প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৩ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৯ পিএম
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ওয়ার্ল্ড ভিশন মিডিয়া অ্যাওয়ার্ড নিচ্ছেন প্রতিদিনের বাংলাদেশের রিপোর্টার ফয়সাল খান। প্রবা ফটো
প্রতিদিনের বাংলাদেশের রিপোর্টার ফয়সাল খানসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘মিডিয়া কম্পিটিশন ২০২৩’ বিজয়ী হয়েছেন ছয় সাংবাদিক। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর লেকশোর হোটেল গুলশানের লা ভিটা ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের অর্থ পুরস্কার, সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (অপারেশন্স) চন্দন জেড গোমেজ, ফিল্ড অপারেশনের উপপরিচালক মঞ্জু মারিয়া পালমা, প্রকল্প সমন্বয়ক শেখ সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়া অন্যান্য সাংবাদিকরা হলেন দৈনিক প্রথম আলোর নাজনীন আকতার, এটিএন বাংলার মো. শরফুল আলম, দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদা পারভেজ ছন্দা, চ্যানেল আইয়ের জাকিয়া আকতার এবং চ্যানেলন টোয়েন্টিফোরের জিনিয়া কবির সূচনা।
গত ১৫ জুলাই ‘দখলমুক্ত মাঠেও খেলতে মানা’ শিরোনামে প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদনটির জন্য ফয়সাল খানকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।
বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা, নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী সালাউদ্দিন লাভলু ও যোগাযোগ বিশেষজ্ঞ শাহানা হুদা রঞ্জনা।