× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ ‘স্ট্রিট ফুড’ নিশ্চিত করুন

সম্পাদকীয়

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১২:৩২ পিএম

ঢাকার অলিগলি, ফুটপাত, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস এলাকা এবং ব্যস্ত সড়কের পাশে ‘স্ট্রিট ফুড’ এখন নগরজীবনের নিত্যদিনের উপলক্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার অলিগলি, ফুটপাত, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস এলাকা এবং ব্যস্ত সড়কের পাশে ‘স্ট্রিট ফুড’ এখন নগরজীবনের নিত্যদিনের উপলক্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর অলিগলি, ফুটপাত, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস এলাকা এবং ব্যস্ত সড়কের পাশে ‘স্ট্রিট ফুড’ এখন নগরজীবনের নিত্যদিনের উপলক্ষ। এসব খাবারের প্রতি মানুষের আকর্ষণও ব্যাপক। মুখরোচক এসব খাবার দেখে কিছু সময়ের জন্য হলেও পথচারীরা থমকে দাঁড়ান। স্বল্পমূল্য, সহজলভ্যতা এবং বৈচিত্র্যময় স্বাদের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ এসব মজাদার খাবার খেয়ে ‘আত্মতুষ্টি’ বোধ করে।

আবার কেউ কেউ বাসাবাড়ির জন্য পার্সেলও নিয়ে যায়। কিন্তু দুঃখজনক সত্য হলো, খাবারগুলোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা তথা তদারকি কার্যক্রম দৃশ্যমান না থাকায় ভোক্তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অপরিষ্কার পানি ব্যবহার, মেয়াদোত্তীর্ণ উপকরণ, খোলা অবস্থায় খাবার সংরক্ষণ এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি উপেক্ষার কারণে ভোক্তাদের নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। 
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এর সরেজমিন এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে স্ট্রিট ফুড বিক্রেতাদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও সচেতনতার অভাব থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বহু স্থানে খাবারের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা, মাছি ও ধুলাবালুর মধ্যেই খাদ্য বিক্রি হচ্ছে। অনেক স্থানে একই তেলে বারবার ভাজা খাবার পরিবেশন করা হচ্ছে, যা অনেকের শরীরে ক্ষতিকর রাসায়নিকের প্রভাব ফেলছে। খাদ্য যারা পরিবেশন করে তাদের ময়লা হাত, অপরিষ্কার বাসনপত্র ও দূষিত পানি ব্যবহার বিভিন্ন পানিবাহিত ও খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ, যারা নিয়মিত এসব খাবার গ্রহণ করে, তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে।
গবেষণা তথ্য বলছে, ঢাকার ৯০ শতাংশ স্ট্রিট ফুড বা রাস্তার খাবারই অনিরাপদ। এসব খাবারে ই-কোলাই ও সালমেনেলার মতো মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া, মেশানো রঙে জীবাণু পাওয়া যায়। নানা সময়ে এমন তথ্যই উঠে এসেছে খাদ্যদ্রব্যে রাসায়নিক দূষণ ও জীবাণু সংক্রমণ বিষয়ক সমীক্ষায়। সচেতন নগরবাসীরা বলছেন, এসব খাবারের দোকান বেকার সমস্যা কিছুটা দূর করতে সাহায্য করলেও স্বাস্থ্যঝুঁকি থেকেই যাচ্ছে। তদারকি না থাকায় এসব খাবারের দোকানে মানা হয় না কোনো স্বাস্থ্য সুরক্ষা নিয়ম। ফলে এসব খাবার খাওয়ার পর ক্রেতারা ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি, হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেটের পীড়াসহ বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। ক্রেতাদের মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও বিকল্প অবলম্বন না থাকায় বাধ্য হয়েই অনেকে এই খাবার খাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থভাবে বেঁচে থাকার অন্যতম অনুষঙ্গ খাদ্য। শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য প্রয়োজন। সুস্থ-সবল ও নিরোগ জাতি গঠনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য অতীব জরুরি। কিন্তু আমাদের দেশের খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতি, মানুষের রুচির বিকৃতির কারণে অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। শুধু সময়ে সময়ে অভিযান, জরিমানা করে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। তারা বলছেন, আমাদের দেশে স্ট্রিট ফুডের মান নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ, তারপরও এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে না পারলে সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।

আমরা মনে করি, ফুটপাত ও অলিগলিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত অভিযান চালানো, নিয়মিত স্বাস্থ্যবিধি তদারকি, লাইসেন্সিং ব্যবস্থা কার্যকর করা এবং খাদ্যের মান পরীক্ষা করার উদ্যোগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে বিক্রেতাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে নিরাপদ খাদ্য প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। কেবল জরিমানা বা অভিযান নয়Ñ একটি স্বাস্থ্যসম্মত স্ট্রিট ফুড সংস্কৃতি গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত। শুধু তাই নয়, ভোক্তাদেরও সচেতন হতে হবে। শুধুমাত্র কম দামের কারণে যেকোনো জায়গা থেকে খাবার গ্রহণ না করে পরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুত ও বিক্রি হওয়া খাবার বেছে নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মনে রাখা দরকার, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; বিক্রেতা, ভোক্তা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
এ কথা সত্য, রাজধানীর স্ট্রিট ফুড খাত লাখো মানুষের জীবিকার উৎস। এটি নগর সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বভাবতই এই খাতকে অবহেলা না করে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা উচিত। সরকারের দায়িত্ব হবে বাণিজ্যিক ও অন্যান্য এলাকায় নিরাপদ খাদ্য জোন তৈরি করা। বাস্তবতা হচ্ছে, সরকারের পক্ষ থেকে স্ট্রিট ফুড নিরাপদ করতে এখন কার্যকর কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। আমরা মনে করি, নিয়মিত তদারকি, যথাযথ আইন প্রয়োগ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে নিরাপদ স্ট্রিট ফুড নিশ্চিত করা সম্ভব। নিরাপদ খাদ্য নাগরিকের মৌলিক অধিকার; এই অধিকার নিশ্চিত করতে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। আমরা আশা করব, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই কার্যকর পদক্ষেপ নিবেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা