× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামের দৃষ্টিতে মানবসেবা

মুহাম্মাদ মুস্তফা জামান

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১২:৪৩ পিএম

 ইসলামে দুর্যোগকে কেবল একটি ভৌগোলিক ঘটনা হিসেবে দেখা হয় না, বরং এটি মানুষের জন্য এক মহান পরীক্ষা। ছবি: এআই দিয়ে তৈরি

ইসলামে দুর্যোগকে কেবল একটি ভৌগোলিক ঘটনা হিসেবে দেখা হয় না, বরং এটি মানুষের জন্য এক মহান পরীক্ষা। ছবি: এআই দিয়ে তৈরি

প্রাকৃতিক দুর্যোগে দুর্গত ও অসহায়দের সাহায্য-সহযোগিতা একদিকে শ্রেষ্ঠতম ইবাদত; অন্যদিকে ঈমানি দায়িত্ব। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প প্রভৃতি আসমানি বালা-মুসিবতের হাতে মানুষ অসহায়। কয়েক ঘণ্টার ঝড় বা কয়েক সেকেন্ডের ভূমিকম্প পুরো জনপদকেই ধ্বংসাবশেষে পরিণত করতে পারে। যারা এই দুরবস্থার শিকার হন, তাদের পাশে দাঁড়ানো শুধু এবাদত নয়, ঈমানি দায়িত্ব বটে। 

দুর্যোগে অসংখ্য মানুষ স্বজন হারিয়ে, মালামাল হারিয়ে, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়। কেউবা আঘাতপ্রাপ্ত কিংবা চরম অসুস্থ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে অন্যদের কর্তব্য হলোÑ তাদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসা। মানুষ হিসেবে এটি দায়িত্ব ও কর্তব্য। মুসলমান হিসেবে এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ।

ইসলামে দুর্যোগকে কেবল একটি ভৌগোলিক ঘটনা হিসেবে দেখা হয় না, বরং এটি মানুষের জন্য এক মহান পরীক্ষা। এতে দুর্গতদের যেমন ধৈর্য ও ঈমানের পরীক্ষা করা হয়, অন্যদিকে যারা দুর্যোগে পতিত হয় না, তাদেরও পরীক্ষা নেওয়া হয়। পবিত্র কুরআনে মহান আল্লাহ এরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা; আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।’ (সূরা আল-বাকারা : ১৫৫)। দুর্যোগের এই কঠিন মুহূর্তে ধৈর্যের পাশাপাশি মানুষের প্রথম দায়িত্ব হলো আল্লাহর কাছে নিজেদের অক্ষমতা স্বীকার করে তওবা ও ইস্তেগফারের মাধ্যমে আত্মসমর্পণ করা এবং একই সঙ্গে আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়া।

ইসলামের মূল শিক্ষাই হলো, সৃষ্টির সেবা করার মাধ্যমেই স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন।’ (সুনানে তিরমিজি)। এই হাদিস স্পষ্ট করে যে, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘব করলে তা আমাদের ওপর আল্লাহর বিশেষ রহমত ও অনুগ্রহ টেনে আনে। একইভাবে অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের একটি দেহের সঙ্গে তুলনা করে বলেছেন, দেহের একটি অঙ্গ ব্যথিত হলে যেমন পুরো শরীর কষ্ট পায়, তেমনি দেশের যেকোনো প্রান্তের মানুষ দুর্যোগে কাঁদলে অন্য প্রান্তের মানুষের হৃদয়ও ব্যথিত হওয়া এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ঈমানের দাবি।

দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কাজে অংশ নেওয়া যুবসমাজের জন্য এক পরম সৌভাগ্য ও পরকালীন মুক্তির পথ। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের একটি কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন।’ এই অমোঘ বাণী তরুণদের মানবতার কল্যাণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে দারুণভাবে উদ্বুদ্ধ করে। সবচেয়ে সুন্দর বিষয় হলো, ইসলামে সেবার ক্ষেত্রে ধর্মীয় বা সামাজিক বাছবিচার করার কোনো সুযোগ নেই। ক্ষুধার্ত ও বিপদগ্রস্ত মানুষটি যে ধর্মেরই হোক না কেন, তাকে সাহায্য করা প্রতিটি মুসলিমের সর্বজনীন মানবিক দায়িত্ব।

পবিত্র কুরআনের সূরা আল-মায়েদার ২ নম্বর আয়াতে সৎ ও কল্যাণমূলক কাজে একে অপরকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগের পর বিধ্বস্ত এলাকায় রাস্তাঘাট মেরামত, বাসস্থান নির্মাণ বা চিকিৎসাসেবা দেওয়া কেবল সমাজসেবা নয়, এটি একটি বড় ইবাদত। মহান আল্লাহ সূরা বাকারায় দান-সদকার প্রতিদান বহুগুণ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন। দুর্যোগের সময় সামর্থ্য অনুযায়ী দেওয়া সামান্য একটি খাবারের প্যাকেট, পরিধেয় বস্ত্র বা এক ফোঁটা বিশুদ্ধ পানিও আল্লাহতায়ালার দরবারে পাহাড়সম মর্যাদার কারণ হতে পারে। তাই আসুন, দুর্যোগকে কেবল ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে বৈজ্ঞানিক জ্ঞান, সতর্কতা এবং কার্যকর প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহর সন্তুষ্টির আশায় দুর্যোগের সময়ে তওবা ও দোয়া-প্রার্থনার পাশাপাশি আমাদের সামর্থ্যের মধ্য দিয়ে বিপন্ন মানবতার পাশে দাঁড়াই।


লেখক: ইমাম ও খতিব, বনানী মসজিদ আত্-তাকওয়া

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা