আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম (প্রায় ৪৪ শতাংশ) হলেও সবচেয়ে অনগ্রসর প্রদেশ বেলুচিস্তান। আজ তা এক জ্বলন্ত আগ্নেয়গিরির রূপ নিয়েছে। ১৯৪৮ সালে জোরপূর্বক পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তির পর থেকে শুরু হওয়া অসন্তোষ, ২০২৬ সালে এসে চরম আকার ধারণ করেছে। একদিকে বেলুচ জনগণের স্বাধিকার ও আত্মনিয়ন্ত্রণাধিকারের ন্যায়সঙ্গত দাবি, অন্যদিকে পাকিস্তানের সামরিক জান্তা ও ‘ডিপ স্টেট’-এর নিষ্ঠুর দমননীতিÑ এই দুইয়ের যাঁদাকলে পিষ্ট বেলুচিস্তান আজ এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাম্প্রতিক উপাত্ত, জাতিসংঘের ধারাবাহিক প্রতিবেদন এবং মাঠপর্যায়ের অর্থনৈতিক বঞ্চনা বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে একটি অঞ্চলের জাতিগত আকাঙ্ক্ষাকে স্তব্ধ করার পাকিস্তানি কৌশল কেবল ব্যর্থই হয়নি, বরং অঞ্চলটিকে এক গভীর বিচ্ছিন্নতাবাদের দিকে ঠেলে দিয়েছে।
বেলুচিস্তানের সংকটের শিকড় প্রোথিত রয়েছে এর ইতিহাস ও ভূ-রাজনৈতিক বঞ্চনার মধ্যে। ১৯৪৭ সালের আগস্টে ব্রিটিশ বিদায়ের পর কালাতের খানাত (বর্তমান বেলুচিস্তান) একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কিন্তু মাত্র সাড়ে সাত মাসের মাথায়, ১৯৪৮ সালের মার্চ মাসের শেষভাগে, পাকিস্তানি সেনাবাহিনী সামরিক শক্তি প্রয়োগ করে কালাতকে পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে বাধ্য করে। বেলুচ জাতীয়তাবাদীরা এই সংযুক্তিকে কখনোই মন থেকে মেনে নেয়নি, বরং একে একটি ‘ঔপনিবেশিক দখলদারত্ব’ হিসেবে গণ্য করে আসছে।
গত সাড়ে সাত দশকে বেলুচিস্তানে পাঁচবার বড় ধরনের সশস্ত্র বিদ্রোহ দেখা দিয়েছে (১৯৪৮, ১৯৫৮, ১৯৬২, ১৯৭৩ এবং ২০০০-এর দশক থেকে বর্তমান)। বেলুচদের স্বাধিকার আন্দোলনের মূল ভিত্তি তিনটি :
১. রাজনৈতিক স্বায়ত্তশাসন ও আত্মনিয়ন্ত্রণাধিকার। ২. নিজেদের প্রাকৃতিক সম্পদের ওপর ন্যায্য মালিকানা। ৩. নিজস্ব জাতিগত ও সাংস্কৃতিক পরিচয়ের স্বীকৃতি।
পাকিস্তান রাষ্ট্র এই দাবিগুলোকে গণতান্ত্রিক উপায়ে সমাধানের পরিবর্তে শুরু থেকেই বুটের তলায় পিষে মারার নীতি গ্রহণ করে। বেলুচিস্তানের ভূখণ্ডকে পাকিস্তানের সবচেয়ে ধনী এলাকা বলা যায় এর বিপুল প্রাকৃতিক সম্পদের কারণে। সুই অঞ্চলের প্রাকৃতিক গ্যাস, চাগাই ও রেকো ডিকের বিলিয়ন ডলারের সোনা ও তামার খনি এবং গোয়াদরের কৌশলগত গভীর সমুদ্রবন্দর এই অঞ্চলের অর্থনীতিকে স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারত। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো এবং নির্মম। একে সাধারণ অর্থনৈতিক অনগ্রসরতা বলা ভুল হবে; এটি মূলত একটি সুপরিকল্পিত ‘অর্থনৈতিক ঔপনিবেশিকতা’।
গভীর সমুদ্রবন্দর সম্প্রসারণের নামে স্থানীয় বেলুচ মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। যুগ যুগ ধরে মাছ শিকার করে বেঁচে থাকা হাজার হাজার পরিবার রাতারাতি কর্মহীন হয়ে পড়েছে। নিরাপত্তার অজুহাতে তাদের নিজ ভূমি থেকেই উচ্ছেদ করা হচ্ছে।
বেলুচদের সবচেয়ে বড় ভয় হলো ‘ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং’ বা জনসংখ্যাগত রূপান্তর। সিপিইসির অজুহাতে লাখ লাখ চীনা নাগরিক এবং পাকিস্তানের অন্যান্য প্রদেশের (মূলত পাঞ্জাবের) ব্যবসায়ীদের গোয়াদর ও সংলগ্ন এলাকায় পুনর্বাসন করা হচ্ছে। বেলুচদের আশঙ্কা, এই ধারা অব্যাহত থাকলে তারা অচিরেই নিজস্ব ভূমিতে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হবে। এই তীব্র অর্থনৈতিক বঞ্চনাই শান্তিপ্রিয় বেলুচ সমাজকে সশস্ত্র প্রতিরোধের দিকে ঠেলে দিয়েছে।
বেলুচদের স্বাধিকার চেতনাকে দমন করতে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) যে নীতি গ্রহণ করেছে, তা আধুনিক ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী, বেলুচিস্তানে এখন চলছে ‘তুলে নিয়ে যাও এবং লাশ ফেলে দাও’ (Kill and Dump) নীতি।
মানবাধিকার সংস্থা ‘পাঙ্ক’ (Paank) এবং অন্যান্য আন্তর্জাতিক মনিটরিং সেলের সাম্প্রতিক প্রতিবেদনে ভয়াবহ কিছু তথ্য উঠে এসেছ।
১. শুধুমাত্র ২০২৫ সালেই আনুমানিক ১,৩০০ থেকে ১,৩৫৫ জনেরও বেশি বেলুচ নাগরিককে রাষ্ট্রীয় বাহিনী জোরপূর্বক গুম করেছে। ২০২৬ সালের প্রথমদিকের পরিসংখ্যান আরও ভয়াবহ। ২০২৬ সালের জানুয়ারিতে ৮২টি এবং ফেব্রুয়ারিতে ১০৯টি নতুন গুমের ঘটনা নথিবদ্ধ হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কবি, সাংবাদিক, চিকিৎসক এবং রাজনৈতিক কর্মীরা রয়েছেন।
২. গুম করার পর অনেককেই নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করে নির্জন পাহাড়ে বা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, অথবা ভুয়া এনকাউন্টারের নাটক সাজিয়ে মেরে ফেলা হয়। ২০২৫ সালে অন্তত ২২৫ জন বেলুচকে এভাবে বিচার-বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই এককভাবে ৫০টি নিশ্চিত বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
৩. পাকিস্তান সামরিক বাহিনী নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্কের অধীনে স্থানীয় অপরাধী ও উগ্রপন্থীদের নিয়ে ‘ডেথ স্কোয়াড’ গঠন করেছে। এই ডেথ স্কোয়াডগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেলুচ স্বাধিকার আন্দোলনের কর্মীদের বাড়িঘরে হামলা, লুণ্ঠন এবং টার্গেট কিলিং চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের এই ধারাবাহিক বর্বরতা এখন আর গোপন কোনো বিষয় নয়। জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার ফোরাম এবং স্বাধীন বিশেষজ্ঞদের প্রতিবেদনে পাকিস্তানের এই রাষ্ট্রীয় দমননীতির কুৎসিত চেহারা বারবার উন্মোচিত হয়েছে।
৪. জাতিসংঘের ‘ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স’ তাদের একাধিক পর্যায়ক্রমিক প্রতিবেদনে বেলুচিস্তানের পরিস্থিতিকে চরম উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে। ওয়ার্কিং গ্রুপের তথ্যমতে, পাকিস্তান সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শত শত বেলুচকে বছরের পর বছর ধরে গোপন বন্দিশালায় আটকে রেখেছে, যাদের কোনো আইনি সহায়তা বা আদালতের মুখোমুখি করা হচ্ছে না।

৫. জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (UNHRC) সাম্প্রতিক অধিবেশনগুলোতে বেলুচিস্তানের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপিত হয়েছে। জাতিসংঘের বিশেষ দূত বা স্পেশাল র্যাপোর্টিয়াররা তাদের পর্যবেক্ষণে স্পষ্ট উল্লেখ করেছেন, পাকিস্তান সরকার সন্ত্রাসবাদের দোহাই দিয়ে মূলত বেলুচদের রাজনৈতিক কণ্ঠরোধ করছে।
৬. মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়ে পাকিস্তান সরকার দেশটির সন্ত্রাসবিরোধী আইনের (ATA) ‘চতুর্থ তফসিল’ ব্যবহার করে শান্তিপূর্ণ নারী ও মানবাধিকার কর্মীদের ‘সন্ত্রাসী’ তালিকায় অন্তর্ভুক্ত করছে। ২০২৬ সালের জুন মাসে কোয়েটার একটি সন্ত্রাসবিরোধী আদালত (ATC) সম্পূর্ণ প্রহসনমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারে বেলুচ প্রতিরোধের অগ্রগামী মুখ ড. মাহরাং বেলুচ এবং সিগবাতুল্লাহ শাহজিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।
বাহ্যিক বিশ্ব থেকে বেলুচিস্তানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতে পাকিস্তান সরকার এক কঠোর সেন্সরশিপ বা ‘তথ্য ব্ল্যাকআউট’ আরোপ করে রেখেছে। প্রদেশটির বিশাল অঞ্চলজুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক মাসের পর মাস বন্ধ রাখা হয়, যাতে সেনাবাহিনীর নির্মমতার কোনো ছবি বা ভিডিও বাইরে আসতে না পারে। পাকিস্তানের মূলধারার গণমাধ্যমগুলো সামরিক এস্টাবলিশমেন্টের ভয়ে বেলুচিস্তানের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সম্পূর্ণ নীরব। কোনো সাংবাদিক এই বিষয়ে প্রতিবেদন করার সাহস দেখালে তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হয় অথবা চিরতরে নিখোঁজ করে দেওয়া হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে, পাকিস্তান সরকার বেলুচিস্তানের সত্য ধামাচাপা দিতে সাইবার ক্রাইম আইন এবং ডিজিটাল নজরদারি প্রযুক্তি ব্যবহার করে ভিন্নমতের কণ্ঠরোধ করছে।
৭. চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) এবং গোয়াদর বন্দরের নিরাপত্তার ওপর বেলুচ সশস্ত্র প্রতিরোধের সরাসরি প্রভাব পড়ছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি (BLA) ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিনিয়ত চীনা প্রকৌশলী ও কনভয়গুলোকে লক্ষ্য করে আত্মঘাতী ও গেরিলা হামলা চালাচ্ছে। বেইজিংয়ের কাছে এটি একটি বড় অর্থনৈতিক ধাক্কা। পাকিস্তান তার মাটিতে চীনা নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অদৃশ্য ফাটল দেখা দিয়েছে।
৮. পাকিস্তান দীর্ঘকাল ধরে বেলুচ স্বাধিকার আন্দোলনকে ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা’ র-এর ইন্ধন এবং অর্থায়নে পরিচালিত একটি প্রক্সি যুদ্ধ হিসেবে প্রচার করে আসছে। আন্তর্জাতিক ফোরামে নিজেদের মানবাধিকার লঙ্ঘন আড়াল করতে পাকিস্তান এই ‘ভারতীয় কার্ড’ ব্যবহার করে। অপরদিকে, ভারত আন্তর্জাতিক মঞ্চে বেলুচিস্তানের মানবাধিকার বিপর্যয় এবং পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার কড়া সমালোচনা করে আসছে। বেলুচিস্তান সংকট মূলত ভারত-পাকিস্তানের চিরবৈরী সম্পর্কে কাশ্মিরের পাল্টা একটি মনস্তাত্ত্বিক ফ্রন্ট হিসেবে কাজ করছে।
৯. বেলুচিস্তানের সীমান্ত রয়েছে ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশের সাথে। সেখানেও জাতিগত বেলুচদের একটি বড় অংশ বসবাস করে এবং দুই পাশেই ‘জৈশ আল-আদল’-এর মতো সুন্নি চরমপন্থী গোষ্ঠী ও বেলুচ জাতীয়তাবাদীদের আনাগোনা রয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান চললে বিদ্রোহীরা ইরানের সীমান্তে আশ্রয় নেয়, আবার ইরানের অভ্যন্তরে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান পাল্টা আঘাত হানে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা এবং আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে যে বেলুচ সংকট যেকোনো মুহূর্তে ইরান ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সংঘাতে রূপ নিতে পারে।
রাষ্ট্রীয় নির্মমতার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে বেলুচ তরুণদের একটি বড় অংশ এখন কলমের পরিবর্তে অস্ত্র তুলে নিতে বাধ্য হচ্ছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট-এর মতো সশস্ত্র সংগঠনগুলো সাম্প্রতিক সময়ে অত্যন্ত সুসংগঠিত হামলা চালাচ্ছে। ২০২৫ ও ২০২৬ সালে জাফর এক্সপ্রেসের ওপর হামলা এবং একাধিক সামরিক চৌকিতে সমন্বিত আত্মঘাতী হামলা প্রমাণ করে যে, বেলুচ প্রতিরোধ এখন কতটা মরিয়া রূপ ধারণ করেছে।
এই সংঘাতের মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘস্থায়ী নীরবতা অত্যন্ত লজ্জাজনক। চীন তার নিজস্ব অর্থনৈতিক স্বার্থে পাকিস্তানের সামরিক নির্যাতনকে মৌন সমর্থন দিয়ে যাচ্ছে। অন্যদিকে, পশ্চিমা বিশ্ব পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং আফগান সীমান্তের কৌশলগত অবস্থানের দিকে তাকিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত রয়েছে। যদিও ২০২৬ সালের জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৬১তম অধিবেশনে বেলুচ জাতীয় আন্দোলন এবং বেলুচ উইমেন ফোরাম পাকিস্তানের এই নির্মমতার বিরুদ্ধে জোরালো সওয়াল করেছে এবং ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া পাকিস্তানের বিশেষ বাণিজ্য সুবিধা পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে।
একটি রাষ্ট্র যখন তার নিজস্ব নাগরিকদের শত্রু হিসেবে গণ্য করে এবং কেবল অস্ত্রের জোরে ও অর্থনৈতিক শোষণের মাধ্যমে একটি অঞ্চলকে ধরে রাখতে চায়, তখন সেই রাষ্ট্রের অখণ্ডতা দীর্ঘস্থায়ী হতে পারে না। ১৯৭১ সালে তৎকালীন বাংলাদেশেও সামরিক ও অর্থনৈতিক শোষণের যে ভয়াবহ পরিণতি পাকিস্তান ভোগ করেছিল, বেলুচিস্তানে তারা আজ ঠিক একই ভুলের পুনরাবৃত্তি করে চলেছে। পাকিস্তানের শাসকমহলকে বুঝতে হবে যে, বেলুচিস্তানের সংকটের সমাধান বন্দুকের নলে নয়, সমাধান রয়েছে বেলুচ জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি, অর্থনৈতিক ন্যায়বিচার এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে নিঃশর্ত ও অর্থপূর্ণ সংলাপের মধ্যে। পাকিস্তান যদি তার বর্বর ও নিষ্ঠুর দমননীতি অনতিবিলম্বে বন্ধ না করে, তাহলে বেলুচিস্তানের স্বাধিকার আন্দোলন পাকিস্তানের ভৌগোলিক অস্তিত্বকেই বিপন্ন করে তুলতে পারে।
লেখক: ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ