ইমেইল থেকে
মোজাহিদ হোসেন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১২:৫৮ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১৩:৩১ পিএম
ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ একটি বন্যাপ্রবণ অঞ্চল। প্রতিবছর ছোট-বড় বন্যা দেখা যায়। যার ফলে জনগণের ওপর নেমে আসে দুর্ভোগ।
বিশেষ করে শহরাঞ্চলে। একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর ফলে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, তেমনি অর্থনৈতিকভাবে ক্ষতি হয় লক্ষকোটি টাকা। জনগণের এই দুর্ভোগ থেকে বাঁচার উপায় কী? বন্যা, অতিবৃষ্টির ফলেই সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ। এর থেকে সরাসরি মুক্ত হওয়ার কোনো উপায় নেই, কিন্তু প্রয়োজনীয় ও গঠনমূলক পদক্ষেপ নিতে পারলে এর ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব, জনগণের দুর্ভোগ কমানো সম্ভব। কিন্তু জনগণের দুর্ভোগ কমানোর কোনো দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ে না ।
বলা হয়, বাংলাদেশ নদীমাতৃক দেশ। কিন্তু বর্তমানে দেশের নদীগুলোর দিকে তাকালে এর নির্মম বাস্তবতা চোখে পড়ে। দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার জন্য অপরিকল্পিত নগরায়ণ, কলকারখানা, ফ্যাক্টরি তৈরি হচ্ছে। ফলে প্রতিনিয়ত নদী, খাল-বিল ভরাট হচ্ছে। এ ছাড়া শহরের এসব কলকারখানা থেকে প্রতিনিয়ত বর্জ্য পদার্থ, ময়লা বিভিন্ন খাল বা নদীতে ফেলে দেওয়া হচ্ছে। ফলে নদী, খাল ভরাট হচ্ছে। হারিয়ে ফেলছে নিজস্বতা। আবার বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। তথ্য অনুযায়ী, একসময় ঢাকা শহরেই ৬৫ থেকে ৭৭টি ছোট-বড় খাল ছিল। স্বাধীনতার পরেও ৫৮টির বেশি ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য যে, বর্তমানে ঢাকার দুই সিটি করপোরেশনের অধীনে ২৬টি খাল সচল করার চেষ্টা চলছে। ঠিক একইভাবে চট্টগ্রামের দিকে তাকালেও একই চিত্র চোখে পড়ে। একসময় চট্টগ্রাম শহরে ১১৮টি খাল ছিল। যার অধিকাংশরই এখন অস্তিত্ব হারিয়ে বিলীন হয়ে গেছে।
এ ছাড়া বন্যা থেকে রক্ষার জন্য আগাম সতর্ক সংকেত জানানোর ব্যবস্থা করতে হবে। যেকোনো দুর্যোগের পূর্বাভাস অত্যন্ত জরুরি। যথাসময়ে জনগণকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে অন্তত দেশের মানুষ কিছু হলেও ক্ষতি থেকে বাঁচতে পারবে। যেসব অঞ্চলে প্রতিনিয়ত বন্যা হয়, সেগুলো অঞ্চল চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্প্রতি বন্যায় ৭ জেলায় ৫৯টি উপজেলা প্লাবিত। এ থেকে উত্তরণের জন্য সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে আবহাওয়া অধিদপ্তরের। আমাদের দেশে বন্যার দুর্ভোগ প্রতিবছরই দেখা দেয়। তাই এর জন্য প্রয়োজন স্থায়ী সমাধান।
লেখক: মোজাহিদ হোসেন (শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)