ড. এস এম জাহাঙ্গীর আলম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
টানা কয়েক দিনের বৃষ্টিতে চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলো এখন ভয়াবহ বন্যাক্রান্ত। লাখ লাখ মানুষ বন্যাকবলিত। বাড়িঘর, রাস্তাঘাট,বাজার সর্বত্রই পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে মারাত্মক দুর্যোগ।
এর আগে ২০২৪ সালে ভারতের ত্রিপুরার গোমতী নদীর উজানে অবস্থিত ডুম্বুর বাঁধ এবং তিস্তা নদীর বাঁধ খোলার কারণে বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। যা জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে। বাংলাদেশে বন্যা সাধারণত বেশ কয়েকটি কারণে হয়ে থাকে। এর মধ্যে প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণগুলো বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। প্রাকৃতিক কারণসমূহের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছেÑ নদীর গভীরতা আশঙ্কাজনকভাবে কমে যাওয়া। বাংলাদেশের বেশিরভাগ নদ-নদী পলি ও বালি জমে জমে ভরাট হয়ে গেছে। ফলে এই সমস্ত নদীর গভীরতা কম থাকার কারণে সারা বছর নাব্য থাকে না বললেই চলে। এ কারণে নদীগুলোর গতিপথ অনেকটাই মরা খালের মতো হয়ে যায়। কিন্তু বর্ষাকালে এটা ভয়ংকর রূপ ধারণ করে। কেননা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে জমানো পানি-রাশি নদীগুলো ধারণ করতে পারে না। তখন দুই কূল উপচে পড়ে চারদিক ভাসিয়ে দেয়। বর্ষা মৌসুমে নদীগুলোর পানি ধারণক্ষমতার বাইরে চলে গেলে নদীর দুই পাশ দিয়ে পানি উপচে পড়ে এবং আশপাশের এলাকা প্লাবিত হয়।
বন্যা হওয়ার জন্য অতি বৃষ্টিপাত একটি বড় কারণ। বাংলাদেশের নদ-নদীগুলোর উৎপত্তিস্থল বেশিরভাগ ক্ষেত্রেই ভারত, নেপাল, ভুটান ও ক্ষেত্র বিশেষে চীন। এই সমস্ত নদ-নদীর অববাহিকা বিশাল অঞ্চলজুড়ে অবস্থিত। এই অঞ্চলসমূহে যখন প্রবল বৃষ্টিপাত হয় তখন নদীতে যে পরিমাণ পানি নেমে আসে সেই পানি নদীর পক্ষে ধারণ করা সম্ভব হয় না। ফলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় পানির চাপ পড়ে এবং অকস্মাৎ বন্যা দেখা দেয়। বিশেষ করে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পায়। পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের ফলে বন্যার ঝুঁকি আরও বাড়ে। পাহাড়ের বরফগলা পানিও বন্যার একটি অন্যতম কারণ। হিমালয়ের বরফ গলে পানি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের মাধ্যমে বাংলাদেশে প্রবাহিত হয়ে বন্যার সৃষ্টি করে।
বাংলাদেশে মাত্রাতিরিক্ত বনভূমির নিধন হয়ে থাকে প্রতিবছর। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ও অন্যান্য এলাকায় বনভূমি কেটে বসতি স্থাপন ও কৃষিকাজের ফলে ভূমির পানি ধারণক্ষমতা অনেক কমে যায়। এতে মাটির ক্ষয় বৃদ্ধি পায় এবং বৃষ্টির পানি দ্রুত নিচে নেমে আসে, যা বন্যার প্রকোপ বাড়ায়। নদী ভরাট হওয়া বন্যার একটি কারণ। দেশের নদ-নদীর তলদেশে পলি ও বালি জমে জমে নদীগুলোর গভীরতা কমে যাচ্ছে, যা পানি ধারণক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই নদীর পানি উপচে পড়ে এবং বন্যা দেখা দেয়। এ ছাড়া বাঁধ ও সেচ প্রকল্পের অব্যবস্থাপনা অকাল বন্যা হওয়ার একটি কারণ। নদীতে বাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিক পানিপ্রবাহ ব্যাহত হয়। এতে বন্যার ঝুঁকি বৃদ্ধি পায় এবং নিকটবর্তী এলাকার জনগণের জীবনযাত্রা বিপর্যস্ত হয়।
বন্যার সমস্যা
বন্যা বাংলাদেশের মানুষের জন্য অনেক সমস্যা সৃষ্টি করে। এসব সমস্যা পরিবেশগত, স্বাস্থ্যগত, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে গভীরভাবে প্রভাব ফেলে।
আর্থ-সামাজিক সমস্যা
বন্যার কারণে ফসলি জমি প্লাবিত হয়ে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে দেশের কৃষকরা তাদের জীবিকা হারায়। বিশেষ করে ধান, পাট ও অন্যান্য খাদ্যশস্যের ক্ষতি হওয়ায় খাদ্য সংকট দেখা দেয়। এছাড়া গবাদিপশুর মৃত্যু ও আশ্রয়হীনতার সমস্যাও দেখা দেয়। এ ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি দীর্ঘমেয়াদি হয়ে থাকে। পুকুরে মাছ চাষ করে অনেক মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হয়ে থাকে। অনেকের এটাই একমাত্র পেশা হিসেবে দেখা যায়। কিন্তু বন্যার কারণে অল্প সময়ের মধ্যেই তাদের সকল চাষকৃত মাছ বন্যার জলে ভেসে যায়। এবার ২০২৪-এর বন্যায় শত শত কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে বলে সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি।
মানুষের দুর্ভোগ
বন্যার কারণে গ্রামের বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। তাদের অনেকে আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হয়। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে। ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ ও হেপাটাইটিসসহ পানিবাহিত রোগগুলোর প্রকোপ বৃদ্ধি পায় এ সময়।
বন্যায় রাস্তাঘাট প্লাবিত হয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে জরুরি সেবা পৌঁছানো এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে যথেষ্ট সমস্যা হয়। বন্যার ফলে মাটির উর্বরতা একদিকে বৃদ্ধি পায় ঠিকই। তবে একই সঙ্গে ভূমির ক্ষয় ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য নদীর পানির সঙ্গে মিশে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বন্যার পর প্লাবিত এলাকায় মাটির গুণগত মান কমে যায়, যা পরবর্তী সময়ে কৃষিকাজে বাধা সৃষ্টি করে।
বন্যা প্রতিরোধের জন্য কিছু প্রাকৃতিক ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যদিও সম্পূর্ণভাবে বন্যা রোধ করা সম্ভব নয়। তবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যেতে পারে। নদী ব্যবস্থাপনা ও পলি অপসারণ করে নদীর নাব্য ফিরিয়ে আনা সম্ভব অনেকটা। নদীগুলোর নিয়মিত ড্রেজিং বা পলি অপসারণের মাধ্যমে পানিপ্রবাহের সঠিক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এতে নদীর গভীরতা বজায় থাকবে এবং অতিরিক্ত পানি সহজেই প্রবাহিত হতে পারবে। দেশের আনাচে-কানাচে অসংখ্য খাল এবং নালা বন্ধ করে দেওয়া হয়েছে। একসময় এই খাল ও নালাগুলোর ওপরে কাঠের সেতু কিংবা পাকা সেতু ছিল। এ সমস্ত নালা বন্ধ হয়ে যাওয়াতে অঞ্চলভিত্তিক পানি সরে বড় নদীতে পড়তে বাধাপ্রাপ্ত হচ্ছে। এছাড়া অসংখ্য খাল ও খালের পাড় দখল করে মানুষ সেখানে বাণিজ্যকেন্দ্র কিংবা বসতি স্থাপন করেছে। এদের কাছ থেকে খাল উদ্ধার করে সঠিকভাবে খনন করে যদি পানিপ্রবাহ তৈরি করা যায় তাহলে বন্যার বিপরীতে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
নদীগুলোর আশপাশে পরিকল্পিত বাঁধ নির্মাণ ও সেচব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে বন্যার ক্ষতি কমানো সম্ভব। তবে এতে প্রকৃতির স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। উঁচু জায়গাগুলোতে বনায়ন কর্মসূচি বাড়াতে হবে। বন্যারোধে পার্বত্য ও নদী অববাহিকায় বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া উচিত। এতে মাটির ক্ষয়রোধ হবে এবং পানি ধারণ ক্ষমতা বাড়বে। এভাবে বন্যার ঝুঁকি হ্রাস করা সম্ভব।
বন্যার পূর্বাভাস দেওয়ার জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার জরুরি। আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে বন্যার আগে সতর্কবার্তা প্রদান করা গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বন্যার সম্ভাবনা দেখা দেওয়ার আগেই সাধারণ মানুষকে সচেতনতামূলক বিভিন্ন কাজও করতে হবে। যদিও বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যেও কিছু সম্ভাবনা রয়েছে যা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উন্নয়নে কাজে লাগানো যেতে পারে।
প্রাকৃতিক বন্যায় কিছু কিছু ভালো দিকও আছে, আর তাহলো মাটির উর্বরতা বৃদ্ধি পায় বন্যার সময় পানি বৃদ্ধি হওয়ার ফলে। বন্যার ফলে নদীগুলোর মাধ্যমে প্লাবিত জমিতে পলি জমা হয়, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে। ফলে বন্যার পর ফসল ফলানোর জন্য জমি বেশি উপযোগী হয়ে ওঠে। বিশেষ করে রবিশস্য উৎপাদনে এটি অত্যন্ত সহায়ক।
লেখক: ড. এস এম জাহাঙ্গীর আলম (সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন)