× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিন্দাবাদ-নিন্দাবাদ দুই ভাই

সাঈদ বারী

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১১:৪৬ এএম

সাঈদ বারী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সাঈদ বারী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটা ছোট ভিডিও ক্লিপ রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা তুলেছে। ভিডিওতে দেখা যায়, এক মন্ত্রী বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর একটা উক্তি তুলে ধরে তার প্রশংসা করতে শুরু করেন। কিন্তু হঠাৎই দৃশ্যপট বদলে যায়। প্রধানমন্ত্রী মাঝপথেই তাকে থামিয়ে দেন। মুখে তখন স্পষ্ট বিরক্তির ছাপ। এরপর একটু আক্ষেপের সুরে বলেন, ‘... আর কোনো প্রসঙ্গ নেই এখানে বলার? ওটা তো উচিত হয়নি বলা বোধহয়… নো, নো, আপনি অন্য প্রসঙ্গে যান!’

মাত্র কয়েক সেকেন্ডের এই ঘটনাটা অনেক লম্বা বক্তৃতার চেয়েও বেশি কিছু বলে। কারণ এটা শুধু ক্ষমতার ব্যাপার নয়, নেতৃত্বের ধরন নিয়েও একটা ইঙ্গিত দেয়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতা আর প্রশংসা অনেক সময় যেন একসঙ্গেই চলে। রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে ঘিরে বাড়তি প্রশংসা, আবেগী শব্দ আর ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক ভাষা এ অঞ্চলে খুবই পরিচিত। অনেক সময় এসব প্রশংসা শুধু মেনে নেওয়াই হয় না, বরং নীরবে উৎসাহও পায়। ধীরে ধীরে এটা এমন এক সংস্কৃতিতে পরিণত হয়, যেখানে প্রতিষ্ঠানকে ছাপিয়ে ব্যক্তি বড় হয়ে ওঠেন, আর আনুগত্যের ভাষা যুক্তির ভাষাকে ঢেকে ফেলে বাংলাদেশও অনেক দিন এই বাস্তবতার বাইরে ছিল না। বিশেষ করে দিল্লিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তার মন্ত্রী, সংসদ সদস্য আর দলীয় নেতাদের অনেক বক্তব্যেই অতিরিক্ত প্রশংসা, স্তুতি আর ব্যক্তিকেন্দ্রিক ভাষার উপস্থিতি দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বহুবার এই সংস্কৃতির সমালোচনা করেছেন। কারণ ব্যক্তিপূজা যত বাড়ে, সমালোচনার জায়গা তত ছোট হয়ে আসে। তখন ক্ষমতার চারপাশে এমন একটা পরিবেশ তৈরি হয়, যেখানে সত্যকথা বলার চেয়ে প্রশংসা করাই বেশি নিরাপদ মনে হয়। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক ভিডিওটি আলাদা একটি বার্তা দেয়। মন্ত্রী যখন প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তাকে প্রশংসার জোয়ারে ভাসাতে চাইলেন, তখন তিনি সেটা গ্রহণ না করে উল্টো আপত্তি জানালেন। তার প্রতিক্রিয়ায় যেন পরিষ্কার হয়ে গেল, তিনি চান না তার কোনো বক্তব্য ব্যক্তিগত বন্দনার উপকরণ হয়ে উঠুক। বরং সেই বক্তব্যের আসল উদ্দেশ্যটাই যেন ঠিক থাকে।

এখানেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের একটা আলাদা দিক চোখে পড়ে। অন্তত এই ঘটনাটা ইঙ্গিত দেয়, তিনি প্রশংসার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিতে চান। একজন নেতার সাফল্য কতবার তার নাম উচ্চারিত হলো, সেটা দিয়ে মাপা যায় না; বরং তার নীতি আর সিদ্ধান্ত মানুষের জীবনে কতটা ভালো প্রভাব ফেলল, সেটাই আসল। তার প্রতিক্রিয়ায় সেই ভাবনাটাই ফুটে উঠেছে বলে মনে হয়।

ক্ষমতার শীর্ষে থাকলে চারপাশে প্রশংসাকারীর অভাব হয় না। বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই বৃত্ত আরও বড় হয়। এমন পরিবেশে সংযম ধরে রাখা সহজ নয়। প্রকাশ্য মঞ্চে নিজের প্রশংসা থামিয়ে দেওয়া তো আরও কঠিন। কারণ বেশিরভাগ মানুষ করতালি উপভোগ করেন; সবাই করতালি থামাতে পারেন না। 

অনেকে মনে করেন, মানুষের কিছু গুণ পারিবারিক শিক্ষা আর রাজনৈতিক পরিবেশ থেকে তৈরি হয়। সেই দিক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আচরণ তার পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের কথাও মনে করিয়ে দেয়। তার বাবা জিয়াউর রহমান আর মা খালেদা জিয়া সম্পর্কে দেশের মানুষ প্রায়ই বলেন, তারা ব্যক্তিগত সরলতা আর সংযমকে গুরুত্ব দিতেন। এই মূল্যবোধের কিছু ছাপ তার নেতৃত্বেও দেখা যাচ্ছে বলে অনেকে মনে করেন। 

একজন রাষ্ট্রনায়কের আসল শক্তি তার চারপাশে কতজন প্রশংসাকারী আছে, সেটা দিয়ে মাপা যায় না। বরং তিনি প্রশংসা, সমালোচনা আর ক্ষমতার প্রলোভনের প্রতি কীভাবে সাড়া দেন, সেটাই তার নেতৃত্বের গভীরতা বোঝায়। যে নেতা নিজের ব্যক্তিগত গৌরবের চেয়ে প্রতিষ্ঠানের মর্যাদাকে বড় করে দেখেন, তিনি গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করেন। অবশ্য একটি ভিডিও ক্লিপ দেখে কোনো নেতার পুরো রাজনৈতিক চরিত্র বিচার করা ঠিক নয়। নেতৃত্বের আসল মূল্যায়ন হয় তার নীতি, সিদ্ধান্ত, জবাবদিহি, সুশাসন আর জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনার ক্ষমতার ভিত্তিতে। তবু জনজীবনে প্রতীকী মুহূর্তেরও গুরুত্ব আছে। কখনও কখনও কয়েকটি বাক্যই অনেক লম্বা রাজনৈতিক ভাষণের চেয়ে বেশি কথা বলে।

রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যেসব নেতা নিজেদের চারপাশে অতিরিক্ত প্রশংসার বলয় তৈরি হতে দিয়েছেন, তাদের অনেকেই একসময় বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কারণ প্রশংসা যদি সমালোচনার জায়গা দখল করে নেয়, তাহলে ভুল সিদ্ধান্ত সংশোধনের সুযোগও কমে যায়। ক্ষমতার সবচেয়ে বড় শক্তি তাই অনুগত মানুষের সংখ্যা নয়; বরং এমন মানুষ থাকা, যারা প্রয়োজন হলে দ্বিমত পোষণ করতে পারেন এবং নির্ভয়ে সত্য কথা বলতে পারেন। একজন বিচক্ষণ নেতা সেই পরিবেশকে নিরুৎসাহিত করেন না, বরং উৎসাহিত করেন।

বিশ্ব রাজনীতিতেও সংযমী নেতৃত্বের বহু উদাহরণ রয়েছে। দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রক্ষমতায় এসেও ব্যক্তিগত প্রতিশোধের পরিবর্তে জাতীয় পুনর্মিলনকে অগ্রাধিকার দিয়েছিলেন। জার্মানির অ্যাঙ্গেলা মের্কেল দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও ব্যক্তিগত প্রচারের চেয়ে নীতি, তথ্য এবং দায়িত্বশীল সিদ্ধান্তের জন্য বেশি পরিচিত ছিলেন। উরুগুয়ের সাবেক রাষ্ট্রপতি জোসে মুজিকা রাষ্ট্রীয় আড়ম্বরের পরিবর্তে সাধারণ জীবনযাপনকে বেছে নিয়ে দেখিয়েছিলেন, নেতৃত্বের মর্যাদা বিলাসিতা বা ব্যক্তিগত বন্দনায় নয়, বরং সততা, সংযম ও জনকল্যাণে নিহিত। রাজনৈতিক বাস্তবতা, আদর্শ ও দর্শনে এসব নেতার মধ্যে বিস্তর পার্থক্য থাকলেও একটি জায়গায় তাদের মিল রয়েছে। তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ব্যক্তি নয়, দায়িত্ব ও প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন।

গণতন্ত্রে একজন নেতার জনপ্রিয়তা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, তিনি তার জনপ্রিয়তাকে কীভাবে ব্যবহার করছেন। সেটি কি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য, নাকি নিজের ব্যক্তিগত ভাবমূর্তি নির্মাণের জন্য? ইতিহাস বলে, ব্যক্তির জনপ্রিয়তা একদিন কমে যেতে পারে, কিন্তু শক্তিশালী প্রতিষ্ঠান টিকে থাকে বহু প্রজন্ম। তাই রাষ্ট্র পরিচালনায় যেসব আচরণ ব্যক্তি থেকে দৃষ্টি সরিয়ে নীতি, দায়িত্ব ও প্রতিষ্ঠানের দিকে নিয়ে যায়, সেগুলো কেবল তাৎক্ষণিক প্রশংসার নয়, দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কৃতিরও অংশ হয়ে ওঠে।

সাম্প্রতিক ভিডিওটি তেমনই একটি মুহূর্ত। এটা মনে করিয়ে দেয়, ব্যক্তিপূজার রাজনীতি থেকে কাজভিত্তিক রাজনীতির দিকে যাওয়া শুধু নীতিমালায় নয়, নেতার দৈনন্দিন আচরণেও দেখা যেতে হবে। একজন প্রধানমন্ত্রী যদি প্রকাশ্য মঞ্চেই নিজের প্রশংসা নিরুৎসাহিত করেন, তাহলে সেটা তার সহকর্মীদের কাছেও একটা বার্তা দেয় যে, ব্যক্তির বন্দনার চেয়ে রাষ্ট্রের কাজই বড়।

বাংলাদেশের রাজনীতিকে নতুন একটি রাজনৈতিক সংস্কৃতির দিকে এগিয়ে নিতে শীর্ষ নেতৃত্বের এ ঔদার্যকে যেমন সম্মান জানাতে হবে, তেমনি প্রয়োজনে তার সমালোচনা করার সাহসও অর্জন করতে হবে। নেতাকে ভয় নয়, সম্মান করতে হবে। আর নেতাকে সমালোচনা হজম করার শক্তি অর্জন করতে হবে। মনে রাখতে হবে, ‘জিন্দাবাদ’ আর ‘নিন্দাবাদ’ দুই ভাই। তাদের অবস্থান একটি আরেকটির পিঠে। জিন্দাবাদে হর্ষোৎফুল্ল হতে যেমন বাধা নেই, তেমনি নিন্দাবাদের কুইনাইনও চোখ বুজে গেলার অভ্যাস রপ্ত করতে হবে। কারণ কুইনাইন তেতো হলেও তা জ্বর সারাতে যেমন মোক্ষম ওষুধ, তেমনি গঠনমূলক সমালোচনাও একজন রাজনীতিকের ভ্রান্তিজ্বর দূর করতে পারে। 


লেখক: প্রকাশক ও কলাম লেখক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা