ইমেইল থেকে
ডা. মাহতাব হোসাইন মাজেদ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৩:২৭ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের বর্ষাকাল যেমন কৃষি, নদী ও প্রকৃতির জন্য আশীর্বাদ, তেমনি প্রতিবছর এটি নিয়ে আসে একের পর এক দুর্যোগ। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, নদীভাঙন, জলাবদ্ধতা ও বন্যা এখন প্রায় নিয়মিত ঘটনা।
কিন্তু এসব দৃশ্যমান দুর্যোগের আড়ালে আরেকটি নীরব সংকট প্রতিবছরই প্রকট হয়ে ওঠেÑ সাপের উপদ্রব এবং সাপের কামড়ে মানুষের প্রাণহানি। বর্ষার সময় সাপের স্বাভাবিক আবাসস্থল পানিতে তলিয়ে যাওয়ায় তারা আশ্রয় ও খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। ফলে মানুষের সঙ্গে সাপের মুখোমুখি হওয়ার ঘটনা বেড়ে যায় এবং জনস্বাস্থ্যের জন্য নতুন ঝুঁকি তৈরি হয়।
২০২৬ সালের জুলাই মাসে দেশের পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা এ বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে। টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, ফেনী, কক্সবাজার ও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে, হাজার হাজার পরিবার আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়। এই দুর্যোগের মধ্যেই দ্রুত বেড়ে যায় সাপের উপদ্রব। চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বন্যার মাত্র সাত দিনের মধ্যে অন্তত ৮৬ জন সাপের কামড়ে আক্রান্ত হন। আবার বিভিন্ন গণমাধ্যমে একই সময়ে ৯৩ জন আক্রান্ত হওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে।
বাংলাদেশে সাপের কামড় বহু বছর ধরেই একটি অবহেলিত জনস্বাস্থ্য সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপের বিষক্রিয়াকে অবহেলিত উষ্ণমণ্ডলীয় রোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতিবছর কয়েক লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন এবং উল্লেখযোগ্যসংখ্যক মানুষ মৃত্যুবরণ করেন বা স্থায়ী শারীরিক অক্ষমতায় ভোগেন। তবে এসব ঘটনার বড় অংশই আনুষ্ঠানিক পরিসংখ্যানে উঠে আসে না। গ্রামের অনেক মানুষ হাসপাতালে না গিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নেন বা মৃত্যুর ঘটনাও নিবন্ধিত হয় না। ফলে প্রকৃত চিত্র আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা রয়েছে।
সব মানুষ সমান ঝুঁকিতে থাকেন না। বর্ষা ও বন্যার সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন কৃষক, জেলে, ক্ষেতমজুর, দিনমজুর, বনজীবী, উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবক এবং কোমরসমান পানিতে চলাচল করতে বাধ্য হওয়া মানুষ। তারা দীর্ঘ সময় মাঠে, পানিতে কিংবা ঝোপঝাড়ের আশপাশে কাজ করেন। এ ছাড়া নারীরা রান্নাঘর, গোয়ালঘর, খড়ের গাদা কিংবা ঘরের অন্ধকার কোণে কাজ করার সময় দংশনের শিকার হন।
সাপ প্রকৃতির একটি অপরিহার্য অংশ। কৃষিজমিতে ইঁদুর নিয়ন্ত্রণ করে তারা খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই আতঙ্কে নির্বিচারে সাপ হত্যা পরিবেশের জন্য ক্ষতিকর। বিষধর সাপ লোকালয়ে প্রবেশ করলে প্রশিক্ষিত উদ্ধারকর্মীর মাধ্যমে নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। বর্ষা ও বন্যায় আতঙ্ক নয়, সময়মতো চিকিৎসা, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সামাজিক সচেতনতা নিশ্চিত করা গেলে সাপের কামড়ে মৃত্যুর অধিকাংশ ঘটনাই প্রতিরোধ করা সম্ভব।
লেখক: ডা. মাহতাব হোসাইন মাজেদ (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি)