প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৫:৪৬ পিএম
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেন বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের নবনির্বাচিত কমিটির সদস্যরা। প্রবা ফটো
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির সদস্যরা।
সোমবার (২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ করেন তারা। এ সময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিএসআরএফের সদস্যদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, আপনাদের জন্য শুভকামনা। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, এখনও আছি। ভবিষ্যতে যে পরিস্থিতিতেই থাকি না কেন, সাংবাদিকদের সঙ্গে আমি থাকব।
তিনি বলেন, সচিবালয় বিট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিট। সরকারের সঙ্গে জনগণের যোগসূত্র ঘটিয়ে দেওয়ার জন্য আপনারা কাজ করেন। সরকারের কোনো ভুলত্রুটি থাকলে সেগুলোও আপনাদের মাধ্যমে অনেক সময় উঠে আসে। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিট। বিভিন্ন গণমাধ্যম থেকে যাদেরকে এই বিটে দায়িত্ব দেওয়া হয়,তারা মোটামুটি অভিজ্ঞ। সে হিসেবে এখানে যারা কাজ করছেন তারা অনেকের তূলনায় অনেক বেশি অভিজ্ঞ।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের অনেক সাফল্য আছে। সেই সাফল্যের কারণে দেশ আজকে বদলে গেছে। স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। খাদ্য ঘাটতির দেশ থেকে আমরা ধান-চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমাদের সবজি উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
সরকারের আরও নানা সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, এগুলো এমনি-এমনি হয়নি। সরকারের নানা পদক্ষেপ এবং নীতির কারণেই হয়েছে। পরিবর্তন কোনো যাদুর কারণে হয়নি। জননেত্রী শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণে হয়েছে। সরকার এসব ক্ষেত্রে যে সাফল্য দেখাতে সক্ষম হয়েছে, সেটি মানুষের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।