তুয়াইলে শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএমএইচ)। ছবি: সংগৃহীত
রাজধানীর মাতুয়াইলে শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএমএইচ) নিম্ন ও মধ্যম আয়ের মানুষের চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষায়িত চিকিৎসালয়। মা ও শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটে প্রতিদিন শত শত রোগীর আগমন ঘটে সুচিকিৎসা পাওয়ার আশায়।
বলা যায়, সুলভে সুচিকিৎসাপ্রাপ্তির অন্যতম একটি ভরসার জায়গা এ প্রতিষ্ঠানটি। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড় লেগে থাকে। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনীসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু সাম্প্রতিক সময়ে নানা অনিয়ম ঘিরে ধরেছে এই হাসপাতালটিকে। উদ্বেগের বিষয় হলো, আলোর নিচে অন্ধকারের মতো দীর্ঘদিন ধরে সিন্ডিকেট ও দালাল চক্রের দৌরাত্ম্যে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির সেবার পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়ে উঠলেও প্রতিকারের কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। চিকিৎসাসেবা যেখানে মানুষের মৌলিক অধিকার, সেখানে একশ্রেণির অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে সাধারণ মানুষ হয়রানি, আর্থিক শোষণ এবং অনিশ্চয়তার শিকার হচ্ছে। সবচেয়ে বড় কথা, চোখের সামনে চলমান এ দৌরাত্ম্য সত্ত্বেও কর্তৃপক্ষ যেন চোখ থাকতে অন্ধে পরিণত হয়ে বসে আছে। ফলে এ চিকিৎসাকেন্দ্রটি ঘিরে গড়ে ওঠা দুর্বৃত্ত চক্র এখন অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে।
অভিযোগ রয়েছে, হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে বহির্বিভাগ, পরীক্ষা-নিরীক্ষা এবং ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে দালাল চক্র সক্রিয় থাকে। অসহায় রোগী ও স্বজনদের ভুল তথ্য দিয়ে, ভয় দেখিয়ে কিংবা দ্রুত সেবা পাওয়ার প্রলোভন দেখিয়ে তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কিংবা নির্দিষ্ট চিকিৎসকের কাছে নিয়ে যায়। ফলে একদিকে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়, অন্যদিকে সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হয়। গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বহির্বিভাগের নির্ধারিত ২০ টাকার টিকিট ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রোগী ও স্বজনদের অভিযোগ, টিকিট কাউন্টারের কিছু কর্মচারী, কয়েকজন আয়া এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কতিপয় আনসার সদস্যের যোগসাজশে টিকিট বাণিজ্যের সিন্ডিকেটটি গড়ে উঠেছে। অতিরিক্ত অর্থে সহজেই টিকিট ও চিকিৎসকের সিরিয়াল মেলে বটে, তবে অনেক রোগী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সবচেয়ে বেশি অভিযোগ শিশু ও গাইনি বহির্বিভাগ নিয়ে। এখানে টাকা দিলে লাইনে দাঁড়াতে হয় না এবং দ্রুত চিকিৎসকের কক্ষে প্রবেশের সুযোগ মেলে। অন্যদিকে নিয়ম অনুসরণকারী রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। শুধু টিকিট নয়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অতিরিক্ত উপস্থিতিও রোগীসেবায় বিঘ্ন সৃষ্টি করছে। রোগী দেখার ব্যস্ত সময়েও প্রেসক্রিপশন সংগ্রহে তাদের তৎপরতায় রোগী ও স্বজনরা বিরক্ত হচ্ছে। শিশুদের টিকাদান কক্ষেও রয়েছে কার্যকর সিরিয়াল ব্যবস্থার অভাব। টিকিট বা ডিজিটাল কিউ ব্যবস্থা না থাকায় প্রায় প্রতিদিনই টিকা গ্রহণকে কেন্দ্র করে রোগীদের মধ্যে বচসার কথা শোনা যায়। হাসপাতালের প্রধান ফটক ও জরুরি বিভাগের সামনে সারাদিনই অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার যানজট লেগে থাকে। এতে গুরুতর রোগীদের দ্রুত হাসপাতালে প্রবেশে বিলম্ব হয়। ভুক্তভোগীরা বলছেন, দালাল চক্র সাধারণত একা কাজ করে না। এতে হাসপাতালের কিছু অসাধু কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তির নীরব সহযোগিতা রয়েছে।
স্বাস্থ্য খাতে দুর্নীতি ও দালাল চক্রের বিস্তার শুধু আর্থিক ক্ষতির বিষয় নয়; এটি জনস্বাস্থ্য ও মানবিক অধিকারের ওপরও সরাসরি আঘাত। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে চিকিৎসা বিলম্বিত হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তাই এই প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা দরকার। এ ক্ষেত্রে সমস্যার স্থায়ী সমাধানে কয়েকটি কার্যকর পদক্ষেপ জরুরি। হাসপাতালের প্রতিটি প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক নজরদারি জোরদার করতে সিসি ক্যামেরা বসাতে হবে। দালাল শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। হাসপাতালের তথ্যসেবা ও রোগী সহায়তা কেন্দ্রকে আরও কার্যকর করতে হবে, যাতে রোগীরা সহজেই সঠিক তথ্য পান। একই সঙ্গে অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য একটি স্বচ্ছ ও প্রযুক্তি-নির্ভর ব্যবস্থা গড়ে তুলতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিললে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় প্রয়োজন, পর্যাপ্ত জনবল ও অবকাঠামোগত সংকটগুলো দূর করা।
এ কথা সত্য যে, সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রতিটি বাজেটে বিপুল বরাদ্দ রাখছে। সেই বরাদ্দের সুফল তখনই সাধারণ মানুষ পাবে, যখন হাসপাতালগুলো সিন্ডিকেট, দালাল চক্র এবং অনিয়ম-দুর্নীতিমুক্ত থাকবে। সেই প্রেক্ষিতে আমরা বলতে চাই, মাতুয়াইলের শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটকে দালালমুক্ত ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা হোক। ইনস্টিটিউটটির ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেনÑ এইটাই প্রত্যাশা। মনে রাখা দরকার, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যেকোনো গাফিলতি বরদাস্তযোগ্য নয়।