প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৯:২৭ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১৯:৩৪ পিএম
মালিবাগে দেশ টিভির কার্যালয়ে দেশ টিভি অনলাইনের শুভসূচনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
পাঠক-দর্শকের আস্থা ধরে রাখতে দেশ টিভি অনলাইন সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক ও অনলাইন সম্পাদক আরিফ হাসান।
তিনি বলেন, দেশে অসংখ্য অনলাইন মিডিয়া এসেছে, আসছে। তবে দর্শকের আস্থা ধরে রাখতে পেরেছে খুব কম অনলাইনই। পাঠকের আস্থা ধরে রাখতে সদা চেষ্টা করে যাবে দেশ টিভি অনলাইন।
শনিবার (৪ নভেম্বর) মালিবাগে দেশ টিভির কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশ টিভি অনলাইনের শুভসূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চ্যানেলটির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা আফতাব অনলাইনের শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘খুব ভালো লাগল। দেশ টিভির উত্তরোত্তর উন্নতি হচ্ছে। আমাদের মোড়ক উন্মোচন হলো। ভিউয়ার্স বাড়ানোর ব্যাপারে কাজ হচ্ছে। আজকে আবার অনলাইনের সফট লঞ্চিং হলো। সেগুলো শুনতে ভালো লাগে, লোকজন প্রশংসা করে দেশ টিভির। সবারই ভালো লাগে, যারা কাজ করে তাদের তো আরও ভালো লাগে। তবে একা তো কিছু হয় না। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, ইনশাআল্লাহ দেশ টিভি এই সাফল্য ধরে রাখতে পারবে।’
দেশ টিভি ২০০৯ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আগে এটি মিশ্র (বিনোদন ও সংবাদ) চ্যানেল ছিল। তবে ২০২২ সালের অক্টোবরে এটি ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেলে পরিণত হয়।