ইমেইল থেকে
মাহবুবউদ্দিন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৩:১০ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১৩:৩৩ পিএম
ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টানা বৃষ্টিপাতের কারণে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় চরম জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ব্যাপক বৃষ্টিপাতের কারণে এবং ভারত থেকে উজানের পানি আসাতে দেশের নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে মানুষের জানমালের যথেষ্ট ক্ষতি হচ্ছে। অবিরাম বৃষ্টিপাতের কারণে ঢাকা ও চট্টগ্রামের রাস্তাঘাট, এমনকি যানবাহনও তলিয়ে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেম অবরুদ্ধ থাকার কারণে জলাবদ্ধতায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও যাতায়াতব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ড্রেন ও নর্দমাগুলো আধুনিকতার নামে ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন শত শত কোটি টাকা ব্যয়ের নামে লুটপাট করেছে ,যা দেখার কেউ ছিল না। বিশেষজ্ঞদের মতে ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করার জন্য চীনের সহযোগিতায় দেশের ড্রেনেজ সিস্টেমের অচলাবস্থা দূর করা সম্ভব তাতে কোনো সন্দেহ নেই। চীনারা তাদের দেশের শহরের রাস্তা, ফুটপাত এবং পার্কগুলোকে এমন বিশেষ উপাদানে তৈরি করে, যা অতিবৃষ্টির পানি স্পঞ্জের মতো মাটির নিচে পাঠিয়ে দেয়। তারা ভবনের ছাদগুলোকে সবুজায়নের মাধ্যমে বৃষ্টির পানি আটকে রাখার উপযোগী করে। জমা হওয়া পানি পরে শহরের অন্যান্য কাজে ব্যবহার করা হয়। তারা নগরীর ছোট-বড় জলাশয় ও লেকগুলোকে সংরক্ষণ করে, যেন অতিরিক্ত বৃষ্টির পানি রাস্তায় জমা হতে না পারে।
ইতোমধ্যে টানা বৃষ্টিতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা তলিয়েছে। শহরের বহু সড়ক হাঁটুসমান পানির নিচে চলে যায়। জলাবদ্ধতায় বিশেষ করে রিকশা, সিএনজিসহ অন্যান্য যানবাহন চলাচলে ব্যাপক অচলাবস্থা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। নগরীতে আবাসন প্রকল্প বা বহুতল ভবন নির্মাণের সময় বৃষ্টির পানির ধারণক্ষমতা বিবেচনায় না রেখেই বাড়িঘর তৈরি করা হচ্ছে। ফলে জলাবদ্ধতা দিন দিন আরও বেড়ে যাচ্ছে। অনেক জায়গায় ফুটপাত এমনকি দোকানপাটের ভিতরে পানি ঢুকে পড়ায় ব্যবসা-বাণিজ্যের যথেষ্ট ক্ষতি হয়ে থাকে। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবেই এই জলাবদ্ধতার সৃষ্টি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করতে হলে নগরবাসীকে সচেতন হতে হবে। প্লাস্টিক পলিথিনের ব্যবহার কমানো, বর্জ্য পৃথকীকরণ, সবুজ অঞ্চল সংরক্ষণÑ সবই অত্যন্ত জরুরি। দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে ডেঙ্গু ও অন্যান্য জলবাহিত রোগের আশঙ্কা বৃদ্ধি পায়। এ ধরনের বিপর্যয় সামলাতে সিটি করপোরেশনগুলোকে হিমশিম খেতে দেখে নগরবাসী হতবাক। প্রতিটি বর্ষায় ঢাকা-চট্টগ্রামের নাগরিকদের প্রধান সমস্যার নাম জলাবদ্ধতা। বিশাল পানিধারণ ক্ষমতাসম্পন্ন আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক না থাকায় কয়েক ঘণ্টার বৃষ্টিতেই নগরীর রাস্তাঘাট নদীতে পরিণত হতে দেখা যায়।
এ অবস্থায় নগরীর আশপাশের নদী-নালা-খাল-বিল সংস্কারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে জলাবদ্ধতার আটকে থাকা পানি নিষ্কাশনের উদ্যোগ নিতে হবে।
লেখক: মাহবুবউদ্দিন চৌধুরী (ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা)