এম এম মুসা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৪:০৩ পিএম
একটি দেশ যখন ফিফা বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়, তখন তার সরকার, ব্যবসায়ী নেতৃত্ব এবং গণমাধ্যম একসুরে ঘোষণা দেয়Ñ এই আসর দেশের অর্থনীতিকে বদলে দেবে, লাখ লাখ পর্যটক আসবেন, কর্মসংস্থান তৈরি হবে, বিনিয়োগ আসবে, অবকাঠামো শক্তিশালী হবে। কিন্তু অর্থনীতিবিদরা এই প্রতিশ্রুতির বিপরীতে একটি ভিন্ন প্রশ্ন তোলেনÑ কয়টি বিশ্বকাপ আয়োজক দেশ এই প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে? উত্তরটি অস্বস্তিকর।
অ্যান্ড্রু জিম্বালিস্ট, স্মিথ কলেজের অর্থনীতির অধ্যাপক এবং ‘সার্কাস ম্যাক্সিমাস : দ্য ইকোনমিক গ্যাম্বল বিহাইন্ড হোস্টিং দ্য অলিম্পিক্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কাপ’ বইয়ের লেখক, দশকের পর দশক ধরে মেগা-ইভেন্টের অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করে একটি সরল কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি বলেছেন, বিশ্বকাপ আয়োজনের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফল প্রায়ই ক্ষণস্থায়ী এবং প্রাক্-ঘোষিত প্রতিশ্রুতির চেয়ে অনেক কম। জার্মানির ওল্ফগ্যাং মায়েনিগ এবং মার্কিন অর্থনীতিবিদ ভিক্টর ম্যাথেসনের গবেষণাও একই কথা বলেÑ মেগা-ইভেন্ট আয়োজনের অর্থনৈতিক হিসাব প্রায়ই একটি জুয়ার মতো, যেখানে ঘরের দেনাদার হওয়ার সম্ভাবনাই বেশি।
ব্রাজিলের দুঃস্বপ্ন
২০১৪ সালের বিশ্বকাপ ব্রাজিলের অর্থনীতিতে কী করেছিল, সেটা পর্যালোচনা করলে এই বিতর্কটা স্পষ্ট হয়। ব্রাজিল তার ১২টি শহরে স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারে প্রায় ১১-১৫ বিলিয়ন ডলার ব্যয় করেছিল। প্রতিশ্রুতি ছিল এক মিলিয়নেরও বেশি পর্যটক আসবেন, মোট বিনিয়োগ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। বিশ্বকাপ আয়োজনের পরের বছরগুলোতে ব্রাজিলের জিডিপি ক্রমাগত হ্রাস পেয়েছেÑ ২০১১ সালে ২.৬ ট্রিলিয়ন ডলার থেকে ২০১৬ সালে মাত্র ১.৮ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছিল। ১২টি শহরের মধ্যে পাঁচটি প্রতিশ্রুত পরিবহন অবকাঠামো নির্মাণ কাজ সময়মতো সম্পন্ন করতেও পারেনি। জিম্বালিস্টের ভাষায়, ব্রাজিলের বিশ্বকাপ ছিল ‘একটি বিপর্যয়কর পরীক্ষা-নিরীক্ষা’।
বিশেষজ্ঞরা বলেন, ব্রাজিলের ব্যর্থতার পেছনে কেবল অব্যবস্থাপনা নয়, মূল সমস্যাটি ছিল কাঠামোগত। মেগা-ইভেন্টের অর্থনীতিতে একটি পরিচিত ঘটনা আছেÑ ‘ক্রাউডিং আউট’ প্রভাব। বিশ্বকাপের সময় এতটাই ব্যয়বহুল হয়ে যায় যে স্বাভাবিক পর্যটকরা সেই সময়ে এড়িয়ে যান। ফলে প্রকৃত অতিরিক্ত পর্যটকের সংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক কম হয়। ২০২৬ সালের বিশ্বকাপেও এই প্রবণতা দেখা যাচ্ছে; টিকিটের অস্বাভাবিক উচ্চমূল্য, ডায়নামিক প্রাইসিং পদ্ধতি এবং বসবাসের ব্যয় বৃদ্ধির কারণে অনেক সমর্থকরেই মাঠে যাওয়া সম্ভব হচ্ছে না।
জার্মানির ‘ফিল-গুড’ প্রভাব
তাহলে কি বিশ্বকাপ আয়োজনে কোনো লাভই নেই? পুরোপুরি তা বলা ঠিক হবে না। ২০০৬ সালে জার্মানির বিশ্বকাপ আয়োজন ছিল তুলনামূলকভাবে সফল। মায়েনিগ ও তার সহকর্মীদের গবেষণায় উঠে এসেছে, জার্মান বিশ্বকাপের সবচেয়ে বড় সুফল ছিল অর্থনৈতিক নয়, বরং মনস্তাত্ত্বিক। মায়েনিগ এটিকে বলেছেন ‘ফিল-গুড ইফেক্ট’Ñ জনগণের মনোবল বৃদ্ধি, দেশের নতুন আন্তর্জাতিক ভাবমূর্তি এবং পর্যটন শিল্পে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব। জার্মানিতে বিশ্বকাপ-পরবর্তী সময়ে দেশটির প্রতি আন্তর্জাতিক উপলব্ধি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছিলÑ ‘কঠিন জার্মান’ ছবির বদলে ‘উৎসবমুখর’ জার্মানির একটি নতুন ভাবমূর্তি তৈরি হয়েছিল। তবে এই ‘ফিল-গুড’ প্রভাব দীর্ঘস্থায়ী কি না, তা নিয়ে বিতর্ক আছে। ফ্লোরিয়ান হাগন ও মায়েনিগের যৌথ গবেষণায় দেখা গেছে, ১৯৭৪ সালের জার্মান বিশ্বকাপের ত্রিশ বছর পরেও সেই আয়োজনের কোনো উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদি কর্মসংস্থান প্রভাব পরিমাপ করা সম্ভব হয়নি। স্টেফান কেসেন তার ‘দ্য ইকোনমিক ইমপ্যাক্ট, কস্টস অ্যান্ড বেনিফিটস অব দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ’ প্রবন্ধে মন্তব্য করেছেন, বিশ্বকাপের অর্থনৈতিক সুফল প্রায়ই এমনভাবে হিসাব করা হয়, যা ব্যয়কে কম দেখায় এবং আয়কে বেশি।
ফিফার ব্যবসায়িক কাঠামো ও অসম বণ্টন
২০২৬ বিশ্বকাপের প্রাক্কলিত আয় ১২ বিলিয়ন মার্কিন ডলার, এটি বৈশ্বিক খেলাধুলার ইতিহাসে নজিরবিহীন। কিন্তু এই বিপুল অর্থ কার হাতে যাচ্ছে? হাঙ্গেরিয়ান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বেইলি শোয়াবের গবেষণা দেখিয়েছে, এই অর্থনৈতিক সুফল সুষমভাবে বণ্টিত হয় না। ফিফার কাঠামোতে সম্প্রচার স্বত্ব থেকে সবচেয়ে বড় আয় আসে, এবং সেই আয়ের বড় অংশ ফিফার কেন্দ্রীয় তহবিলে জমা হয়। আয়োজক শহরগুলো পায় স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং অবকাঠামো নির্মাণের ব্যয়ভার।
২০২৬ বিশ্বকাপে আগের আয়োজনগুলোর তুলনায় একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ফিফা এবার নতুন স্টেডিয়াম নির্মাণ করাচ্ছে না, তারা আমেরিকান ফুটবল দলগুলোর নির্মিত বিশাল স্টেডিয়ামগুলো ব্যবহার করছে। এতে কাঠামোগত ব্যয় কম হয়েছে, কিন্তু ফিফার নিজস্ব আয় বাড়ানোর কৌশলটিও স্পষ্ট। রাজনীতি বিষয়ের অধ্যাপক জুলস বয়কফ বলেছেন, ‘সাধারণত বড় স্পনসর কোম্পানিগুলোই সবচেয়ে বেশি মুনাফা নেয়’Ñ ভিসা, কোকা-কোলা এবং সৌদি আরামকোর মতো কোম্পানি, যারা বিশ্বকাপের প্রধান স্পনসর।
অর্থনীতির বাইরে: সামাজিক ব্যয়ের হিসাব
অর্থনৈতিক প্রভাবের বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছেÑ বিশ্বকাপ আয়োজন কি একটি দেশের সামাজিক অগ্রাধিকারকে বিপর্যস্ত করে? ব্রাজিলের উদাহরণে দেখা গেছে, বিশ্বকাপের অবকাঠামো নির্মাণের জন্য ঐতিহাসিক বস্তি ভেঙে দেওয়া হয়েছে, লাখ লাখ মানুষ উচ্ছেদ হয়েছে। কাতারে অভিবাসী শ্রমিকদের মৃত্যু ও দুর্দশার তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীরভাবে নাড়া দিয়েছে। ২০২৬ সালের মেক্সিকোতে বিদ্যুৎ, পানি ও পরিবহন সংকটের কারণে আজটেকা স্টেডিয়ামের বাইরে মানুষ বিক্ষোভ করেছে।
ব্যাড ও ম্যাথেসনের গবেষণায় দেখা গেছে, ১৯৯৪ সালের মার্কিন বিশ্বকাপে আয়োজক শহরগুলোতে আয় পাঁচ থেকে ৯ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছিলÑ যদিও পরিসংখ্যানগত দিক থেকে এটি উল্লেখযোগ্য ছিল না। তবে সামাজিক ব্যয়ের হিসাব এই গবেষণায় ধরা পড়ে না। একটি শহর যখন বিশ্বকাপের আয়োজক হয়, তখন স্বাস্থ্য, শিক্ষা বা সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের চেয়ে ক্রীড়া অবকাঠামো নির্মাণ অগ্রাধিকার পায়। এই ‘অপরচুনিটি কস্ট’ বা বিকল্প ব্যয়ের পরিমাণটি অর্থনৈতিক বিশ্লেষণে প্রায়ই অদৃশ্য থাকে।
উন্নয়নশীল বিশ্বের জন্য শিক্ষা
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো প্রায়ই আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকে উন্নয়নের শর্টকাট হিসেবে দেখে। কিন্তু জিম্বালিস্ট, মায়েনিগ ও ম্যাথেসনের গবেষণা থেকে যে শিক্ষাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলোÑ মেগা-ইভেন্টের প্রকৃত অর্থনৈতিক ফল নির্ভর করে দেশের বিদ্যমান অবকাঠামো, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং রাজনৈতিক পরিপক্বতার ওপর। যে দেশে বিদ্যমান অবকাঠামো ইতোমধ্যে শক্তিশালী এবং যেখানে আয়োজনের ব্যয় তুলনামূলকভাবে কম, সেখানে বিশ্বকাপ একটি ‘ক্যাটালিস্ট’ হতে পারে। কিন্তু যে দেশে মৌলিক উন্নয়নই অসম্পূর্ণ, সেখানে মেগা-ইভেন্টের জন্য সম্পদ বরাদ্দ প্রায়ই অপ্রয়োজনীয় বোঝা হয়ে দাঁড়ায়।
২০২৬ বিশ্বকাপ এই প্রশ্নটিকে আবার সামনে এনেছে। তিনটি দেশÑ যাদের মধ্যে দুটি তুলনামূলকভাবে কম অর্থনৈতিক শক্তিশালীÑ যখন একসঙ্গে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া আসর আয়োজন করে, তখন অর্থনীতিবিদরা প্রশ্ন তোলেনÑ ব্যয়ের সিংহভাগ কি সত্যিই স্থানীয় জনগণের কাছে পৌঁছবে, নাকি ফিফার বৈশ্বিক বাণিজ্যিক যন্ত্রের জ্বালানি হয়ে উড়ে যাবে?
ফুটবল বিশ্বকাপ একটি স্বপ্ন বিক্রির মঞ্চ, এটি অস্বীকার করা যায় না। কিন্তু অর্থনীতির বিজ্ঞান বলে, স্বপ্নের হিসাব আর বাস্তবের ক্ষতের হিসাব আলাদা। মাঠে গোলের উৎসব চলে, স্টেডিয়ামে আলো জ্বলে, কিন্তু বিশ্বকাপের মৌসুম শেষ হলে যে প্রশ্নটি থেকে যায়Ñ লাভটা কার হলো? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের মাঠের বাইরে, সংখ্যার খাতায় চোখ রাখতে হবে।
লেখক : উন্নয়নকর্মী ও গবেষক