প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:২৬ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত
ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) গুলোকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অন্যথায় সংশ্লিষ্ট আইপি টিভির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (৩ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) এর ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী আইপি টিভিগুলো কোনোরকম সংবাদ প্রচার করতে পারবে না। লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো নিবন্ধিত বা অনিবন্ধিত আইপি টিভি এ নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে। এ পরিপ্রেক্ষিতে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) লঙ্ঘনকারী আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্ট আইপি টিভির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০২১ সালে ১৪টি আইপি টিভিকে অনুমোদন দিয়েছে সরকার। এর বাইরেও বর্তমানেও অনেকগুলো আইপি টিভি সংবাদ প্রচার করে আসছে।