× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মূল্যস্ফীতির বল্গাহীন ঘোড়া

সম্পাদকীয়

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৪:০৫ পিএম

মূল্যস্ফীতির বল্গাহীন ঘোড়া

মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য এখন এক বড় সংকট। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য থেকে শুরু করে বাসাভাড়া, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াতÑ প্রায় সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। সেই অনুপাতে বাড়েনি আয়। মূল্যস্ফীতির বল্গাহীন ঘোড়ার খুরের আঘাতে জনজীবন আজ ক্ষত-বিক্ষত। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে মধ্যবিত্ত শ্রেণি। একসময় যারা সীমিত আয়ে ‘সুশৃঙ্খলভাবে’ সংসার চালাতেন, আজ তারাই বাধ্য হচ্ছেন ব্যাংকঋণ, ক্রেডিট কার্ড কিংবা আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে সংসারের খরচ মেটাতে। কেবল ব্যক্তিগত পর্যায়ে নয়, এই সংকট দেশের সামগ্রিক অর্থনীতির জন্য উদ্বেগজনক। সাধারণ মানুষের নিয়মিত আয়ের বড় অংশ এখন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার ব্যয়ে শেষ হয়ে যাচ্ছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, সঞ্চয় কিংবা ভবিষ্যৎ বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমে যাচ্ছে। অনেক পরিবার সন্তানদের অতিরিক্ত শিক্ষাকার্যক্রম বন্ধ করে দিয়েছে, কেউ কেউ চিকিৎসা পিছিয়ে দিচ্ছে, আবার অনেকে বাধ্য হয়ে খরচ ছাঁটতে গিয়ে জীবনযাত্রার মান কমিয়ে আনছেন।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘মূল্যস্ফীতির কশাঘাত’ শীর্ষক প্রতিবেদনে এ বাস্তবতার চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে মানুষের ব্যাংক-নির্ভরতা বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের টানা তিন প্রান্তিকেই বেড়েছে ভোক্তাঋণের পরিমাণ। ঋণের সুদের হার তুলনামূলক বেশি থাকলেও শিক্ষা, চিকিৎসা, আবাসন ও দৈনন্দিন ব্যয় মেটাতে অনেক পরিবার ঝুঁকছে ব্যক্তিগত ঋণে। এদিকে বেসরকারি খাতে বিনিয়োগের গতি কমে যাওয়ায় ব্যাংকগুলোরও আগ্রহ বেড়েছে ভোক্তাঋণ বিতরণে। এই পরিস্থিতি সংকেত দিচ্ছে, অনেক পরিবার সাংসারিক ব্যয়ের জন্য নয়; বরং শিক্ষা, চিকিৎসা ও আবাসনের মতো অপরিহার্য চাহিদা পূরণে ঋণ নিচ্ছে। আয়ের প্রবৃদ্ধি যদি ঋণের প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে না বাড়ে তাহলে ভবিষ্যতে অনেক পরিবার আর্থিক চাপে পড়তে পারে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে ভোক্তাঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার কোটি টাকার বেশি। এর আগের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এই ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫১ হাজার কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে ভোক্তাঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা। পরিসংখ্যান বলছে, ধারাবাহিকভাবে এই ঋণের পরিমাণ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে স্থায়ী আমানত ও অন্যান্য সঞ্চয়পত্র বন্ধক রেখে নেওয়া ব্যক্তিগত ঋণ। এক প্রান্তিকের ব্যবধানে এই ঋণের পরিমাণ ২২ হাজার ৫৯১ কোটি থেকে বেড়ে ২৭ হাজার ৬২৫ কোটি টাকায় উঠেছে। পেশাজীবীদের ঋণ, প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ঋণ ও অন্যান্য ব্যক্তিগত ঋণেও বৃদ্ধি দেখা গেছে। আবাসনসহ বিভিন্ন ব্যক্তিগত খাতে ঋণ চাহিদা বেড়েছে। ব্যাংকাররা স্বীকার করছেন, এখন ভোক্তাঋণের বড় অংশই ব্যবহার হচ্ছে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিয়ে, ভ্রমণ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে। 

বলা বাহুল্য, ব্যাংকঋণের ওপর নির্ভরশীলতা বাড়ার পেছনে রয়েছে ক্রমাগত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রকৃত আয়ের স্থবিরতা। ঋণ নিয়ে দৈনন্দিন খরচ চালানো কোনো যৌক্তিক সমাধান নয়। এতে মাসিক কিস্তির চাপ বেড়ে যায়, যা ভবিষ্যতে আরও বড় আর্থিক সংকট তৈরি করতে পারে। একই সঙ্গে অনানুষ্ঠানিক ধারদেনার প্রবণতাও বাড়ে, যা সামাজিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে থাকে। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ এখনই জরুরি। এই ক্ষেত্রে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বজায় রাখতে কর্মসংস্থান বৃদ্ধি এবং বেতন-ভাতার যৌক্তিক সমন্বয়ও গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাজার তদারকি জোরদার, পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, অসাধু মজুদদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কৃষি উৎপাদনে সহায়তা বৃদ্ধি জরুরি।

আর্থিক প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে দায়িত্বশীল ঋণনীতি অনুসরণ করার। ভোগমুখী ব্যয়ের পরিবর্তে উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকাণ্ডে ঋণপ্রবাহ বাড়ানো অর্থনীতির জন্য ইতিবাচক হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয় ও আর্থিক পরিকল্পনার বিষয়ে সচেতনতা বৃদ্ধিও প্রয়োজন। আমরা মনে করি, ব্যাংকগুলোর উচিত উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহও জোরদার করা এবং একই সঙ্গে ঋণ মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা। কারণ, উচ্চ সুদের হার ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি আগামীতে অনেক ঋণগ্রহীতার ঋণ পরিশোধ সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করতে পারে।

ভুলে গেলে চলবে না ‘মধ্যবিত্ত শ্রেণি’ একটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই শ্রেণির আর্থিক নিরাপত্তা দুর্বল হলে তার প্রভাব বিনিয়োগ, শিক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর পড়ে। আমরা বলতে চাই, মূল্যস্ফীতিকে শুধু অর্থনৈতিক সূচকের সমস্যা হিসেবে দেখলে চলবে না; এটি মানুষের জীবনমান, সামাজিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ উন্নয়নের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই মূল্যস্ফীতির লাগাম টেনে মধ্যবিত্তের আর্থিক স্বস্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। অন্যথায় ঋণ-নির্ভরতা, ধারদেনা এবং সংসারের টানাটানি আরও গভীর হবে, যার দীর্ঘমেয়াদি প্রভাব দেশের অর্থনীতি ও সমাজ, উভয়ের জন্যই ভয়ংকর বার্তা নিয়ে আসতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা