নিরঞ্জন রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ইউরোপীয় ইউনিয়ন সামাজিক মাধ্যম ‘ফেসবুক’-এর বিরুদ্ধে এক তদন্ত শুরু করেছে। কারণ কোম্পানিটির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণের উদ্দেশ্যে। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি, মেটা প্লাটফর্মের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে এই মাধ্যম ব্যবহারে আসক্ত করার যে কৌশল রাখা হয়েছে, সেটি বন্ধ করতে মেটা প্লাটফর্ম পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি। ইউরোপিয়ান কমিশন এক সংসদীয় প্রতিবেদন উপস্থাপন করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে মেটা কমিশন প্রণীত ডিজিটাল সার্ভিস অ্যাক্ট লঙ্ঘন করেছে। বিশ্বে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে যতগুলো আইন আছে, তার মধ্যে সবচেয়ে অন্যতম কঠোর আইন হচ্ছে ইউরোপের ডিজিটাল সার্ভিস অ্যাক্ট। এই আইন অনুযায়ী সামাজিক মাধ্যম কোম্পানির দায়িত্ব হচ্ছে এই মাধ্যম ব্যবহারের ঝুঁকির বিষয়গুলো যথাযথভাবে নিরূপণ করা এবং তা লাঘবে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা। ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ আছে যে এই মাধ্যম ব্যবহারে অতিমাত্রায় উদ্বুদ্ধ করার কিছু কৌশল রাখা হয়েছে, যা মানুষকে সামাজিক মাধ্যম ব্যবহারে আসক্ত করে। এই আসক্তি মানুষের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ ঘটায়। মেটা প্লাটফর্মের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আনীত অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে এই কোম্পানিকে অর্জিত মোট রেভিনিউয়ের ৬% পর্যন্ত আর্থিক জরিমানা গুনতে হবে।
মেটা অবশ্য স্বাভাবিকভাবেই ইউরোপীয় ইউনিয়নের এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে আসক্তির ঝুঁকি লাঘবে তাদের গৃহীত সকল পদক্ষেপ ইউরোপিয়ান ইউনিয়নের উপস্থাপিত প্রতিবেদন বিবেচনায় নেয়নি। মেটা অবশ্য ইউরোপীয় ইউনিয়নের সাথে একাত্মতা প্রকাশ করে উল্লেখ করেছে যে তাদের কোম্পানি কিশোর ছেলেমেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সহায়ক বৃদ্ধির ব্যাপারে তাদের কোম্পানি বদ্ধপরিকর। মেটা যতই অভিযোগ অস্বীকার করুক এবং যতই কিশোরদের শারীরিক ও মানসিক নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হোক না কেন, বাস্তবতা হচ্ছে তাদের সামাজিক মাধ্যম, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আসক্তির কৌশল এমনভাবে স্থাপন করা আছে, যা মানুষকে ঘণ্টার পর ঘণ্টা এই মাধ্যম ব্যবহারে নিমগ্ন রাখতে সক্ষম।
ফেসবুক বা মেটা প্লাটফর্মের বিরুদ্ধে এ রকম অভিযোগ যে শুধু ইউরোপীয় ইউনিয়ন একা এনেছে তেমন নয়। খোদ আমেরিকায় এরকম অভিযোগের অন্ত নেই। এই ধরনের অভিযোগ এনে অনেক সামাজিক মাধ্যম কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের আদালতে হাজার হাজার মামলা দায়ের করা হয়েছে, যা এখনও বিচারাধীন অবস্থায় আছে। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ার আদালত মেটা প্লাটফর্মের, ফেসবুক এবং গুগলের, ইউটিউবের বিরুদ্ধে কোমলমতি ছেলেমেয়ে এবং কিশোরদের এসব মাধ্যম ব্যবহারের বিপজ্জনক ঝুঁকি বন্ধে অবহেলার অভিযোগের প্রমাণ পায়। নিউ মেক্সিকোর আদালতে দায়ের করা একই ধরনের অন্য একটি মামলায় যুবক-যুবতীদের অনলাইন আসক্তির বিপদ থেকে রক্ষার ক্ষেত্রে মেটা প্লাটফর্মের অবহেলার প্রমাণ পায়। মেটা এবং গুগল নিম্ন আদালতের এসব রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছিল। কানাডার সাথে ফেসবুকের এক সমস্যা আছে এবং এ কারণে ফেসবুকের বিরুদ্ধে এখানকার নিয়ন্ত্রক সংস্থার কিছু বিধিনিষেধ আছে। ফলে কানাডায় ফেসবুকের অনেক পোস্ট দেখা যায় না এবং এখানে অনেক কিছু শেয়ার করাও যায় না। এই সমস্যা বেশ কয়েক বছর ধরে চললেও এটি সমাধানের কোনো রকম উদ্যোগ ফেসবুকের তরফ থেকে দেখানো হয়েছে বলে আমরা শুনিনি।
ফেসবুকের বিরুদ্ধে এরকম অভিযোগের অন্ত নেই। এই সামাজিক মাধ্যম যত না ভালো করেছে, তার চেয়ে অনেক বেশি খারাপ করেছে। এটা ফেসবুক ব্যবহারকারীরা যেমন জানে, তেমনি ফেসবুকও ভালো করেই জানে। এখন প্রশ্ন হচ্ছে বিষয়গুলো জানা সত্ত্বেও ফেসবুক কেন ব্যবস্থা গ্রহণ করছে না। এর কারণ হচ্ছে ফেসবুক এখন উন্নত বিশ্বে আর প্রথম সারির সামাজিক মাধ্যম নেই। আমেরিকা, ইউরোপ এবং আরও অনেক দেশের মানুষ এখন আর সেভাবে ফেসবুক ব্যবহার করে না। আমাদের মতো নব্য কানাডিয়ান বা আমেরিকানারাই সারাক্ষণ ফেসবুকে মেতে থাকি। এখন ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে ফেসবুক উন্মাদনা সৃষ্টির এক ভয়ানক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। আর আমাদের মতো যারা পরিচিতি সংকটে থাকি, তারাই নিজের ঢোল নিজে পেটানোর মাধ্যম হিসেবে ফেসবুক ব্যাপক হারে ব্যবহার করে থাকি। নিজেরা কি নাশতা করল, ছেলেমেয়েরা কোন পরীক্ষায় কী সফলতা পেল, এরকম হেন প্রাত্যহিক ঘটনা নেই, যা মানুষ ফেসবুকে শেয়ার করে না। লাগামহীনভাবে সবকিছু ফেসবুকে পোস্ট করতে গিয়ে অনেক সময় গোপনীয় বা একান্ত ব্যক্তিগত বিষয়ও অনেকে পোস্ট করে বসে। আবার অনেক দম্পতির নিত্য কলহ আড়াল করে মধুর সম্পর্ক দেখানোর এক চমৎকার মাধ্যম হচ্ছে এই ফেসবুক। অনেক বিগত যৌবনাদের একসময়ের প্রেমিক-প্রেমিকা খুঁজে পাওয়ায় অসাধারণ এক মাধ্যমও এই ফেসবুক। এসব বিষয় ফেসবুক কর্তৃপক্ষও বেশ ভালো ভাবেই জানে। তাই তো তারা আর এই মাধ্যমের মান উন্নয়নে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে না। অবস্থা এমন যে যথেষ্ট হয়েছে। আর নয়। এখান থেকে এমনিতেই যা উপার্জন হয়, সেটাই যথেষ্ট। এখন মেটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ব্যস্ত এবং এই খাতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করে চলেছে।
যা হোক যদিও মেটা সবসময় দাবি করে আসছে যে তারা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু তারপরও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা বলছে অন্য কথা। তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ফেসবুক এবং ইনস্ট্রাগ্রামে আসক্ত করার মতো পর্যাপ্ত কৌশল আছে এবং এগুলোর ঝুঁকি লাঘবের জন্য সেরকম উল্লেখযোগ্য ব্যবস্থা মেটা প্লাটফর্ম গ্রহণ করেনি। উদাহরণ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা কিছু দৃষ্টান্ত উল্লেখ করেছে। যেমনÑ এসব মাধ্যম ব্যবহারের সময় সীমিত বা নির্ধারিত করার যে সুযোগ আছে, তা খুব সহজেই বাতিল করা যায়। আবার অভিভাবক নিয়ন্ত্রণ সুযোগ, যার মাধ্যমে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের সামাজিক মাধ্যম ব্যবহার, পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যবস্থাটি বেশ জটিল এবং কষ্টসাধ্য। ফলে এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কোনো কাজেই আসে না।
যে ডিজিটাল সার্ভিস অ্যাক্টের অধীনে ইউরোপীয় ইউনিয়ন মেটা প্লাটফর্মের বিরুদ্ধে অভিযোগ এনে তা তদন্ত শুরু করেছে, সেই আইন প্রণয়ন করা হয়েছিল ২০২২ সালে ফেসবুকের মিথ্যা তথ্য পরিবেশন এবং অপপ্রচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই আইনে এমন বিধান রাখা হয়েছিল যে ফেসবুক যদি কোনো মিথ্যা, বানোয়াট, অসত্য বা ভুয়া তথ্য পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে তা সরিয়ে না ফেলে, তাহলে তাকে প্রতি ভুয়া পোস্টের জন্য পাঁচ লাখ ইউরো জরিমানা গুনতে হবে। এরপর ফেসবুক ইউরোপীয় ইউনিয়নের দিকে বিশেষ গুরুত্ব আরোপ করে এবং অসত্য ও ভুয়া বা ফেক পোস্ট বন্ধে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করে। এর পর থেকে ইউরোপে ফেসবুকে অসত্য এবং ভুয়া বা ফেক পোস্টের কথা শোনা যায়নি এবং ফেসবুকও যে ব্যাপক জরিমানা গুনেছে, সেরকম কথা শোনা যায়নি। এতদিন পরে এসে একই আইনের অধীনে ফেসবুকের বিরুদ্ধে ভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে। তদন্ত শেষে কী হবে, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে যারা প্রতিনিয়ত ফেসবুক এবং ইনস্ট্রাগ্রাম ব্যবহার করেন, তারা খুব ভালো করেই জানেন এবং বুঝতে পারেন যে এই সামাজিক মাধ্যমে কী মাত্রার আসক্তির কৌশল দেওয়া আছে, যা মানুষকে মাদকাসক্তির চেয়ে ভয়াবহ এক নেশায় আসক্ত করে তুলছে। যে আসক্তির বিষয়গুলো আমাদের মতো সাধারণ মানুষ বুঝতে পারে, সেগুলো যে উচ্চ মাত্রার তদন্তে প্রমাণিত হবে, তা খুব সহজেই অনুমেয়। আর যদি ইউরোপীয় ইউনিয়নের তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ফেসবুককে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে।
লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা