প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ১৯:১০ পিএম
সাংবাদিক জুলহাস কবীর। প্রবা ফটো
বাংলাদেশকে তথ্যচিত্রের মাধ্যমে নতুন করে দর্শকের সামনে তুলে ধরতে ‘ইমপ্রেসিভ বাংলাদেশ’ ডকুমেন্টরি শো নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন সাংবাদিক জুলহাস কবীর। এটি উপস্থাপনা, গবেষণা ও পরিচালনা করেছেন তিনি নিজেই।
শনিবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠানটির ৩য় পর্ব প্রচারিত হবে টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে।
এবারের পর্বটি তৈরি করা হয়েছে ঢাকা-আরিচা-পাটুরিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনারোধ ও যানজট নিরসনে সড়ক ও জনপথ অধিদপ্তরের চলমান দুটি উন্নয়নে প্রকল্প নিয়ে। যেখানে প্রকল্প দুটির শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে।
সাংবাদিক জুলহাস কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এই অনুষ্ঠানটির মাধ্যমে দর্শকরা প্রকল্প সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন। প্রথম দুটি পর্ব তৈরি করা হয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প ও মেট্রোরেল প্রকল্প নিয়ে। পর্ব দুটিই দর্শকদের কাছে বেশ সাড়া পড়ে।
জুলহাস কবীর আরও বলেন, তৃতীয় টার্মিনালের উদ্বোধনের দিনটি মাথায় রেখে অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারের সিদ্ধান্ত নেই। আগামীতে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়ে তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সাংবাদিকতার পাশাপাশি এই অনুষ্ঠানটি নিয়মিত তৈরি করতে চাই। এ ছাড়া টেলিভিশনের জন্য ভ্রমণ বিষয়ক একটি ট্রাভেল শো তৈরিরও কাজ করছি। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণের ভ্রমণ গাইড হিসেবে কাজ করবে।
প্রতি শনিবার বিকাল ৪টায় চ্যানেল টুয়েন্টি ফোরে প্রচারিত হবে ‘ইমপ্রেসিভ বাংলাদেশ’।