্থীদের মৃত্যু মেনে নেয়নি। ফলে জুলাই কারও একার অর্জন নয়। প্রধানমন্ত্রী সম্প্রতি এই কথাই বলেছেন। জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্তি। সেটা অর্জিত হয়েছে। যদি বিপ্লবের অর্জন বলি তবে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বিপ্লবের লক্ষ্য অর্জিত হয়েছে। তবে কোনো গোষ্ঠী যদি বিপ্লবকে পুঁজি করে ফায়দা লোটার চেষ্টা করে, তবে বলতে হবে তারা এখন শত্রুপক্ষ। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে দেশের জনগণকে।
লেখক: (জাকির হোসেন) সিনিয়র সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক