× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়ু যখন মৃত্যুদূত

সম্পাদকীয়

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১২:৫৩ পিএম

 জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সে বায়ুও পরিণত হতে পারে জীবন বিধ্বংসী উপাদানে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সে বায়ুও পরিণত হতে পারে জীবন বিধ্বংসী উপাদানে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বায়ু বা বাতাস ছাড়া প্রাণীর বেঁচে থাকা অসম্ভব। বায়ু থেকে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করেই মানুষ তথা জগতের সব প্রাণী বেঁচে থাকে। জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সে বায়ুও পরিণত হতে পারে জীবন বিধ্বংসী উপাদানে। রূপ ধারণ করতে পারে মৃত্যুদূতের। বাতাসের এ জীবনবিনাশী রূপ ধারণের চিত্র ফুটে উঠেছে সাম্প্রতিক এক গবেষণায়। তাতে বলা হয়েছে, দেশের ছয়টি প্রধান শহরে সূক্ষ্ম ধূলিকণার দূষণে বছরে প্রায় ৮৮ হাজার ২৪০ জনের প্রাণহানি ঘটে। অর্থাৎ প্রতিদিন গড়ে ২৪২ জন মানুষ বায়ুদূষণজনিত কারণে প্রাণ হারাচ্ছে। একই সঙ্গে এতে ক্ষতি হচ্ছে বছরে ২৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনার চিত্র এটি। সম্প্রতি একটি আন্তর্জাতিক মানের জার্নালে জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষণাপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে। বলা নিষ্প্রয়োজন, গবেষণালব্ধ এ তথ্য দেশের জনস্বাস্থ্যে উদ্বেগজনক চিত্র। লক্ষণীয়, গবেষণায় দেশের মাত্র ছয়টি বড় নগরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব নগরীর বায়ুদূষণ রোধের জন্য সীমিত হলেও যেসব কার্যক্রম পরিচালিত হয়, সারা দেশের অন্যান্য শহর-বন্দরে তা মোটেই হয় না। যদি গোটা দেশের সব শহর-উপশহর বা গ্রাম-গঞ্জকে গবেষণাভুক্ত করা হতো, তাহলে আরও ভয়াবহ চিত্র বেরিয়ে আসত। 

বায়ুদূষণের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আইকিউ এয়ার-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা পিএম২.৫। এ মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদর্শ মাত্রার চেয়ে ১৩ গুণ বেশি। এ ছাড়া রাজধানী ঢাকাকে বিশ্বের সর্বোচ্চ বায়ুদূষিত নগরী হিসেবে আন্তর্জাতিক সংস্থাগুলোর গবেষণায় উল্লেখ করা হয়ে থাকে। পিএম২.৫ হলো বাতাসে ভেসে বেড়ানো অতিসূক্ষ্ম ধূলিকণা, যার ব্যাস ২.৫ মাইক্রোমিটারের চেয়েও কম। এসব কণা খালি চোখে দৃশ্যমান নয়। মানুষের নিঃশ্বাসের সঙ্গে প্রতিনিয়ত এসব ধূলিকণা ফুসফুসের মাধ্যমে দেহে প্রবেশ করে রক্তের সঙ্গে মিশে যায়। ফলে মানুষ হাঁপানি, শ্বাসকষ্ট, হৃদরোগসহ নানারকম দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়।

বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, ইটভাটা থেকে উদগিরণকৃত ধোঁয়া এবং নির্মাণ কাজ চলাকালে সৃষ্ট ধূলিকণা অন্যতম। আমাদের দেশের অধিকাংশ মোটরযান বেশ পুরনো এবং এগুলোর ইঞ্জিনের মেয়াদকাল বহু আগেই অতিক্রান্ত। এসব বাস, ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকার রাস্তায় যে কালো ধোঁয়া ছাড়ে, তা থেকে বায়ুদূষণ ঘটে উচ্চমাত্রায়। গাছ ও কয়লা ব্যবহার করে ইট পোড়ানোর ফলেও বায়ুদূষণের ঘটনা ঘটে। তা ছাড়া বছরজুড়ে চলতে থাকা নির্মাণ কাজ বায়ুদূষণ ঘটায় প্রতিনিয়ত। অন্যদিকে শিল্প, কলকারখানার ধোঁয়া বাতাসে মিশে গিয়ে বায়ুদূষণের পাশাপাশি পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলছে। পরিবেশ কিংবা বায়ুদূষণের অন্য সবার মতো অজানা নেই সরকারের পরিবেশ মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরেরও। কিন্তু মানবজীবন বিধ্বংসী এই আগ্রাসন প্রতিরোধের কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। বিগত চারদলীয় জোট সরকারের সময় রাজধানীতে ২০ বছরের পুরনো যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বটে। তবে পরে আর সে নির্দেশ কার্যকর থাকেনি। এখনও রাজধানীর রাস্তায় বেরোলে গাড়ির কালো ধোঁয়ায় চোখ জ্বালা করে, দম বন্ধ হয়ে আসে। ইটভাটায় গাছ পোড়ানো নিষিদ্ধ থাকলেও পরিবেশ অধিদপ্তরের সে নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার করছে সংশ্লিষ্টরা। বলা বাহুল্য, আইনের কঠোর প্রয়োগ না থাকায় আমাদের দেশে আইন অমান্যের প্রবণতা সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে।

ধূলিকণা খালিচোখে দেখা যায় নাÑ এটা ঠিক। তবে পরমাণুতুল্য এ পদার্থকে অবহেলা করার উপায় নেই। কেননা, একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণা একজন শক্তিশালী মানুষের জীবনহানির কারণ হতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণার মূল প্রতিপাদ্য আসলে সেটাই। জনজীবন বা জনস্বাস্থ্যকে সুরক্ষা দিতে হলে আপাতদৃষ্টিতে ক্ষুদ্র ধূলিকণার ক্ষতিকর শক্তিকে অবজ্ঞা করার উপায় নেই। বায়ুদূষণ শতভাগ দূর করা সম্ভব নয়Ñ এটা যেমন সত্য, তেমনি এর মাত্রা মানবদেহের সহনীয় পর্যায়ে নামিয়ে আনাও কঠিন কোনো কাজ নয়। প্রয়োজন জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ। বলা বাহুল্য, আমাদের দেশে এ দুটোর অভাবই প্রকট।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা